আ.লীগের কেন্দ্রীয় কার্যালয়ের পাশে ককটেল বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের পাশে আজ মঙ্গলবার দুটি ককটেলের বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় সোহেল নামের একজনকে আটক করেছে পল্টন থানার পুলিশ। আজ বেলা সোয়া ১১টার দিকে ঘটে ককটেল বিস্ফোরণের ঘটনা। পল্টন থানার শিক্ষানবিশ উপপরিদর্শক (পিএসআই) আশরাফুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় বঙ্গবন্ধু এভিনিউ এলাকা থেকে পুলিশ সোহেল নামের একজনকে আটক করেছে। তবে তাঁর রাজনৈতিক পরিচয় এখনো জানা যায়নি। ঢাকা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সহিদুল ইসলাম মিলন বলেন, মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের উল্টো দিকের ১৬ নম্বর ভবনের কাছে একটি এবং এর পাশের আরেকটি ভবনের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়। তবে এতে কেউ আহত কিংবা কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এদিকে, ককটেল বিস্ফোরণের ঘটনায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে এ ঘটনার প্রতিবাদে দলের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেন।