আ.লীগের দুই পক্ষের কর্মসূচি, মোরেলগঞ্জে ১৪৪ ধারা
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় স্থানীয় পুলিশ প্রশাসন পৌর ভবন ও পার্ক এলাকায় আজ রোববার সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সব ধরনের সভা, সমাবেশ ও বিক্ষোভ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেছে।আওয়ামী লীগের স্থানীয় নেতারা বলেন, দলটির মোরেলগঞ্জ উপজেলা কমিটির সভাপতি আমিরুল আলম মিলনের নেতৃত্বাধীন অংশটি আজ সকাল ১০টায় পৌর মিলনায়তনে বর্ধিত সভা আহ্বান করে। এ অংশটির প্রতিপক্ষ হিসেবে পরিচিত উপজেলা কমিটির সাধারণ সম্পাদক এমদাদুল হকের নেতৃত্বাধীন অংশ একই সময়ে পৌর পার্কে যুদ্ধাপরাধের বিচারের দাবিতে মিছিল ও সমাবেশ আহ্বান করে। এতে দুটি পক্ষের মধ্যে সংঘাতের আশঙ্কা দেখা দেয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জোহর আলী জানান, মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।আমিরুল আলম অভিযোগ করেন, এমদাদুল হক প্রশাসনকে দিয়ে এই নিষেধাজ্ঞা জারি করিয়ে তাঁদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়েছেন।এমদাদুল হক বলেন, আমিরুল আলম হীন স্বার্থে দলের মধ্যে কোন্দল সৃষ্টি করতে ও তাঁদের পূর্বঘোষিত কর্মসূচি পণ্ড করতে স্থানীয় প্রশাসনকে দিয়ে ১৪৪ ধারা জারি করিয়েছেন। তিনি আরও অভিযোগ করেন, শনিবার বিকেলে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দমিছিলও বাধাগ্রস্ত করার চেষ্টা করেছিলেন আমিরুল আলম।মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেন।