প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের ৬৫তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে আজ বুধবার রাত আটটার দিকে দেশে ফিরেছেন। বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তিনি গণভবনের উদ্দেশে রওনা হন।বাংলাদেশ এমডিজি পুরস্কার লাভ করায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে এরই মধ্যে বিমানবন্দরে ও আশপাশের রাস্তায় জড়ো হয়েছে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ফলে এয়ারপোর্টের ভিভিআইপি টার্মিনাল গেট থেকে বনানী ক্যান্টনমেন্ট পর্যন্ত রাস্তার বেশির ভাগ অংশই স্থবির হয়ে পড়েছে। এর মধ্য দিয়ে অল্প কিছু যানবাহনকে খুবই ধীরগতিতে চলাচল করতে দেখা যায়। নেতা-কর্মীরা রাস্তার দুই পাশে ও রাস্তায় বাদ্যযন্ত্র বাজিয়ে এবং রং মেখে আনন্দ-উল্লাস করছে।প্রধানমন্ত্রী ১৮ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অর্জনে শিশু মৃত্যুর হার কমিয়ে আনার ক্ষেত্রে সফলতা লাভ করায় বাংলাদেশ এবার এমডিজি পুরস্কার পেয়েছে। ১০ দিনের নিউইয়র্ক সফরকালে প্রধানমন্ত্রী বাংলাদেশের পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন।