চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে সমর্থন দেওয়ার পর দলের অপর দুই নেতা ইসহাক মিয়া ও রেজাউল করিম চৌধুরী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ফলে এখন মেয়র পদে দলের প্রার্থী একজনই। কিন্তু ওয়ার্ড কাউন্সিলর পদে কাউকে সমর্থন না জানানোয় ৪১টি ওয়ার্ডের মধ্যে ৩৬টিতেই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের একাধিক প্রার্থী রয়েছেন। এমনকি সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলরের ১৪টি আসনের কয়েকটিতেও একই অবস্থা।দলীয় সূত্র জানায়, ওয়ার্ডগুলোতে সমঝোতার মাধ্যমে দলের একক কাউন্সিলর পদপ্রার্থী রাখার উদ্যোগ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে নেওয়া হয়নি। এ কারণে ওয়ার্ডগুলোতে দলের একাধিক নেতা ও সমর্থক প্রার্থী হয়েছেন। একই কারণে গত মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হওয়ার পরও অবস্থার তেমন পরিবর্তন হয়নি। প্রার্থীরা সবাই নিজেদের দলীয় প্রার্থী হিসেবে দাবি করে গণসংযোগ ও প্রচার চালাচ্ছেন।মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক প্রথম আলোকে বলেন, ‘নেত্রীর (শেখ হাসিনা) সঙ্গে বৈঠকেও কাউন্সিলর পদে একক প্রার্থী দেওয়ার বিষয়ে কিছু আলোচনা হয়েছে। কিন্তু সময়ের স্বল্পতার কারণে তা সম্ভব বলে মনে হয়নি।’ তিনি বলেন, ‘আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। সমঝোতা করা সম্ভব হলে মনোনয়নপত্র প্রত্যাহারের পরও প্রার্থী নিষ্ক্রিয় হয়ে যেতে পারেন।’জানা গেছে, ৪১টি ওয়ার্ডের মধ্যে কেবল ১৪ নম্বর লালখান বাজার, ২৯ নম্বর পশ্চিম মাদারবাড়ী, ৩১ নম্বর আলকরণ, ৩৩ নম্বর ফিরিঙ্গিবাজার ও দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডে আওয়ামী লীগের একক প্রার্থী রয়েছেন। বাকি সব ওয়ার্ডেই রয়েছেন দলের একাধিক প্রার্থী। ২০০৫ সালে অনুষ্ঠিত সর্বশেষ সিটি নির্বাচনে বিজয়ী কাউন্সিলরদের ২৯ জনই ছিলেন আওয়ামী লীগের।জানা যায়, ১ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর জাফর আলম চৌধুরীর পাশাপাশি আওয়ামী লীগের সমর্থক নজির আহমদও প্রার্থী হয়েছেন। মেয়র থাকাকালে মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা ১০ জন কাউন্সিলরের একজন হলেন জাফর আলম চৌধুরী। ২১ নম্বর জামাল খান ওয়ার্ডে মহিউদ্দিনপন্থী হিসেবে পরিচিত বর্তমান কাউন্সিলর এম এ নাসেরের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে রয়েছেন আবুল হাশেম চৌধুরী ও বিজয় কুমার চৌধুরী। হাশেমও মহিউদ্দিনপন্থী বলে পরিচিত। আওয়ামী লীগের সমর্থক বিজয় কুমার দাবি করেন, ‘আমি কোনো অংশের প্রার্থী নই, আমি আওয়ামী লীগের প্রার্থী।’১৭ নম্বর ওয়ার্ডে প্রার্থীদের মধ্যে মো. শহীদুল আলম ও শফিকুল ইসলাম আওয়ামী লীগের। ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর জালাল উদ্দিন ইকবালের প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছেন একই দলের দেবাশীষ গুহ। শেষদিকে মহিউদ্দিনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হওয়া জালাল উদ্দিন নিজেকে আওয়ামী লীগের প্রার্থী দাবি করে বলেন, ‘আমি তাঁর কিছু কাজের সমালোচনা করেছিলাম। এখনো তিনি আমার নেতা।’৩২ নম্বর আন্দরকিল্লায় বর্তমান কাউন্সিলর ও মহিউদ্দিনপন্থী জহরলাল হাজারীর প্রতিদ্বন্দ্বীদের একজন আশীষ ভট্টাচার্য। আশীষ নিজেকে সাংসদ নুরুল ইসলাম বিএসসি ও আওয়ামী লীগের নেতা আ জ ম নাছিরউদ্দিনের প্রার্থী হিসেবে পরিচয় দিচ্ছেন। এ প্রসঙ্গে জহরলাল বলেন, ‘অনেকে নিজেদের আওয়ামী লীগের প্রার্থী বলে পরিচয় দিচ্ছেন। তবে এখানে আমিই আওয়ামী লীগের মূল প্রার্থী।’কোনো কোনো ওয়ার্ডে আওয়ামী লীগের সমর্থক চার-পাঁচজন প্রার্থীও রয়েছেন। যেমন—২ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ ইব্রাহীম, ফরিদ আহমদ চৌধুরী, মোহাম্মদ ইয়াকুব, মোহাম্মদ নুরুল আমিন, আবুল মহসীন, মীরজাহান চৌধুরী—প্রত্যেকে নিজেকে আওয়ামী লীগের প্রার্থী বলে দাবি করছেন।সংরক্ষিত নারী ওয়ার্ডেও আওয়ামী লীগের একাধিক প্রার্থী রয়েছেন। সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডে প্রার্থীদের মধ্যে মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে মানহানির মামলা করা কাউন্সিলর ফেরদৌস বেগমের পাশাপাশি রয়েছেন একই দলের সমর্থক মমতাজ বেগম। সংরক্ষিত ৭ নম্বর ওয়ার্ডে আঞ্জুমান আরা বেগমের বিপক্ষে মমতাজ খান, ৮ নম্বর ওয়ার্ডে রেখা আলম চৌধুরীর বিপক্ষে প্রার্থী হয়েছেন যুবলীগের নেত্রী নিলু নাগ।