আ.লীগের কেন্দ্রীয় নেতৃত্বের নজর চট্টগ্রামের দিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ফুটবলের মাতামাতির মধ্যেও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা গত কয়েক দিন চট্টগ্রামে বিরামহীন নির্বাচনী প্রচার চালিয়েছেন। ১৭ জুন চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরীর পক্ষে আটঘাট বেঁধে নেমেছেন তাঁরা। জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী আচরণবিধি শতভাগ মেনে প্রচারকাজে অংশ নিতে দলীয় নেতাদের নির্দেশ দিয়েছেন। দলীয় সূত্র জানায়, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্বের নজর এখন চট্টগ্রামের দিকে। তাঁরা মনে করেন, এই সিটি নির্বাচনের ফলাফল দেশের সামগ্রিক রাজনীতির ওপর প্রভাব ফেলতে পারে। বিশেষ করে আগামী শীতে ঢাকা সিটি করপোরেশনের নির্বাচনে চট্টগ্রামের ফলাফলের প্রভাব পড়তে পারে। তাই এই নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন দলের নীতিনির্ধারকেরা। শেখ হাসিনা নিজেও এই নির্বাচনের খোঁজখবর রাখছেন।নির্বাচনী আচরণবিধির কারণে মন্ত্রিসভার সদস্যরা চট্টগ্রামে যেতে পারছেন না। তবে আওয়ামী লীগের অন্য প্রায় সব নেতাই চট্টগ্রামে অবস্থান করছেন। তাঁরা প্রতিদিন পথসভা, গণসংযোগ ও প্রচারে অংশ নিয়েছেন। শেখ হাসিনা গত ২৭ মে গণভবনে চট্টগ্রামের নেতাদের ডেকে দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দেন। তাঁর নির্দেশে চট্টগ্রামের নেতারাও মাঠে নেমেছেন। মহিউদ্দিন চৌধুরীর বিরোধী বলে পরিচিত সাংসদ নুরুল ইসলাম বিএসসি ও আবদুল লতিফও নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছেন। নুরুল ইসলাম গত শনিবার প্রথম মাঠে নামেন। মহিউদ্দিনের পক্ষে প্রচারে অংশ নিতে চট্টগ্রামে অবস্থানরত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রামে মহিউদ্দিনের পক্ষে আওয়ামী লীগ এককাট্টা। কার মনে কী আছে জানি না। তবে কার্যত সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। নেত্রী সবাইকে ডেকে বলার পর এখন কারও মধ্যে কোনো সমস্যা দেখছি না।’আওয়ামী লীগের নেতা আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, মাহবুবুল আলম হানিফ, আবুল হাসানাত আবদুল্লাহ, নূহ উল আলম লেনিন, আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আফজাল হোসেন, হাবিবুর রহমান সিরাজ, আমিনুল ইসলাম, সুজিৎ রায় নন্দী প্রমুখ কেন্দ্রীয় নেতা কয়েক দিন ধরে প্রচারে অংশ নিয়েছেন। এ ছাড়া সাংসদ কণ্ঠশিল্পী মমতাজ, সাংসদ ও অভিনেত্রী তারানা হালিমও প্রচার চালিয়েছেন। নির্বাচনী বিধিমালা অনুযায়ী, আজ সোমবার থেকে তাঁরা আর প্রচারে অংশ নিতে পারবেন না। এ ব্যাপারে চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেন, ‘নির্বাচনী আচরণবিধি আমরা শতভাগ মেনে চলব। বিধির বাইরে আমরা একচুলও নড়ব না।’ অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জয়ের ব্যাপারে আমরা আশাবাদী।’