আ.লীগের ছয় মহানগর কমিটির মেয়াদ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাতটি মহানগর কমিটির মধ্যে ছয়টিরই মেয়াদ নেই। তিন বছর মেয়াদি এসব কমিটি পাঁচ-ছয় বছর আগেই মেয়াদ পার করেছে। সম্প্রতি রংপুর শহর আওয়ামী লীগকে মহানগরের মর্যাদা দেওয়া হলেও সেখানে কেন্দ্রীয় ও স্থানীয়ভাবে ঘোষিত দুটি কমিটি সক্রিয় রয়েছে। দুই গ্রুপ আলাদাভাবে মিছিল-সমাবেশ করে শক্তির মহড়া দিচ্ছে।খোঁজ নিয়ে জানা যায়, বরিশালে আট বছর ধরে আহ্বায়ক কমিটি রয়েছে। ঢাকা মহানগরে তিনটি গ্রুপ সক্রিয়। চট্টগ্রাম মহানগরে দুই গ্রুপ শুধু আলাদা কর্মসূচিই পালন করছে না, একে অন্যের বিরুদ্ধে বাগ্যুদ্ধে লিপ্ত হয়েছে। রাজশাহী ও সিলেটের কমিটি কেবল সভাপতি ও সাধারণ সম্পাদকনির্ভর। এ দুটি মহানগরে সাত-আট বছর আগে কাউন্সিল হলেও নেতাদের মতবিরোধের কারণে পূর্ণাঙ্গ কমিটি করা সম্ভব হয়নি। খুলনায় তেমন একটা কোন্দল না থাকলেও কমিটির মেয়াদ পার হয়েছে ছয় বছর আগে।খোঁজ নিয়ে জানা যায়, আওয়ামী লীগের কোনো মহানগর কমিটিতেই দলীয় কার্যক্রম তেমন একটা নেই। শুধু কেন্দ্রঘোষিত দিবসভিত্তিক কর্মসূচি কোনোরকমে পালিত হয়। চারটি মহানগরে আওয়ামী লীগের মেয়র থাকলেও তাঁরা দলীয় কার্যালয় বা কর্মসূচিতে যান কালেভদ্রে। দলীয় কার্যক্রম না থাকলেও নেতা-কর্মীদের একটি অংশ সিটি করপোরেশনকেন্দ্রিক টেন্ডারবাজি তথা অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে বলে অভিযোগ রয়েছে।সূত্র জানায়, দীর্ঘদিন ধরে কাউন্সিল না হওয়ায় মহানগরের রাজনীতিতে আওয়ামী লীগের নতুন নেতৃত্ব গড়ে উঠছে না। উঠতি নেতাদের মধ্যে হতাশা বিরাজ করছে। বিকল্প গড়ে না ওঠায় কারও কারও একক ইচ্ছায় দল পরিচালিত হচ্ছে।এ ব্যাপারে জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, আগামী মে-জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ হবে। এর পরপরই সারা দেশে আওয়ামী লীগের ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, জেলা ও মহানগর আওয়ামী লীগের কাউন্সিল শুরু হবে।ঢাকা মহানগরে তিন গ্রুপ সক্রিয়: ঢাকা মহানগরে এখন তিন গ্রুপের অস্তিত্ব রয়েছে। এক গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক ও আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামকে ঘিরে আরেকটি গ্রুপ সক্রিয়। অপর গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ। তাঁর সঙ্গে মূলত রয়েছেন পুরান ঢাকার বাসিন্দারা।ঢাকা মহানগর আওয়ামী লীগের সর্বশেষ কাউন্সিল হয় ২০০৩ সালের ১৮ জুন। দীর্ঘদিন ধরে কাউন্সিল না হওয়ায় দলাদলি, কোন্দল, আধিপত্য বিস্তারসহ নানা কারণে মহানগরের রাজনীতি একরকম স্থবির হয়ে পড়েছে। সারা দেশে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ অভিযান চললেও ঢাকা মহানগরে এই কর্মসূচি গত দুই বছরে শুরুই হয়নি। ওয়ার্ড, ইউনিয়ন ও থানা আওয়ামী লীগের বেশির ভাগ ক্ষেত্রেই কমিটি নেই। কোথাও কোথাও হানিফ ও মায়া ঘোষিত আলাদা দুটি কমিটি কাজ করছে।