আ.লীগের কেউ সাম্প্রদায়িক হামলায় অংশ নেয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, শুধু ফেসবুকে প্রকাশিত অবমাননাকর পোস্টটির প্রতিবাদ জানাতে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মীরা রামুতে মিছিল বের করেছিলেন। ওই মিছিল বৌদ্ধদের ওপর হামলার জন্য ছিল না। ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা কোনো ধরনের সাম্প্রদায়িক হামলায় অংশ নেয়নি বলেও তিনি দাবি করেন। আজ রোববার চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির প্রশিক্ষণকেন্দ্র ও স্কুলে বিজিবির ৮১তম ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন বলে ডেইলি স্টার অনলাইনের খবরে জানানো হয়েছে। আমাদের খাগড়াছড়ি প্রতিনিধি জানান, স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দিন খান আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের আইনের আওতায় আনা সরকারের আইনি ও নৈতিক দায়িত্ব। সাম্প্রদায়িকতা লালন-পালনকারী ও জঙ্গিদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দিয়েই প্রমাণ করা হবে, এ দেশে সাম্প্রদায়িকতার কোনো ঠাঁই নেই।আজ দুপুরে খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট হলে এক মতবিনিময় সভায় স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী খাগড়াছড়ির বেসামরিক প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।খাগড়াছড়ির জেলা প্রশাসক আনিস উল হক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মন্ত্রী পাহাড়ে চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধে একযোগে কাজ করতে স্থানীয় প্রশাসন, পুলিশ ও বিজিবির সদস্যদের নির্দেশ দেন। আর এ কাজে সহযোগিতা করার জন্য তিনি খাগড়াছড়িতে র্যাবের একটি ইউনিট প্রতিষ্ঠা করার ঘোষণা দেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে যারা আখের গোছানোর অপচেষ্টা করবে এবং সন্ত্রাস-চাঁদাবাজির আশ্রয় নেবে, তাদের মোকাবিলায় আইনের কঠোর পদক্ষেপ নিশ্চিত করা হবে।’ মতবিনিময় সভায় মন্ত্রী মাটিরাঙ্গা উপজেলায় তাইন্দং-তবলছড়ি এলাকায় নতুন থানা স্থাপনে এক মাসের মধ্যে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করার নির্দেশ দেন। এ ছাড়া জেলায় পুলিশের যানবাহন-সংকট পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন তিনি।