আ.লীগের আদেশ মেনেই চলছে ছাত্রলীগ ও শ্রমিক লীগ
গণপ্রতিনিধিত্ব আদেশ আইনের (আরপিও) বাধ্যবাধকতায় ছাত্রলীগ ও জাতীয় শ্রমিক লীগকে আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে গঠনতন্ত্রে রাখা হয়নি। এ দুটি সংগঠন নিজস্ব গঠনতন্ত্র অনুসারে পরিচালিত হবে বলে আওয়ামী লীগের গঠনতন্ত্রে বলা আছে। কাগজে-কলমে এ রকম লেখা থাকলেও বাস্তবে ছাত্রলীগ ও শ্রমিক লীগ আওয়ামী লীগের আদেশ-নির্দেশ অনুসারেই পরিচালিত হচ্ছে।আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচিও পালন করছে সংগঠন দুটি। এমনকি দুটি সংগঠনেরই কেন্দ্রীয় কার্যালয় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ২৩, বঙ্গবন্ধু এভিনিউয়ের ভবনে। অবশ্য আওয়ামী লীগের পক্ষ থেকে ছাত্রলীগ ও শ্রমিক লীগকে ভ্রাতৃপ্রতিম সংগঠন বলে আখ্যা দেওয়া হচ্ছে।আরপিও অনুসারে, দলীয় গঠনতন্ত্রে ছাত্র, শ্রমিক, পেশাজীবী ও প্রবাসী সংগঠনকে অঙ্গ ও সহযোগী হিসেবে রাখা যাবে না। আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৬২ ধারায় বলা হয়েছে, আওয়ামী লীগের আদর্শে বিশ্বাসী বিভিন্ন দেশে স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাসরত প্রবাসী বাঙালি জনগোষ্ঠী সংশ্লিষ্ট দেশের আইন অনুযায়ী সংগঠন করতে পারবে। তবে পেশাজীবী সংগঠন বলে স্বাধীনতা চিকিত্সক পরিষদকে (স্বাচিপ) আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে রাখা হয়নি। দলীয় গঠনতন্ত্র থেকে স্বাচিপকে পুরোপুরি বাদ দেওয়া হয়েছে।আওয়ামী লীগের গঠনতন্ত্র সংশোধন উপকমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করা এবং দলের প্রচার সম্পাদক নূহ উল আলম লেনিন এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, ‘ছাত্রলীগ ও শ্রমিক লীগকে সংগঠনগতভাবে নয়, আওয়ামী লীগের কর্মী হিসেবে সংগঠন দুটোর নেতা-কর্মীদের আমরা দেখভাল করি। কারণ, ১৮ বছর বয়সী যেকোনো নাগরিক আওয়ামী লীগের আদর্শের অনুসারী হলে আমরা তাদের দেখভালের দায়িত্ব নেব।’ ছাত্রলীগের দায়িত্বে আওয়ামী লীগের তিন নেতা: গত বিএনপি-জামায়াত এবং তত্ত্বাবধায়ক সরকারের সময় ছাত্রলীগের কার্যক্রম চোখে না পড়লেও নির্বাচনে আওয়ামী লীগের জয়লাভের পরপরই সংগঠনটির নেতা-কর্মীরা বেপরোয়া হয়ে পড়েন। বিশেষ করে অভ্যন্তরীণ দলাদলি, সংঘর্ষ, চাঁদাবাজি ও টেন্ডারবাজিতে জড়িয়ে পড়ে ছাত্রলীগের একশ্রেণীর নেতা-কর্মী। একপর্যায়ে ছাত্রলীগের ‘সাংগঠনিক নেত্রী’র পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরও ছাত্রলীগের আচরণগত পরিবর্তন হয়নি। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে নিরীহ ছাত্র আবু বকর মারা যাওয়ার ঘটনায় আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের চাপে দায়ী কয়েকজনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়। তা ছাড়া ছাত্রলীগের কার্যক্রম দেখভালের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের তিন সাংগঠনিক সম্পাদক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আহমদ হোসেন ও বি এম মোজাম্মেল হককে দায়িত্ব দেন। এ তিন নেতা ছাত্রলীগের নেতাদের নিয়ে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে কয়েক দফা বৈঠক করেন।শ্রমিক লীগের নেতা আ.লীগের সাংসদ-মন্ত্রী: জাতীয় শ্রমিক লীগের শ্রমিকদের স্বার্থ-বিষয়ক কোনো কর্মসূচি না থাকলেও আওয়ামী লীগের দলীয় কর্মসূচিতে সংগঠনটির নেতা-কর্মীরা অংশ নিচ্ছেন। শ্রমিক লীগের সহসভাপতি শাজাহান খান এখন নৌপরিবহনমন্ত্রী। ঢাকা মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইস্রাফিল আলম আওয়ামী লীগের মনোনয়নে সাংসদ নির্বাচিত হয়েছেন। শ্রমিক লীগের মহিলা-বিষয়ক সম্পাদক রওশন জাহান সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনীত সাংসদ।আওয়ামী লীগের কর্মসূচি পালন সম্পর্কে জানতে চাইলে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রায় রমেশ চন্দ্র প্রথম আলোকে বলেন, অভিন্ন ও আদর্শিক সংগঠন হিসেবে আওয়ামী লীগের সঙ্গে শ্রমিক লীগের সম্পর্ক আছে। তা ছাড়া শেখ হাসিনার নেতৃত্বের প্রতি শর্তহীন আনুগত্য হচ্ছে জাতীয় শ্রমিক লীগের রাজনৈতিক লক্ষ্য এবং চলার পথের পাথেয়। সক্রিয় প্রবাসী সংগঠন: বিশ্বের বিভিন্ন দেশে আওয়ামী লীগের প্রবাসী সংগঠন সক্রিয়। তারা আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচিও পালন করছে। সম্প্রতি আওয়ামী লীগের কেন্দ্রীয় বর্ধিত সভায় বিভিন্ন দেশের প্রবাসী সংগঠনের নেতারা অংশ নেন। দলীয় প্রতিনিধি হিসেবে কার্ড গলায় ঝুলিয়ে তাঁরা বর্ধিত সভায় আসেন।