আওয়ামী লীগের সব সহযোগী সংগঠন মেয়াদোত্তীর্ণ কমিটি নিয়ে চলছে। কবে কাউন্সিল হবে, তা সংগঠনগুলোর কেউ নিশ্চিত করে বলতে পারেন না।এদিকে সহযোগী সংগঠনের কয়েকজন শীর্ষপর্যায়ের নেতা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে স্থান পেয়েছেন। ফলে, কয়েকটি সংগঠনের সভাপতি বা সাধারণ সম্পাদকের পদ শূন্য হয়ে পড়েছে। শূন্যপদে অন্যদের দায়িত্ব দেওয়া হলেও তাতে সাংগঠনিক রীতিনীতি পুরোপুরি অনুসরণ করা হয়নি বলে অভিযোগ আছে।আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী দলটির সহযোগী সংগঠন সাতটি। সেগুলো হলো: মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, আওয়ামী যুবলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী আইনজীবী পরিষদ, তাঁতী লীগ ও যুব মহিলা লীগ। জাতীয় শ্রমিক লীগ ও ছাত্রলীগকে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন হিসেবে গঠনতন্ত্রে স্বীকৃতি দেওয়া আছে।দীর্ঘদিন কাউন্সিল না হওয়ায় এসব সংগঠনের নতুন নেতৃত্বও সৃষ্টি হচ্ছে না বলে বিভিন্ন পর্যায়ের একাধিক নেতা প্রথম আলোর কাছে মন্তব্য করেছেন।অভিযোগ রয়েছে, দল ক্ষমতায় আসার পর নেতা-কর্মীদের বড় একটা অংশ যেকোনো উপায়ে অর্থ উপার্জনের দিকে বেশি ঝুঁকে পড়েছেন। ফলে সাংগঠনিক কর্মকাণ্ড গুরুত্ব পাচ্ছে না। শুধু তাই নয়, অনেক ক্ষেত্রে সরকারি জমি দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজির মতো ঘটনায় যুক্ত হয়ে একশ্রেণীর নেতা-কর্মী সরকারের ভাবমূর্তি ক্ষুণ্নের কারণ হয়ে উঠেছেন। টেন্ডারবাজি-চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে এসব সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন বিভিন্ন স্থানে নিজেরা নিজেরা মারামারি করে প্রায়ই গণমাধ্যমের সংবাদ শিরোনাম হচ্ছে।যুবলীগের শীর্ষ দুই নেতা আওয়ামী লীগে : যুবলীগের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানক আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হয়েছেন। তিনি একই সঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। গঠনতান্ত্রিক বাধ্যবাধকতা থাকায় তিনি যুবলীগ থেকে পদত্যাগ করেছেন। সংগঠনের সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য ওমর ফারুক চৌধুরী ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন।যুবলীগের সাধারণ সম্পাদক মির্জা আজম আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হয়েছেন। পর পর চারবারের সাংসদ মির্জা আজম নিজেও আর যুবলীগের দায়িত্বে থাকতে চান না বলে তাঁর ঘনিষ্ঠ একাধিক সূত্র জানিয়েছে। তা ছাড়া জাতীয় সংসদে হুইপ হিসেবে তাঁর সরকারি দায়িত্বও আছে।২০০৩ সালের ২৫ জানুয়ারি যুবলীগের সর্বশেষ কাউন্সিল হয়। তিন বছর মেয়াদি এই কমিটির মেয়াদ শেষ হয় ২০০৬ সালে। এরপর আর কাউন্সিল হয়নি। গত আড়াই বছর যুবলীগের রাজনৈতিক কর্মকাণ্ড খুব একটা ছিল না বলে সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে অভিযোগ উঠেছে। কাউন্সিলের উদ্যোগ না থাকায় অনেকে ক্ষোভ প্রকাশ করেন।জানতে চাইলে যুবলীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘কাউন্সিলের প্রয়োজন আছে, তবে এখনই উপযুক্ত সময় নয়। আন্দোলন-সংগ্রামের সময়টাকে কাউন্সিলের সঠিক সময় বলে আমরা মনে করি।’মহিলা লীগ অনেকটা অস্তিত্বহীন: নারী উন্নয়ন নীতির বিরুদ্ধে ধর্মভিত্তিক কিছু সংগঠন মাঠে নেমেছে। অথচ নারীসমাজের দীর্ঘ দিনের দাবি এই নারীনীতির পক্ষে কোনো তৎপরতা বা কোনো প্রচার চালাতে পারেনি মহিলা লীগ। প্রয়োজনের সময় মহিলা লীগের এই নীরবতায় সংগঠনটির অস্তিত্ব নিয়েই প্রশ্ন উঠেছে।