মহানগরের একাধিক নেতা জানিয়েছেন, দ্রুততম সময়ে কাউন্সিল করে নতুন নেতৃত্ব না আসা পর্যন্ত রাজধানীতে আওয়ামী লীগের রাজনীতিতে স্থবিরতা কাটবে না। নতুন নেতৃত্ব দিয়েই মহানগরের ওয়ার্ড, ইউনিয়ন ও থানা কমিটির কাউন্সিল করতে হবে।চট্টগ্রামে মহিউদ্দিনের বিরুদ্ধে এককাট্টা তিন নেতা: চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কোন্দল নতুন কোনো খবর নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ সত্ত্বেও দুই গ্রুপ আলাদা কর্মসূচি পালন করছে। চট্টগ্রামে আওয়ামী লীগের রাজনীতিতে মহানগর সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বিপক্ষে অবস্থান নিয়েছেন সহসভাপতি সাংসদ নুরুল ইসলাম বিএসসি, যুগ্ম সাধারণ সম্পাদক এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন এবং কোষাধ্যক্ষ ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম।সূত্র জানায়, চট্টগ্রামে নুরুল ইসলাম বিএসসি, আফছারুল আমীন ও আবদুচ ছালাম একসময় মহিউদ্দিনের লোক বলে পরিচিত ছিলেন। গত ২৯ ডিসেম্বরের জাতীয় নির্বাচনের সময় থেকে মহিউদ্দিনের সঙ্গে ওই তিন নেতার বিবাদ শুরু হয়। মহিউদ্দিন চৌধুরী সংসদ নির্বাচনে নুরুল ইসলাম বিএসসি ও আফছারুল আমীনের বিরুদ্ধে কাজ করেন বলে অভিযোগ রয়েছে। আবার চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে নুরুল ইসলাম বিএসসি, আফছারুল আমীন ও আবদুচ ছালামের অনুসারীরা মহিউদ্দিন চৌধুরীর বিরোধিতা করেন। গোয়েন্দা সংস্থার প্রতিবেদন অনুযায়ী, দলীয় কোন্দল ও নেতাদের বিরোধিতার কারণেই মহিউদ্দিন চৌধুরী নির্বাচনে পরাজিত হন। এর পর থেকে দুই পক্ষ একে অন্যের বিরুদ্ধে অবস্থান নিয়ে আলাদাভাবে দলীয় কর্মসূচি পালন করে যাচ্ছে। গত ২৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম সফরের সময় সার্কিট হাউসে বৈঠক করে দলীয় কোন্দল নিরসনের জন্য চট্টগ্রামের তিন প্রবীণ নেতা আখতারুজ্জামান চৌধুরী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও ইসহাক মিয়াকে দায়িত্ব দেন। তার পরও উভয় পক্ষ আলাদাভাবে দলীয় কর্মসূচি পালন করছে। ২০০৬ সালের ১৬ জুন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কাউন্সিল হয়। গত পাঁচ বছরেও মহানগরের পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্ভব হয়নি।চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সমস্যা সম্পর্কে জানতে চাইলে আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেন, চট্টগ্রামের কোন্দল অনেকটা প্রশমিত। বাগিবতণ্ডা আর আগের মতো নেই। প্রধানমন্ত্রী শিগগিরই নেতাদের ডেকে কোন্দল নিষ্পত্তি করবেন।রাজশাহী মহানগর চলছে লিটনের একক ইচ্ছায়: সূত্র জানায়, রাজশাহী মহানগর আওয়ামী লীগে চলছে মেয়র খায়রুজ্জামান লিটনের একক আধিপত্য। সেখানে দলীয় কার্যক্রম তেমন একটা নেই। শুধু কেন্দ্রঘোষিত দিবসভিত্তিক কর্মসূচি পালিত হয়। দলের পুরোনো অনেকেই নিষ্ক্রিয় হয়ে গেছেন বলে জানা গেছে।