আ.লীগের জন্য এক, বিএনপির জন্য আরেক বিচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমতাসীন মহাজোট সরকারকে ‘বোবা, কালা, অপদার্থ সরকার’ বলে অভিহিত করে বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া বলেছেন, ব্যর্থ এ সরকারের ক্ষমতায় থাকার আর কোনো অধিকার নেই।আজ মঙ্গলবার ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী ঐক্য প্যানেল থেকে নির্বাচিতদের সংবর্ধনা অনুষ্ঠানে খালেদা জিয়া এ কথা বলেন। নগরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ওই সংবর্ধনার আয়োজন করা হয়।ঢাকায় সৌদি কূটনীতিক খুনের প্রসঙ্গ উল্লেখ করে খালেদা জিয়া বলেন, বিদেশিরা পর্যন্ত আজ এ দেশে নিরাপদ নয়। প্রধানমন্ত্রী বলেছেন, বেডরুমে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। শুধু বেডরুম নয়, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান কোথাও আজ মানুষ নিরাপদ নয়। তিনি বলেন, আজ এমন অবস্থা হয়েছে যে সত্য কথা বলা যাবে না, লেখা যাবে না। জনগণের পক্ষে সংবাদ পরিবেশন করায় সাংবাদিকদের নির্যাতন, হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির চেয়ারপারসন। তিনি বলেন, খুন, গুম, ছিনতাই, রাহাজানি চলছে আর সরকার ঘুমিয়ে আছে। কাউকে ধরছে না। ধরলেও আবার ছেড়ে দেওয়া হচ্ছে। তারপর তারা দ্বিগুণ উত্সাহ নিয়ে আবার অপরাধ করছে।খালেদা জিয়া দাবি করেন, ‘দেশে এখন বিচার বিভাগের স্বাধীনতা নেই। সমান ন্যায়বিচার অনুপস্থিত। আওয়ামী লীগের জন্য এক বিচার আর বিএনপি ও সাধারণ জনগণের জন্য আরেক বিচার করা হচ্ছে। খুন করেও আওয়ামী লীগের লোকজন মাফ পেয়ে যাচ্ছে। আর কিছু না করলেও বিএনপির লোকজনকে মিথ্যা মামলায় জড়িয়ে জেল দেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘তারা যা ইচ্ছা বলছে, কিছু হচ্ছে না। আর আমাদের লোকজন কথা বললেই মামলা জিডি হয়।’খালেদা জিয়া বলেন, এখন সংসদে শুধু সমালোচনা আর গালিগালাজ হয়। অশালীন ভাষায় কথা বলা হয়। এ জন্য স্পিকার পর্যন্ত বলেছেন, সংসদ এখন মাছের বাজার।অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, রফিকুল ইসলাম মিয়া, ঢাকা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি বোরহান উদ্দিন প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বারের জ্যেষ্ঠ আইনজীবী লুেফ আলম।