মহিলা লীগের সভানেত্রী আশরাফুন্নেছা মোশাররফ সংরক্ষিত নারী আসনে সাংসদ হয়েছেন। সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ইন্দিরা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক এবং যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুন্নাহার লাইলি মূল দলের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হয়েছেন। গঠনতান্ত্রিক বাধ্যবাধকতার কারণে ইন্দিরা ও ফরিদুন্নাহার লাইলি এখন আর মহিলা লীগের সাংগঠনিক দায়িত্বে নেই।মহিলা লীগের সর্বশেষ কাউন্সিল হয় ২০০৩ সালের ১২ জুলাই। কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে আরও ছয় বছর আগে।মহিলা লীগের কেন্দ্রীয় কমিটিতে থাকা অনেকেই আর সক্রিয় নেই বলে বলে জানা গেছে। সংগঠনের অস্তিত্বের কারণেই দ্রুত কাউন্সিলের কথা বলছেন সংশ্লিষ্ট অনেকে।সংগঠনের মহিলা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকা পিনু খান প্রথম আলোকে বলেন, ‘কাউন্সিল নিয়ে এখনো কোনো কথাবার্তা হয়নি। আমরা কাজ করে যাচ্ছি।’নিষ্ক্রিয় যুব মহিলা লীগ: বিগত চারদলীয় জোট সরকারের আমলে রাজপথে জঙ্গি আন্দোলনের কারণে যুব মহিলা লীগ গণমাধ্যমে আলোচিত ছিল। ওই যুব মহিলা লীগের নেতা-কর্মীদের এখন আর সাংগঠনিক কাজে দেখা যায় না। তাঁদের অনেকেই এখন ‘তদবির-বাণিজ্য’ নিয়ে ব্যস্ত থাকেন বলে অভিযোগ রয়েছে। সচিবালয়সহ সরকারি দপ্তরে তাঁদের নিয়মিত দেখা মেলে। নারী উন্নয়ন নীতিবিরোধী অপপ্রচারের সময়ে যুব মহিলা লীগের নীরবতায় আওয়ামী লীগের অনেকে অবাক হয়েছেন।২০০৪ সালের ১৫ মার্চ যুব মহিলা লীগের কাউন্সিল হয়। কমিটির মেয়াদ শেষ হয়েছে চার বছর আগে। এ সংগঠনের সভানেত্রী নাজমা আকতার ও সাধারণ সম্পাদক অপু উকিল সংরক্ষিত নারী আসনে সাংসদ হয়েছেন। সংগঠনের কাজে মনোযোগ নেই বলে যুব মহিলা লীগের একাধিক নেতা-কর্মী অভিযোগ করেন।কৃষকলীগে নেতৃত্বের সংকট: কৃষকলীগের সভাপতি মির্জা এম এ জলিল এখন প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান। সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মোল্লা, জ্যেষ্ঠ সহসভাপতি হারুন অর রশীদ হাওলাদার ও বদিউজ্জামান বাদশা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।সূত্র জানায়, সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে কৃষকলীগের জ্যেষ্ঠ নেতারা সংগঠনে সময় দিতে পারছেন না।কৃষকলীগের সর্বশেষ কাউন্সিল হয় ২০০৩ সালের ২৯ জুলাই। সাত বছর আগে কমিটির মেয়াদ শেষ হয়েছে।কাউন্সিল সম্পর্কে জানতে চাইলে কৃষকলীগের সভাপতি মির্জা এম এ জলিল প্রথম আলোকে বলেন, ‘কাউন্সিল করার জন্য নেত্রী (শেখ হাসিনা) এবং আমার প্রবল ইচ্ছা আছে। ডিসেম্বরের মধ্যে কাউন্সিল করে ফেলার আশা করছি।’ঝিমিয়ে পড়েছে স্বেচ্ছাসেবক লীগ: শুরু থেকেই স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক তৎপরতা ছিল সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাছিমকে ঘিরে। তিনি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হওয়ার পর গঠনতান্ত্রিক বাধ্যবাধকতার কারণে স্বেচ্ছাসেবক লীগের পদ ত্যাগ করেছেন। এরপর স্বেচ্ছাসেবক লীগ কার্যত ঝিমিয়ে পড়েছে।২০০৩ সালের ২৭ জুলাই স্বেচ্ছাসেবক লীগের সর্বশেষ কাউন্সিল হয়। এরপর আর কাউন্সিল না হওয়া সম্পর্কে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোল্লা মো. কাউছার প্রথম আলোকে বলেন, কাউন্সিলের জন্য দুবার প্রস্তুতি নেওয়া হয়। কিন্তু প্রধানমন্ত্রী সময় দিতে না পারায় কাউন্সিল করা সম্ভব হয়নি। তিনি জানান, প্রধানমন্ত্রীর কাছ থেকে সময় নিয়ে দ্রুত কাউন্সিল করা হবে।এ ছাড়া আওয়ামী লীগের গঠনতন্ত্রে আওয়ামী আইনজীবী পরিষদ ও তাঁতী লীগকে সহযোগী সংগঠনের মর্যাদা দেওয়া হলেও কার্যত এই দুই সংগঠনের তেমন কোনো সাংগঠনিক অস্তিত্ব নেই। ২০০০ সালের ১১ মার্চ আওয়ামী আইনজীবী পরিষদ ও ২০০৪ সালের ৮ আগস্ট তাঁতী লীগের কাউন্সিল হয়।