২০০৪ সালের কাউন্সিলে মাসুদুল হক ডুলুকে সভাপতি ও খায়রুজ্জামান লিটনকে সাধারণ সম্পাদক করে রাজশাহী মহানগরের কমিটি করা হয়। একসময় মহানগর আওয়ামী লীগ ডুলু-লিটন দুই গ্রুপে বিভক্ত ছিল। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় সিটি করপোরেশন নির্বাচনে লিটন দলীয় মনোনয়ন পেলেও ডুলু সিদ্ধান্ত অমান্য করে মেয়র পদে প্রার্থী হন। নির্বাচনের কিছুদিন পর ডুলু মারা যান। এর পর থেকেই মহানগরের রাজনীতি লিটনকেন্দ্রিক হয়ে পড়েছে। গত দুই-আড়াই বছরেও সভাপতির দায়িত্ব কাউকে দেওয়া হয়নি। এ নিয়ে দলের মধ্যে ক্ষোভ ছিল, কিন্তু লিটনের সামনে সাহস করে কথা বলার কেউ নেই। শেষ পর্যন্ত মাস খানেক আগে কেন্দ্র থেকে চিঠি পাঠিয়ে এক নম্বর সহসভাপতি বজলুর রহমানকে ভারপ্রাপ্ত সভাপতি করার নির্দেশ দেওয়া হয়।জানতে চাইলে খায়রুজ্জামান লিটন প্রথম আলোকে বলেন, ‘মহানগরের কাউন্সিলের প্রক্রিয়া চলছে। ডুলুর লোকজন আমাদের সঙ্গেই আছেন, তবে কেউ কেউ নিষ্ক্রিয় রয়েছেন।’ রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন প্রথম আলোকে বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর রাজশাহী মহানগর আওয়ামী লীগের কাউন্সিলেরও উদ্যোগ নেওয়া হবে।রংপুর মহানগরে দুই কমিটি: রংপুর বিভাগ ঘোষণার পর আওয়ামী লীগ দলীয়ভাবে রংপুর শহরকে মহানগরের মর্যাদা দেয়। গত ২৩ ফেব্রুয়ারি দলীয় সভানেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে সাফিয়ার রহমানকে সভাপতি ও তুষারকান্তি মণ্ডলকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যের কমিটি করা হয়। কিন্তু একটি পক্ষ এ কমিটি মানছে না। গত ১ মার্চ দেলোয়ার তালুকদার নিজেকে সভাপতি ও রফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করেন। এরপর তাঁরা কয়েক দিন ধরে শহরে মোটরসাইকেল শোভাযাত্রা ও বিক্ষোভ মিছিল করে কেন্দ্রঘোষিত কমিটি ‘মানি না, মানি না’ বলে কয়েক দফা স্লোগান দিয়েছেন। গত ২৬ মার্চ শহীদ মিনারে ফুল দেওয়ার সময় দুই পক্ষের নেতাদের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তি হয়। বিদ্রোহী কমিটির সভাপতি দেলোয়ার তালুকদার আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও একজন সংস্কারপন্থী জ্যেষ্ঠ নেতার আশীর্বাদপুষ্ট বলে জানা গেছে।এ প্রসঙ্গে রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘রংপুর মহানগরে সাংগঠনিক কোনো সমস্যা নেই। কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত যে কমিটি ঘোষণা করা হয়েছে, তাদের নেতৃত্বে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ। এখানে অন্য কারও অস্তিত্ব আমরা স্বীকার করি না।’