আ.লীগের দলীয় কর্মকাণ্ডে গতি নেই
আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকাণ্ড গতি পাচ্ছে না। ঢিলেঢালাভাবে চলছে কেন্দ্র নির্দেশিত দলীয় কর্মসূচি। জেলায় জেলায় বর্ধিত সভা, সদস্য সংগ্রহ অভিযান এবং সাংগঠনিক সফরের কর্মসূচি দেওয়া থাকলেও তা ভালোভাবে পালিত হচ্ছে না। তবে চলতি মাসের মধ্যেই কেন্দ্রীয় নেতাদের সারা দেশের সাংগঠনিক সফর শেষ হবে বলে দলীয় নীতিনির্ধারকেরা আশা করছেন। গত ৩০ জানুয়ারি বর্ধিত সভার পর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে আগামী জুন পর্যন্ত দলীয় সদস্য সংগ্রহ অভিযান অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়। এ ছাড়া সাংগঠনিক সম্পাদকদের জেলা ও উপজেলায় বর্ধিত সভার মাধ্যমে সাংগঠনিক সমস্যা চিহ্নিত করে তা দ্রুত নিরসনের সিদ্ধান্ত হয়। একই সঙ্গে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে সারা দেশে সভা-সমাবেশ করারও সিদ্ধান্ত হয়।আগামী জুনের পর তৃণমূল কাউন্সিল শুরু করার পরিকল্পনাও আছে আওয়ামী লীগের। পর্যায়ক্রমে ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা, উপজেলা ও জেলার কাউন্সিল হবে। ১৮ মার্চ থেকে আওয়ামী লীগের সাংগঠনিক সফর শুরু হয়। সূত্র জানায়, মাসখানেক আগে জেলায় জেলায় বর্ধিত সভা শুরু হলেও তা ধীরগতিতে চলছে। বেশির ভাগ জেলাতেই এখন পর্যন্ত বর্ধিত সভা হয়নি। কেন্দ্রীয় নেতাদের ১৬টি দলে ভাগ করে সাংগঠনিক সফরের দায়িত্ব দেওয়া হলেও বেশির ভাগ দল এখন পর্যন্ত সফর শুরু করেনি। তবে সদস্য সংগ্রহ অভিযান ভালোভাবে চলছে বলে দলের প্রচার সম্পাদক নূহ-উল আলম লেনিন এবং উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস দাবি করেছেন। প্রথম আলোকে তাঁরা বলেন, প্রতিটি সদস্য ফরম থেকে কেন্দ্র দুই টাকা হারে পায়। সে হিসাবে এখন পর্যন্ত ৫০ লাখ টাকার ফরম বিক্রি হয়েছে। সূত্র জানায়, ঢাকা বিভাগের আওয়ামী লীগের সাংগঠনিক তৎপরতা খুবই কম। এখন পর্যন্ত এ বিভাগের কোনো জেলায় বর্ধিত সভা হয়নি। দলীয় সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম এবং সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে প্রধান করে ঢাকা বিভাগের ১৭টি জেলায় সাংগঠনিক সফর করার কথা থাকলেও এখন পর্যন্ত একটি জেলায়ও সফর হয়নি।ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, এ বিভাগের অনেক জেলায় সফর ও বর্ধিত সভার তারিখ নির্ধারণ করা হয়েছে। ১৩ এপ্রিল মানিকগঞ্জে সমাবেশ হবে। তিনি দেশের বাইরে থাকায় বর্ধিত সভা শুরু করা সম্ভব হয়নি বলে জানান। শিগগিরই শুরু হবে। তবে সদস্য সংগ্রহ অভিযান চলছে। সূত্র জানায়, চট্টগ্রাম বিভাগের শুধু কক্সবাজার, চট্টগ্রাম মহানগর ও লক্ষ্মীপুর জেলায় বর্ধিত সভা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা উত্তরের সভাপতি দেশের বাইরে থাকায় বর্ধিত সভা করা যাচ্ছে না। সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদেরের নেতৃত্বাধীন একটি দল গতকাল নোয়াখালী সফর করেছে। সভাপতিমণ্ডলীর অপর দুই সদস্য আতাউর রহমান খান কায়সার এবং মহীউদ্দীন খান আলমগীরের নেতৃত্বাধীন দলের সফর এখনো শুরু হয়নি। এ বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন প্রথম আলোকে বলেন, পর্যায়ক্রমে সব জেলায় সফর ও বর্ধিত সভা হবে। সূত্র জানায়, খুলনা বিভাগের যশোর, কুষ্টিয়া ও খুলনা জেলায় সাংগঠনিক সফর হয়েছে। তবে একটি জেলায়ও বর্ধিত সভা হয়নি। দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, মে মাসের ১৫ তারিখের মধ্যে সব জেলার বর্ধিত সভা শেষ হবে।সূত্র জানায়, বরিশাল বিভাগের বেশির ভাগ জেলায় বর্ধিত সভা হয়েছে। সদস্য সংগ্রহ অভিযানও চলছে। বরগুনা, বরিশাল ও পটুয়াখালী জেলায় সাংগঠনিক সফর শেষ হয়েছে। তবে ঝালকাঠিতে এখনো বর্ধিত সভা হয়নি। ভোলায় দু-এক দিনের মধ্যেই সাংগঠনিক সফর শুরু হবে বলে দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম জানিয়েছেন। সূত্র জানায়, রাজশাহী বিভাগে আওয়ামী লীগের সাংগঠনিক তৎপরতা সবচেয়ে ভালো। এ বিভাগের নয় জেলার মধ্যে আটটিতেই বর্ধিত সভা ও সাংগঠনিক সফর শেষ হয়েছে। শুধু চাঁপাইনবাবগঞ্জে বর্ধিত সভা হয়নি। এ জেলার সভাপতি বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক সময় দিতে না পারায় বর্ধিত সভা করা যাচ্ছে না বলে জানা গেছে। দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মাহমুদ আল স্বপন জানান, এ বিভাগে সদস্য সংগ্রহ অভিযানে ব্যাপক সাড়া পাওয়া গেছে। তবে সমাজবিরোধীরা যাতে সদস্য হতে না পারে, সেদিকে কড়া নজর দেওয়া হয়েছে।সূত্র জানায়, রংপুর বিভাগে রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট জেলায় বর্ধিত সভা হয়েছে। তবে সাংগঠনিক সফর হয়নি। দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, অন্যান্য জেলায় সাংগঠনিক সফর ও বর্ধিত সভা খুব দ্রুত শেষ হবে। সদস্য সংগ্রহ অভিযানে এ বিভাগে ভালো সাড়া পাওয়া গেছে বলে জানান তিনি।সূত্র জানায়, সিলেট বিভাগের সিলেট জেলা ও মহানগরে বর্ধিত সভা হয়েছে। কোনো জেলায় সাংগঠনিক সফর হয়নি। শনিবার সিলেট বিভাগে সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন হবে। দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মিজবাহউদ্দিন সিরাজ বলেন, হাওরাঞ্চলে বন্যার জন্য এ বিভাগে পুরোদমে সাংগঠনিক তৎপরতা চালানো যাচ্ছে না।