আ.লীগের নেতা-কর্মীসহ ১১ জনের জামিন নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে দরপত্র প্রদানে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস), আওয়ামী লীগের নেতা-কর্মীসহ ১১ জনের জামিন নামঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার আদালতে তাঁদের জামিনের আবেদন করা হলে বিচারক তাঁদের জামিন নামঞ্জুর করেছেন।আদালত সূত্রে জানা গেছে, আজ জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে গ্রেপ্তার হওয়া ১১ জনের জামিনের আবেদন করেন প্রায় অর্ধশত আইনজীবী। আদালতে শুনানির পর বিচারক তাঁদের জামিনের আবেদন নামঞ্জুর করে তাঁদের আবারও কারাগারে পাঠানোর নির্দেশ দেন।এদিকে জেলা আওয়ামী লীগের বিবদমান দুটি পক্ষের একটি পক্ষ টেন্ডারবাজির ঘটনায় বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। তারা স্থানীয় প্রশাসনের সঙ্গে আজ সাক্ষাত্ করে জেলার আইনশৃঙ্খলার পরিস্থিতি অনুকূলে রাখতে সহযোগিতার আশ্বাস দিয়েছে।উল্লেখ্য, গতকাল মঙ্গলবার রংপুর পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কার্যালয়ে লালমনিরহাট জেলার হাতীবান্ধা ও আদিতমারী এলাকায় তিস্তা নদীর বাঁ তীরের বাঁধ রক্ষণাবেক্ষণের জন্য ২৩ কোটি টাকার দরপত্র দাখিল করতে গিয়ে আওয়ামী লীগের নেতারা ঠিকাদারদের বাধা দিয়েছেন বলে অভিযোগ করা হয়। এই অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল থেকে প্রতিমন্ত্রীর এপিএস, আওয়ামী লীগের নেতা-কর্মীসহ ১১ জনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে দ্রুত বিচার আইনে তাঁদের বিরুদ্ধে মামলা করেন পাবনার আবদুল বাসেদ নামের এক ঠিকাদার।