আ.লীগের পর মেয়র পদে বিএনপির সমর্থনও চূড়ান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ ইতিমধ্যে জেলা কমিটির সাধারণ সম্পাদক আজমত উল্লা খানের প্রতি সমর্থন জানিয়ে দিয়েছে। বিএনপির সমর্থন কে পাচ্ছেন, তা নিয়ে এত দিন জল্পনা-কল্পনা চলছিল। গতকাল মঙ্গলবার রাতে সেই জল্পনা-কল্পনার অবসান হয়েছে। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মান্নান চূড়ান্ত সমর্থন পেয়েছেন। আওয়ামী লীগকে সমর্থন না দিয়ে মেয়র পদে নিজেদের প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে মহাজোট সরকারের অন্যতম শরিক জাতীয় পার্টি। জানা গেছে, গতকাল এ ব্যাপারে আলোচনার জন্য গাজীপুর জাতীয় পার্টি-সমর্থিত প্রার্থী কাজী মাহমুদুল হাসানের বাসায় এসেছিলেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।কাল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। আওয়ামী লীগের পক্ষে গত ২৫ মে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমত উল্লা খানের প্রতি সমর্থন জানিয়ে দেওয়া হলেও এখন পর্যন্ত মাঠ থেকে সরে যাননি সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ও গাজীপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। বরং আজমতের প্রতি আওয়ামী লীগের সমর্থন ঘোষণার পরের দিন ২৬ মে সংবাদ সম্মেলনের মাধ্যমে জাহাঙ্গীর আলমের সমর্থনে নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নেন আওয়ামী লীগের সমর্থন-প্রত্যাশী অন্য দুজন মেয়র প্রার্থী পৌর আওয়ামী লীগের সভাপতি ওয়াজউদ্দিন মিয়া ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ মণ্ডল।তবে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আজমত উল্লা খান দাবি করেন, পরিস্থিতি বদলে গেছে। এরই মধ্যে ওয়াজউদ্দিন মিয়া ও আতাউল্লাহ মণ্ডলসহ গাজীপুরের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা, কর্মী ও সমর্থকদের সবাই তাঁর পক্ষে নির্বাচনে নেমে পড়েছেন। তিনি আশা করছেন, জাহাঙ্গীর আলমও নিজের ভুল বুঝতে পারবেন এবং দলের সমর্থনে কাজ করবেন।জাহাঙ্গীর আলম অবশ্য মেয়র পদে নির্বাচন করার সিদ্ধান্তকে কোনো ভুল হিসেবে মানতে নারাজ। তিনি বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচন একটি অরাজনৈতিক ও নির্দলীয় নির্বাচন। দীর্ঘদিন ধরে আমি জনগণকে বলে এসেছি যে নির্বাচনে আমি মেয়র পদে দাঁড়াব। তাই এখন সরে যাওয়ার কোনো সুযোগ নেই।’ তিনি জানান, নির্বাচনের জন্য এরই মধ্যে তিনি উপজেলা ভাইস চেয়ারম্যানের দায়িত্ব ছেড়ে দিয়েছেন এবং সংগ্রহ করেছেন মনোনয়নপত্র।এত দিন সিদ্ধান্তহীনতায় ছিল বিএনপি। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হতে ইচ্ছুক আটজন নেতা গতকাল রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে তাঁর সঙ্গে বৈঠক করেন। এঁদের মধ্যে রয়েছেন এম এ মান্নান ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসানউদ্দিন সরকার, কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন, জেলা বিএনপির সহসভাপতি আফজাল হোসেন, আলাউদ্দিন চৌধুরী ও বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের জেলা আহ্বায়ক মেজবাহ উদ্দিন সরকার। বৈঠকে বিএনপির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে এম এ মান্নানকে ১৮-দলীয় জোট-সমর্থিত প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়। মেয়র প্রার্থী সমর্থন নিয়ে বিএনপির সিদ্ধান্তহীনতার সুযোগে মাঠে নেমেছিলেন ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব ফজলুর রহমান। ফজলুর রহমান বলেন, মেয়র পদ নিয়ে বিএনপির দুই নেতার দ্বন্দ্বের কারণে ওই পদে সম্মিলিত ইসলামিক ফোরামের ব্যানারে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তাঁর আশা, বিএনপির নেতৃত্বাধীন ১৮ দল থেকে তাঁকেই সমর্থন দেওয়া হবে। তবে ১৮ দল থেকে মান্নানকে সমর্থন দেওয়ায় শেষ পর্যন্ত তিনি আর থাকছেন না বলে জোটের নেতাদের সূত্রে জানা গেছে।গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা মো. মতিয়ার রহমান জানান, গতকাল পর্যন্ত মেয়র পদে ১১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে কেউই মনোনয়নপত্র দাখিল করেননি।