আ.লীগের নেতার লোক সুযোগ না পাওয়ায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যাশনাল সার্ভিসের প্রশিক্ষণে লোক নির্বাচন নিয়ে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তার কার্যালয় ও সরকারি কর্মকর্তাদের বাসভবনে ভাঙচুর করেছেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় তাঁরা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সায়াদ উদ্দিন আহম্মেদকেও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পরে পুলিশ এলে তাদের সঙ্গে ধাক্কাধাক্কি করেন নেতা-কর্মীরা। গতকাল শনিবার সকাল সাড়ে নয়টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ ঘটনা ঘটে।লাঞ্ছিত যুব উন্নয়ন কর্মকর্তা সায়াদ উদ্দিন অভিযোগ করেন, প্রশিক্ষণে পছন্দের লোক সুযোগ না পাওয়ায় উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক সরাফত হোসেন ওরফে লাবলু মৃধার নেতৃত্বে এ হামলা চালানো হয়। তবে আওয়ামী লীগের নেতা সরাফত হামলার অভিযোগ অস্বীকার করেছেন।প্রতি পরিবারে একজনকে চাকরি দেওয়া-বিষয়ক সরকারি প্রকল্পের নাম ন্যাশনাল সার্ভিস। বর্তমানে কুড়িগ্রাম, বরগুনা ও গোপালগঞ্জে এ প্রকল্প বাস্তবায়নাধীন।স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ন্যাশনাল সার্ভিসে দ্বিতীয় পর্যায়ে কাশিয়ানী উপজেলা থেকে প্রশিক্ষণে সুযোগ পাওয়া প্রার্থীদের তালিকা গতকাল সকালে উপজেলা পরিষদের সামনে স্থানীয় যুব উন্নয়ন কার্যালয়ে টাঙানো হয়। এই তালিকায় নাম না থাকায় অনেকেই ক্ষুব্ধ হয়ে ওঠেন। সকাল সাড়ে নয়টার দিকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ করে যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে তাঁরা যুব উন্নয়ন কার্যালয়ের জানালার কাচ ভাঙচুর করেন এবং কার্যালয়ের কর্মকর্তা মো. সায়াদ উদ্দিন আহম্মেদের নামফলক ভেঙে ফেলেন। বাধা দিতে গেলে নেতা-কর্মীরা সায়াদ উদ্দিনকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। নেতা-কর্মীরা পরে কার্যালয়ের পাশে উপজেলার সরকারি কর্মকর্তাদের বাসভবন অফিসার্স ডরমেটরিতে গিয়ে আসবাবপত্র ভাঙচুর করেন। এ সময় পুলিশ বাধা দিতে গেলে হামলাকারীদের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি হয়।বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা যুব উন্নয়ন কার্যালয় চত্বরে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুভাষ চন্দ্র বিশ্বাস। উপস্থিত অর্ধশতাধিক জনতার সামনে তিনি এ ঘটনার সমালোচনা করে বলেন, ‘সরকারি জানমালের ওপর হামলা বরদাশত করা হবে না। হামলা হলে হাতের বদলে হাত, দাঁতের বদলে দাঁত ও চোখের বদলে চোখ তুলে নেওয়া হবে।’পরে ইউএনও সুভাষের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমার এতটা কঠোর ভাষায় ভাষণ দেওয়া ঠিক হয়নি। বলা উচিত ছিল, হামলার ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরও বলেন, ‘আমার অফিসে কেউ এই ঘটনা ঘটালে সে যে দলের যে-ই হোক, তার ঠ্যাং ভেঙে দিতাম।’কাশিয়ানী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সায়াদ উদ্দিন আহম্মেদ সাংবাদিকদের জানান, ‘আওয়ামী লীগের নেতা সরাফত হোসেন লাবলু মৃধা দীর্ঘ তালিকা দিয়েছিলেন। কিন্তু তাঁর সব লোককে ন্যাশনাল সার্ভিসে দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণে নিতে পারিনি। এ কারণে তিনি লোকজন নিয়ে আমার কার্যালয় ও ডরমেটরি ভাঙচুর করেছেন।’সরাফত হোসেন দাবি করেন, ‘আমি কারও নাম সুপারিশ করিনি। অতএব, আমার হামলা করার প্রশ্নই আসে না। প্রশাসনের লোকজন দেখেছে, আমি হামলাকারীদের নিবৃত্ত করার চেষ্টা করেছি।’তবে কারা হামলা করল জানতে চাইলে সরাফত অভিযোগ করেন, ‘শুনেছি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অনিয়ম ও দুর্নীতি করে ন্যাশনাল সার্ভিসে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের ক্যাডারদের তালিকাভুক্ত করেছেন। এ কারণে ক্ষুব্ধ লোকজন এ ঘটনা ঘটিয়েছে। তারা মিছিলও করেছে।’অভিযোগ অস্বীকার করে যুব উন্নয়ন কর্মকর্তা সায়াদ উদ্দিন বলেন, ‘আমি কোনো অনিয়ম করিনি। একটা অনিয়মের প্রমাণ দেখাতে পারলে চাকরি ছেড়ে দেব।’বেলা একটার দিকে গোপালগঞ্জের জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন। তিনি এ ব্যাপারে মামলা করতে প্রশাসনকে এবং হামলাকারীদের গ্রেপ্তার করতে পুলিশকে অনুরোধ করেন।কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম জানান, ‘ভাঙচুর ও লাঞ্ছিতের ঘটনায় যুব উন্নয়ন কর্মকর্তা সায়াদ উদ্দিন আহম্মেদ লিখিত অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’