আ.লীগের কাছে কোনো ধর্মই নিরাপদ নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আওয়ামী লীগের কাছে কোনো ধর্মই নিরাপদ নয়। বিএনপির সরকারের আমলে দেশে কোনো জঙ্গিবাদ ছিল না। হলমার্ক, ডেসটিনি ও শেয়ারবাজারের কেলেঙ্কারির সঙ্গে আওয়ামী লীগের শীর্ষ নেতারাই জড়িত। দলীয় সরকারের অধীনে দেশে একদলীয় নীলনকশার নির্বাচন হতে দেওয়া হবে না। আজ শনিবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চনে ভারতচন্দ্র উচ্চবিদ্যালয় মাঠে ১৮-দলীয় জোট আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এবং দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হামলা ও নির্যাতনের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।খন্দকার মোশাররফ হোসেন আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ আজ দিশেহারা। বিদ্যুতের দাম বেড়েছে কয়েক গুণ। পদ্মা সেতুতে দুর্নীতি ও রামুর বৌদ্ধমন্দিরে হামলার ঘটনার তীব্র নিন্দা জানান তিনি।নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও রূপগঞ্জ বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জামায়াতের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মজিবুর রহমান, এলডিপির মহাসচিব রেদোয়ান আহাম্মেদ, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ মিজান, শহর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল, নারায়ণগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, রূপগঞ্জ উপজেলা বিএনপির নেতা মাহফুজুর রহমান হুমায়ুন প্রমুখ।