আ.লীগকে নতুন নেতৃত্বের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘আওয়ামী লীগকে নতুন নেতৃত্বের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে জন্য প্রক্রিয়া শুরু করেছেন। জাহাঙ্গীর কবির নানককে পদোন্নতি দিয়ে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে। চারবারের সাংসদ মির্জা আজমও উপযুক্ত স্থান পাবেন বলে আশা করি।’আজ মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আশরাফ এসব কথা বলেন। সৈয়দ আশরাফ ১/১১ পরবর্তী রাজনীতিতে যুবলীগের ভূমিকার প্রশংসা করে বলেন, ‘১/১১ থেকে উত্তরণে যুবলীগের ভূমিকা ভুলব না। বাংলাদেশের গণতান্ত্রিক রূপরেখা ফিরিয়ে আনার ক্ষেত্রে যুবলীগের ভূমিকায় আমি কৃতজ্ঞ।’ তিনি বলেন, আওয়ামী লীগের সভানেত্রী অনেক ক্ষেত্রে আওয়ামী লীগের চেয়ে যুবলীগকে বেশি প্রাধান্য দেন। কারণ, তিনি মনে করেন, যুবলীগ তাঁর নিজস্ব সংগঠন। আর তিনি আওয়ামী লীগের সভানেত্রী।বাংলাদেশের রাজনীতিতে শূন্যতা পূরণের লক্ষ্যে যুবলীগ প্রতিষ্ঠা করা হয়েছিল উল্লেখ করে সৈয়দ আশরাফ বলেন, ১৫ আগস্টের পর শেখ হাসিনা প্রথম রাজনৈতিক সমাবেশ করেন লন্ডন আওয়ামী লীগের একটি কর্মসূচিতে। তাঁর দ্বিতীয় সমাবেশটি ছিল যুক্তরাজ্য যুবলীগের একটি কর্মসূচিতে। তিনি বলেন, ‘যুবলীগ প্রতিষ্ঠার পর বাংলাদেশের এমন কোনো আন্দোলন-সংগ্রাম নেই যেখানে যুবলীগ ভূমিকা রাখে নাই। যুবলীগ সব সময় শৃঙ্খলাপরায়ণ ছিল। বর্তমানে সংগঠিত সংগঠন হিসেবে যুবলীগ অতুলনীয়।’যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে স্মৃতিচারণা করে সৈয়দ আশরাফ বলেন, ‘১৯৭২ সালে যুবলীগ প্রতিষ্ঠার দিনে কেন্দ্রীয় ছাত্রলীগের শুভেচ্ছা প্রতিনিধিদলের সদস্য হিসেবে এসেছিলাম। যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনি এ সংগঠনের প্রতিষ্ঠার উদ্দেশ্য ও কারণ সম্পর্কে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করেছিলেন। সে হিসেবে যুবলীগের সঙ্গে আমার ৪০ বছরের সম্পর্ক।’ বিশেষ অতিথির বক্তৃতায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক খালেদা জিয়ার সমালোচনা করে বলেন, ‘দুর্নীতির বরপুত্র তারেক রহমান। তাঁরা দুর্নীতির রেকর্ড করেছিলেন। তাঁদের মুখে শেখ হাসিনার পরিবার নিয়ে কটূক্তি মানায় না।’সম্মেলনের প্রধান বক্তা মির্জা আজম খালেদা জিয়া উদ্দেশে বলেন, ‘চোরের মায়ের বড় গলা। যার ছেলেরা দুর্নীতির দায়ে অভিযুক্ত তার মুখে এমন কথা শোভা পায় না।’সংগঠনের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী সম্মেলনের উদ্বোধন করেন। ১৪ জুলাই কেন্দ্রীয় সম্মেলনের পর কমিটি ঘোষণা করা হবে। মহিউদ্দীন মহির সভাপতিত্বে সম্মেলনে সাধারণ সম্পাদকের প্রতিবেদন পেশ করেন নূরুন্নবী শাওন।