আ.লীগের প্রবীণ নেতা আতাউর রহমানের ইন্তেকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আতাউর রহমান খান কায়সার (৭১) গতকাল শনিবার বেলা দুইটা ৫৫ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। তিনি গত ২৮ আগস্ট কক্সবাজারের পানিরছড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন ছিলেন। তিনি তিন মেয়ে ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন।প্রয়াত আতাউর রহমানের প্রথম জানাজা আজ রোববার বেলা ১১টায় গ্রামের বাড়ি আনোয়ারার বারখাইন গ্রামের এরশাদ আলী হাইস্কুলের মাঠে অনুষ্ঠিত হবে। একই দিন বিকেল পাঁচটায় নগরের জমিউতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে চন্দনপুরার পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।জানা গেছে, দুর্ঘটনার পর আতাউর রহমানকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকার অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁকে ব্যাংককে পাঠানো হয়। বিদেশ থেকে আসার পর আবার অ্যাপোলো হয়ে ৩ অক্টোবর তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন। গতকাল দুপুরে আইসিইউতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আতাউর রহমান প্রয়াত আওয়ামী লীগ নেতা এম এ আজিজের হাত ধরে রাজনীতিতে আসেন। ১৯৯৬—২০০১ সালে তিনি রাষ্ট্রদূত ছিলেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, উত্তর জেলা সভাপতি মোশারফ হোসেন, বিএনপি নেতা মীর মোহাম্মদ নাছিরউদ্দিন, সরওয়ার জামাল নিজামসহ বিভিন্ন দলের নেতারা তাঁর চন্দনপুরার বাসা ও হাসপাতালে ভিড় করেন। শোক প্রকাশ: আতাউর রহমানের মৃত্যুতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এ ছাড়া প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. আফছারুল আমিন, চট্টগ্রাম চেম্বারের সভাপতি সাংসদ এম এ লতিফ এবং নগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতারাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা শোক প্রকাশ করেন।