আ.লীগের নূরনবী চৌধুরীকে বিজয়ী ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল শনিবারে অনুষ্ঠিত ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নূরনবী চৌধুরী তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী হাফিজউদ্দিন আহমেদের চেয়ে ৫১ হাজার ৭১৫ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার আজ দুপুর ১২টায় ভোলা জেলা পরিষদ কার্যালয়ে এ চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।নির্বাচনী এলাকাটির ৮৬টি ভোটকেন্দ্রের মোট ভোটার সংখ্যা ছিল দুই লাখ ৩৪ হাজার ৯২৬। তবে গতকাল নয়টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। বাকি ৭৭টি কেন্দ্রের মোট ভোটার সংখ্যা এক লাখ ৩৭ হাজার ৫৫২। রিটার্নিং কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার আজ সরকারিভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণাকালে জানান, ওই ৭৭টি কেন্দ্রে নূরনবী চৌধুরী পেয়েছেন ৯৩ হাজার ৮৭৩ ভোট ও হাফিজউদ্দিন আহমেদ পেয়েছেন ৪২ হাজার ৫২৮ ভোট। তালিকাভুক্ত ভোটারদের ৬৭.১৭ শতাংশ গতকাল ভোট প্রদান করেন। চূড়ান্ত ফলাফল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বীতাকারী অন্যান্য প্রার্থীর পশািপাশি নূরনবী চৌধুরী ও হাফিজউদ্দিন আহমেদকে বিশেষভাবে নিমন্ত্রণ করা হলেও দুজনের কেউই সেখানে উপস্থিত ছিলেন না। তবে নূরনবী চৌধুরীর পক্ষ থেকে রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে নির্বাচনী ফলাফল বিবরণী গ্রহণ করেন জেলা আওয়ামী লীগ সভাপতি ফজলুল কাদের মজনু। স্থগিত নয়টি কেন্দ্রের ভোটার সংখ্যা প্রায় ৩২ হাজার।নির্বাচন কমিশনের এক কর্মকর্তা বলেন, স্থগিত নয়টি কেন্দ্রের মোট ভোটার সংখ্যার চেয়ে নূরনবী চৌধুরী বেশি ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী হাফিজউদ্দিন আহমেদের চেয়ে এগিয়ে আছেন বিধায় গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ২৫ নং ধারা অনুযায়ী এই কেন্দ্রগুলোতে আর ভোট গ্রহণের প্রয়োজন হবে না।নির্বাচনী এলাকায় আজ বড় ধরনের কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। বিশেষ করে লালমোহন উপজেলায় পরিস্থিতি এখন পুরোপুরি শান্ত। কিন্তু তজুমদ্দিন উপজেলার বিভিন্ন এলাকায় কিছু ব্যক্তির ওপর হামলা ও মারধরের সংবাদ পাওয়া গেছে। গতকাল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক প্রস্তুতি ও টহলের মধ্যেও বিভিন্ন ভোটকেন্দ্রের বাইরে ও আশপাশে ভোটারদের বাধা দেওয়া, হামলা এবং কেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের বের করে দেওয়ার ঘটনা ঘটে। এসব ঘটনার পর নির্বাচন কমিশন নয়টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করে।