আ.লীগের নির্বাচনী ভাগ্য নেতা-কর্মীদের ওপর নির্ভর করে: আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম তৃণমূলের নেতাদের উদ্দেশে বলেছেন, ‘দলের নেতা-কর্মীদের কর্মকাণ্ডের ওপর নির্ভর করবে আগামী নির্বাচনে আওয়ামী লীগের ভাগ্য। আমাদের কর্মকাণ্ডের কারণে যদি মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি ক্ষমতায় আসে, তাহলে আমাদের অস্তিত্বই বিপন্ন হবে।’সৈয়দ আশরাফ সরকারের কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরার আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা সঠিক পথেই যাচ্ছি। আওয়ামী লীগের নেতা-কর্মীরা যাতে এই পথ থেকে বিচ্যুত না হয়, এলাকায় গিয়ে তা মানুষকে বোঝাতে হবে।’আওয়ামী লীগের জেলা পর্যায়ের প্রচার-প্রকাশনা ও তথ্য-গবেষণা সম্পাদকদের কর্মশালার সমাপনী অনুষ্ঠানে আজ শনিবার সৈয়দ আশরাফ এসব কথা বলেন। গতকাল শুক্রবার গণভবনে দুই দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সমাপনী দিনের কর্মশালা হয়। সৈয়দ আশরাফ দলের নেতা-কর্মীদের সতর্ক করে দিয়ে বলেন, আওয়ামী লীগ দুর্নীতি ঘৃণা করে এবং আইনের শাসনে বিশ্বাস করে। আওয়ামী লীগের নামে কেউ দুর্নীতিতে যুক্ত হলে এবং আইন ভাঙলে মানুষের বিশ্বাসে আঘাত আসে। তাই কারও সামান্য স্বার্থ চরিতার্থ করার জন্য আওয়ামী লীগের ওপর মানুষের বিশ্বাস নষ্ট করা ঠিক নয়।