সারা দেশে পৌর নির্বাচনের ফলাফলে মেয়র পদে সংখ্যার দিক থেকে আওয়ামী লীগ এগিয়ে থাকলেও সার্বিক বিচারে পিছিয়েছে। তুলনামূলকভাবে অর্জন বেশি বিএনপির।দেশের সাতটি বিভাগের মধ্যে চারটির (ঢাকা, রাজশাহী, রংপুর ও খুলনা) ফলাফলে ধাক্কা খেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।ঢাকা বিভাগে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী বেশি জিতলেও রাজধানীর আশপাশের পৌরসভায় বিএনপি ভালো করেছে। এমনকি এ বিভাগে আওয়ামী লীগের দুর্গ বলে পরিচিত জামালপুর, কিশোরগঞ্জ, শেরপুর, ফরিদপুর এবং একাধিক সাংসদ, হুইপ ও সংসদ উপনেতার নির্বাচনী এলাকার বেশ কিছু পৌরসভায় বিএনপির প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।নির্বাচনের এই ফলকে শাসক দলের জন্য জনগণের পক্ষ থেকে একটা সতর্কবার্তা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।লেখক ও রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ আবুল মকসুদের মতে, ‘সরকার মহাসমারোহে তার দুই বছর পূর্তি উদ্যাপন করেছে। তার এক সপ্তাহ পরই পৌর নির্বাচনের ফলাফল আওয়ামী লীগকে বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছে। শুধু বিজয়ী মেয়রের সংখ্যার দিক থেকে নয়, ভোটের বিচারেও সরকারের জন্য দুঃসংবাদ।’অপরদিকে বিরোধী দল বিএনপি এ নির্বাচনের সার্বিক ফলাফলে উৎসাহিত। দলটির নেতারা মনে করেন, এর মধ্যদিয়ে তৃণমূলে বিএনপির শক্তি বেড়েছে। একই সঙ্গে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের জনপ্রিয়তা হ্রাসেরও একটা বহিঃপ্রকাশ। তবে এ নির্বাচনে বিএনপি দেশের উত্তরাঞ্চলের দুই বিভাগে বেশ ভালো করলেও দক্ষিণাঞ্চলের বরিশাল বিভাগে বিপর্যয় ঘটেছে দলটির। এর জন্য সেখানে সাংগঠনিক দুর্বলতা ও দলীয় কোন্দলই সবচেয়ে বেশি দায়ী বলে মনে করছেন দলটির স্থানীয় নেতারা। অবশ্য দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আওয়ামী লীগের বড় ঘাঁটি হিসেবে পরিচিত যশোরে দলটির বিপর্যয় ঘটেছে। যশোরের সাতটি পৌরসভার মধ্যে মাত্র একটিতে জিতেছে আওয়ামী লীগ। খুলনা বিভাগে পৌর নির্বাচনের সার্বিক ফলাফল বিএনপিরই অনুকূলে। গত সোমবার পর্যন্ত রাজশাহী, রংপুর, বরিশাল, খুলনা, ঢাকা—এই পাঁচ বিভাগে ১৮৪টি পৌরসভায় ভোট হয়েছে। এর মধ্যে ১৮২টি পৌরসভার যে বেসরকারি ফলাফল বের হয়েছে, তাতে বিদ্রোহী প্রার্থীসহ আওয়ামী লীগের মেয়র প্রার্থী জিতেছেন ৮৬টিতে। অর্থাৎ বাকি ৯৬টিতে ক্ষমতাসীন দলটি হেরেছে। ১৮২টির মধ্যে বিদ্রোহীসহ বিএনপির প্রার্থী জিতেছেন ৭৫টি, জামায়াত পাঁচটি, জাতীয় পার্টি দুটি ও নির্দলীয় প্রার্থী ১৪টি পৌরসভায় জিতেছেন। এর মধ্যে অনেক ক্ষেত্রে নির্দলীয় প্রার্থীর সঙ্গে আওয়ামী লীগের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায়ও আসেননি। আর যে দুটির (ঢাকার কালিয়াকৈর ও টাঙ্গাইলের ঘাটাইল) ফলাফল স্থগিত, সেখানেও বিএনপির প্রার্থী এগিয়ে আছেন।গতকাল মঙ্গলবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের ৫৮টি পৌরসভায় ভোট হয়েছে। সর্বশেষ পাওয়া ৫৪টি পৌরসভার বেসরকারি ফলাফলে বিদ্রোহীসহ আওয়ামী লীগ জিতেছে ২৩টিতে। বিদ্রোহীসহ বিএনপি জিতেছে ২৮টিতে, নির্দলীয় দুই এবং এলডিপির প্রার্থী একটিতে জয়ী হন। এই দুই বিভাগেও আওয়ামী লীগ পিছিয়ে আছে।অবশ্য আওয়ামী লীগের নীতিনির্ধারকেরা রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগে ফলাফল খারাপের জন্য মেয়র পদে বিদ্রোহী প্রার্থীদের দায়ী করছেন। যদিও বিদ্রোহী প্রার্থীজনিত একই সমস্যা বিএনপিরও ছিল।মাঠপর্যায়ে প্রথম আলোর প্রতিনিধিদের পর্যবেক্ষণ এবং দলীয় বিভিন্ন সূত্রের সঙ্গে কথা বলে জানা যায়, আওয়ামী লীগের খারাপ ফলাফলের জন্য শুধু বিদ্রোহী প্রার্থী নয়, অনেক স্থানে দলীয় সাংসদ ও উপজেলা চেয়ারম্যানদের মধ্যে দ্বন্দ্ব, সাংসদদের গণবিমুখিতা, দলীয় কোন্দল দায়ী।রাজনৈতিক পর্যবেক্ষকেরা মনে করেন, গত দুই বছরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশেষ করে পৌর নির্বাচনের আগমুহূর্তে ভরা মৌসুমেও চালের দাম অস্বাভাবিক বৃদ্ধি ও বিদ্যুৎ বিভ্রাট নির্বাচনে প্রভাব ফেলেছে। এর বাইরে একশ্রেণীর নেতা-কর্মীর উচ্ছৃঙ্খল আচরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি প্রভৃতি কারণেও সরকারের জনপ্রিয়তা কমেছে।আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেন, সরকারের জনপ্রিয়তা মাপার এটাই মাপকাঠি নয়। জনপ্রিয়তা ওঠানামা করে। তা ছাড়া সরকারের অনেক কার্যক্রম প্রক্রিয়াধীন। তবে ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের একাধিক নেতা স্বীকার করেছেন, দলীয় কোন্দল, প্রার্থী নির্বাচনে ভুল হওয়ার কারণে কিছু পৌরসভায় আওয়ামী লীগের ফল খারাপ হয়েছে।ভুল প্রার্থীকে সমর্থন দেওয়ার বড় প্রমাণ পাঁচ বিভাগের ১৮২টি পৌরসভার মধ্যে ১৮টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন।উত্তরবঙ্গে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আওয়ামী লীগে সবচেয়ে বেশি বিশৃঙ্খলা ছিল। কোথাও কোথাও চার-পাঁচজন বিদ্রোহী প্রার্থীও ছিলেন। যশোরসহ খুলনা বিভাগে আওয়ামী লীগের ৩৬ জন সাংসদ ও ৫৯ জন উপজেলা চেয়ারম্যান থাকলেও পৌর নির্বাচনে ভরাডুবি হয়েছে। এ জন্য সাংসদ ও উপজেলা চেয়ারম্যানের দ্বন্দ্ব, সাংসদদের জনবিচ্ছিন্নতা এবং দলীয় কোন্দল অনেকাংশে দায়ী বলে মনে করা হচ্ছে। অপরদিকে বর্তমান সরকার রংপুরকে নতুন বিভাগ করলেও ফলাফল ঘরে নিতে পারেনি।অবশ্য আওয়ামী লীগের অন্যতম সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হকের মতে, বিদ্রোহী প্রার্থী ও অভ্যন্তরীণ কোন্দলের জন্য দলীয় প্রার্থী হেরেছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘অনেক চেষ্টা করেছি, অক্লান্ত পরিশ্রম করেছি, কিন্তু থামাতে পারিনি।’এটা ঠিক যে, অনেক স্থানেই আওয়ামী লীগ-সমর্থিত ও বিদ্রোহী প্রার্থীর ভোট যোগ করলে বিজয়ী বিএনপি প্রার্থীর চেয়ে অনেক বেশি হয়। কিন্তু দলীয় কোন্দল ও বিদ্রোহী প্রার্থীর কারণে এ সংকট বিএনপিরও ছিল। তবে মাঠপর্যায়ের তথ্য-উপাত্ত ও ফল বিশ্লেষণ করে দেখা যায়, বিদ্রোহী প্রার্থীরা তুলনামূলকভাবে বিএনপির চেয়ে আওয়ামী লীগকেই বেশি ভুগিয়েছেন। ১৮২টি পৌরসভার মধ্যে বিএনপির আটজন বিদ্রোহী প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছেন।বরিশাল বিভাগের ২১টি পৌরসভার মধ্যে মাত্র একটিতে বিএনপির মেয়র প্রার্থী বিজয়ী হন। বরিশালের ভরাডুবির জন্য বিএনপির সাংগঠনিক দুর্বলতা ও দলীয় কোন্দলই বেশি দায়ী বলে স্থানীয় সূত্রগুলো মনে করছে। এ ছাড়া দলটির বরিশাল বিভাগের জ্যেষ্ঠ নেতারা নির্বাচনী মাঠে নিষ্ক্রিয় ছিলেন বলে অভিযোগ আছে।অবশ্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার প্রথম আলোকে বলেন, অন্যান্য বিভাগে বিএনপি ভালো করলেও বরিশালে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি থাকায় ভালো করা যায়নি। অনেক প্রার্থী এলাকায় থাকতে পারেননি। তা ছাড়া কোথাও কোথাও বিদ্রোহী প্রার্থীও ছিলেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।সৈয়দ আবুল মকসুদ প্রথম আলোকে বলেন, ‘আওয়ামী লীগের নেতা ওবায়দুল কাদের ঠিকই বলেছেন, আওয়ামী লীগের জনপ্রিয়তায় ধস আনার জন্য শুধু বিদ্রোহী প্রার্থীদের দায়ী করা যাবে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলার অবনতি এর জন্য দায়ী। তার সঙ্গে আমি যোগ করব, সরকারের সার্বিক কর্মকাণ্ডে মানুষ সন্তুষ্ট নয়। সে কথাই জনগণ জানিয়ে দিয়েছে। এই নির্বাচন সরকারের জন্য সতর্কবার্তা। তাই সরকারি দলের নেতাদের এখন আত্মপ্রশংসায় ব্যস্ত না থেকে আত্মবিশ্লেষণ করা দরকার।’ তাঁর মতে, যদি সরকারি ও বিরোধী দল শিক্ষা নেয়, তবে এ ধরনের নির্বাচন টেকসই গণতন্ত্রের জন্য ভালো।