বরিশালে আহ্বায়ক কমিটি আট বছর ধরে: ২০০৩ সালে বরিশাল মহানগরে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। শওকত হোসেন হিরণকে আহ্বায়ক ও আফজালুল করিমকে যুগ্ম আহ্বায়ক করে গঠিত এ কমিটি আট বছর ধরে দায়িত্ব পালন করছে। দীর্ঘ সময়েও সেখানে কাউন্সিলের উদ্যোগ নেওয়া হয়নি। ফলে রাজনৈতিক কর্মকাণ্ডে স্থবিরতা বিরাজ করছে। বরিশালে শুধু দিবসভিত্তিক দলীয় কর্মসূচি কোনোরকমে পালিত হয়। সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আহ্বায়ক শওকত হোসেন দলীয় কার্যালয় বা কর্মসূচিতে খুব একটা যান না বলে অভিযোগ রয়েছে। সিটি করপোরেশন কার্যালয়েই নেতা-কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। বরিশাল জেলা সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহর সঙ্গে তাঁর শীতল সম্পর্ক। বরিশাল মহানগরে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নেই বললেই চলে।জানতে চাইলে বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, বরিশাল মহানগরে সাত-আট বছর ধরে আহ্বায়ক কমিটি রয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ হলেই সেখানে কাউন্সিল করে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠা করা হবে।সিলেটে পূর্ণাঙ্গ কমিটি হলো না ছয় বছরেও: ২০০৫ সালের নভেম্বরে সিলেট মহানগরের কাউন্সিল হয়। তখন বদরউদ্দিন আহমদ কামরান সভাপতি ও মিজবাহউদ্দিন সিরাজকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়। ২০০৯ সালের ২৪ জুলাই আওয়ামী লীগের কেন্দ্রীয় কাউন্সিলে মিজবাহউদ্দিন সিরাজ দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান। আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুসারে একই ব্যক্তি দলের দুটি শাখার কর্মকর্তা পদে থাকতে পারেন না। ফলে সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শূন্য হয়ে গেছে। দুই বছর ধরে সিলেট মহানগর আওয়ামী লীগের ৭১ সদস্যের কমিটির শুধু সভাপতির একটি পদে মেয়র কামরান সক্রিয় রয়েছেন, বাকি ৭০টি পদ এখনো শূন্য। নেতৃত্বশূন্য থাকায় আওয়ামী লীগের মতো বড় দলের সিলেট মহানগরে দলীয় কার্যালয় পর্যন্ত নেই। মেয়র কামরানের সঙ্গে শুধু সিটি করপোরেশনভিত্তিক কিছু কাজে মুষ্টিমেয় নেতা-কর্মীর যোগাযোগ আছে বলে জানা গেছে।এ প্রসঙ্গে জানতে চাইলে সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মিজবাহউদ্দিন সিরাজ বলেন, শিগগিরই ওয়ার্ডের কাউন্সিল করে মহানগরের কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি করা হবে।খুলনা মহানগর কমিটির মেয়াদ শেষ: সূত্র জানায়, টেন্ডার বা ভাগাভাগি নিয়ে কিছুটা বিরোধ থাকলেও খুলনা মহানগরে দলীয় কোন্দল তেমন নেই। মহানগর সভাপতি তালুকদার আবদুল খালেক ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের নেতৃত্বে খুলনায় দলীয় কর্মসূচি মোটামুটি পালিত হয়। তালুকদার খালেক খুলনার মেয়র হলেও দলীয় কার্যক্রমে সক্রিয় রয়েছেন। নিয়মিত তিনি দলীয় কার্যালয়ে বসেন। ২০০৪ সালের ১৫ জানুয়ারি খুলনা মহানগরের কাউন্সিল হলেও ছয় বছর হলো কমিটির মেয়াদ পেরিয়েছে। দীর্ঘ সময়েও কাউন্সিলের উদ্যোগ নেই।