আ.লীগের আয় পাঁচ কোটি, ব্যয় তিন কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি দল আওয়ামী লীগ ২০১০ সালে আয় করেছে প্রায় পাঁচ কোটি টাকা। একই সময়ে দলটি ব্যয় করেছে প্রায় তিন কোটি টাকা। নির্বাচন কমিশনে (ইসি) গতকাল রোববার দাখিল করা হিসাবে আওয়ামী লীগ ২০১০ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আয়-ব্যয়ের এ তথ্য দিয়েছে বলে জানা গেছে।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম দলের আয়-ব্যয়ের এই হিসাব প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে পাঠিয়েছেন। দলের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান আয়-ব্যয়ের লেনদেনসংক্রান্ত হিসাবপত্রে স্বাক্ষর করেন। এই হিসাব নিরীক্ষণ করানো হয়েছে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি প্রতিষ্ঠান এস এম জাকারিয়া অ্যান্ড কোংকে দিয়ে।গতকাল বেলা ১১টায় আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস ও দলীয় নেতা রিয়াজুল কবীর কাউছার নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবের কাছে এই হিসাব দাখিল করেন।আওয়ামী লীগের সূত্র জানায়, গত বছর দলটির আয় হয় চার কোটি ৯০ লাখ টাকা এবং ব্যয় হয় দুই কোটি ৮৫ লাখ টাকা। ব্যয়ের পর উদ্বৃত্ত আছে দুই কোটি চার লাখ টাকার কিছু বেশি।রাজনৈতিক দলের নিবন্ধন বিধি অনুসারে প্রতিবছরের ৩১ জুলাইয়ের মধ্যে পূর্ববর্তী পঞ্জিকা বছরে দলের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দেওয়া বাধ্যতামূলক। কমিশন গত বছর থেকে রাজনৈতিক দলগুলোর আয়-ব্যয়ের হিসাব নেওয়া শুরু করেছে।রাজনৈতিক দলের আয়-ব্যয়ের হিসাবের স্বচ্ছতা প্রসঙ্গে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, ‘আইন অনুযায়ী রাজনৈতিক দলগুলো আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে। এগুলো এখন সচিবালয় কার্যালয়ে আছে। কমিশনে এলে দেখব, ছক অনুযায়ী হিসাব জমা দেওয়া হয়েছে কি না বা স্বচ্ছতা কতটুকু। যদি ঠিকঠাকমতো না হয়ে থাকে, তবে কমিশন করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নেবে।’যেসব খাত থেকে আয়: আওয়ামী লীগের সূত্র জানায়, জমা দেওয়া হিসাবে আয়ের যেসব খাত দেখানো হয়েছে, সেগুলো হলো: দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, উপদেষ্টা পরিষদের সদস্য ও সাংসদদের মাসিক চাঁদা এক কোটি ২৬ লাখ টাকা; প্রাথমিক সদস্য সংগ্রহ ফি ও কর্মীদের চাঁদা এক কোটি ২৪ লাখ; বাড়িভাড়া ও অন্যান্য সম্পত্তি থেকে প্রাপ্ত ১২ লাখ; দলের পত্রিকা, সাময়িকী, বইপুস্তক বিক্রি বাবদ আয় ৭৮ লাখ; ব্যাংক থেকে প্রাপ্ত লাভ বা সুদ ৩৭ লাখ; দলের বিভিন্ন সংস্থা ও সেবামূলক প্রতিষ্ঠান থেকে আয় পাঁচ লাখ ৭৯ হাজার এবং বিবিধ আয় সাত লাখ টাকা।সূত্র আরও জানায়, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যরা মাসিক সর্বোচ্চ ১০ হাজার থেকে সর্বনিম্ন দুই হাজার টাকা পর্যন্ত চাঁদা দিয়েছেন। কার্যনির্বাহী সংসদের সদস্যসংখ্যা ৭৩। দলীয় সাংসদেরা সামর্থ্য অনুযায়ী মাসিক ১০ থেকে ১৫ হাজার টাকা করে চাঁদা দিয়েছেন। প্রাথমিক সদস্যদের কাছ থেকে চাঁদা সংগ্রহ করা হয়। হিসাব নিরীক্ষার সময় চাঁদার কুপন দেওয়া হয়েছে। দলের গঠনতন্ত্র অনুযায়ী, কার্যনির্বাহী কমিটির সদস্য, সাংসদ, উপদেষ্টামণ্ডলীর সদস্য ও প্রাথমিক সদস্যদের চাঁদা দেওয়া বাধ্যতামূলক।আওয়ামী লীগের আয়ের অপর একটি উৎ স দলের শুভাকাঙ্ক্ষীদের অনুদান। জানা গেছে, একক কারও কাছ থেকে অনুদান ২০ হাজার টাকার বেশি নেওয়া হয়নি। অনুদানের কুপনও নিরীক্ষার সময় দেখানো হয়। নির্বাচন কমিশনে হিসাব দাখিলের সময় আইন অনুযায়ী সব রকম কাগজ ও প্রমাণাদি জমা দেওয়া হয়।যেসব খাতে ব্যয়: সূত্র জানায়, হিসাবে দেখানো ব্যয়ের মধ্যে রয়েছে কর্মীদের বেতন ও বোনাস বাবদ প্রায় ১৮ লাখ টাকা; আবাস ও প্রশাসনিক খরচ ছয় লাখ; বিদ্যুৎ , ওয়াসা, গ্যাসসহ বিভিন্ন ইউটিলিটি ও হোল্ডিং বাবদ প্রায় দুই লাখ; টেলিফোন, ইন্টারনেট, কুরিয়ার সার্ভিস, পত্রিকা বিল বাবদ চার লাখ; আপ্যায়ন বাবদ আড়াই লাখ; পোস্টার, লিফলেট, হ্যান্ডবিল, স্টিকার, ব্যানার, মাইকিং, পোর্ট্রেট (জাতীয় দিবস পালন) এক কোটি ১৮ লাখ; প্রচারণা, প্রকাশনা, পরিবহন বাবদ ১৩ লাখ; যাতায়াত বাবদ এক লাখ ৩১ হাজার; জনসভা, পথসভা, ঘরোয়া বৈঠক ও সাংগঠনিক বাবদ ৮২ লাখ; প্রার্থীদের অনুদান ও ত্রাণ কার্যক্রম বাবদ আট লাখ এবং বিবিধ ব্যয় ২৯ লাখ টাকা।জানতে চাইলে আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান প্রথম আলোকে জানান, সব রকম নিয়ম ও স্বচ্ছতা অনুসরণ করেই আওয়ামী লীগের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে। অন্য যেকোনো দলের তুলনায় আওয়ামী লীগে গণতন্ত্রচর্চা বেশি।