বরিশালের মেহেন্দিগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী একজন। কিন্তু দল দুই ভাগে বিভক্ত। নির্বাচনকে কেন্দ্র করে ‘নতুন’ আওয়ামী লীগ বনাম ‘পুরোনো’ আওয়ামী লীগের পুরোনো দ্বন্দ্ব নতুন করে দেখা দিয়েছে।দলীয় সূত্র জানায়, সাবেক সাংসদ মাইদুল ইসলামের নেতৃত্বে স্থানীয় জাতীয় পার্টির একাংশ ২০০৬ সালের ৩০ সেপ্টেম্বর আওয়ামী লীগে যোগ দেওয়ার পর এই দ্বন্দ্ব শুরু হয়। এ কারণেই বিগত সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মাইদুল ইসলাম হেরেছেন বলে তিনি মনে করেন। এরই জের ধরে এখানে স্বাধীনতার পর প্রথম রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটে গত বছর উপজেলা নির্বাচনের সময়। এখন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে আবার একই পরিস্থিতির সৃষ্টি হয়েছে ক্ষমতাসীন দলটিতে।চারপাশে নদীবেষ্টিত মেহেন্দিগঞ্জ পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ থেকে কামাল উদ্দিন ও বিএনপি থেকে সাহাবুদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করছেন। কামাল উদ্দিন ‘পুরাতন’ আওয়ামী লীগার হিসেবে পরিচিত। তাঁর অনুসারীদের অভিযোগ, বিগত সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থী মাইদুল ইসলাম ও তাঁর অনুসারী ‘নতুন’ আওয়ামী লীগের লোকজন কামাল উদ্দিনের পক্ষে কাজ করছে না। মাইদুল ইসলাম প্রত্যেক ওয়ার্ডে কাউন্সিলর পদে দলের একাধিক প্রার্থী দাঁড় করিয়ে কামাল উদ্দিনের ভোট নষ্ট করার তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে।অবশ্য উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মাইদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ওয়ার্ড কাউন্সিলে যে জিতবে তাকেই আমরা আওয়ামী লীগের কাউন্সিলর হিসেবে ধরে নেব। এখানে প্রতিযোগিতা উন্মুক্ত।’স্থানীয় আওয়ামী লীগের একাধিক নেতা জানান, বছরখানেক আগে আওয়ামী লীগের মেহেন্দিগঞ্জ উপজেলা কমিটি ভেঙে দিয়ে মাইদুল ইসলামকে আহ্বায়ক করে নতুন কমিটি করা হয়। কিন্তু আওয়ামী লীগের একটি অংশ তাঁকে মেনে নিতে পারেনি। তাই এই অংশ চাইছে পৌর নির্বাচনে মহাজোটের প্রার্থী হিসেবে কামাল উদ্দিনকে জিতিয়ে তাঁকে আবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি করা হোক। কিন্তু জাতীয় পার্টি থেকে যোগ দেওয়া আওয়ামী লীগের নেতা-কর্মীরা মনে করছেন, কামাল উদ্দিন নির্বাচিত হলে মাইদুল ইসলামের দাপট অক্ষুণ্ন থাকবে না।অবশ্য কামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমরা সবাই এক হয়ে কাজ করছি। আর যারা নতুন-পুরোনো বিভেদ চাইছে, তারা কেউ দলের ভালো চায় না।’ জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মাইদুল ইসলাম বলেন, ‘বিগত সংসদ নির্বাচনে আওয়ামী লীগের একটি অংশ আমার পক্ষে কাজ করেনি। সে কারণে বিএনপির ঘাঁটি হিজলায় জিতলেও মেহেন্দিগঞ্জে আমি জিততে পারিনি। কিন্তু যারা আমার বিরোধিতা করেছে, তাদের আমি ক্ষমা করে দিয়েছি। এখন আর এখানে নতুন আওয়ামী লীগ বা পুরোনো আওয়ামী লীগ বলে কিছু নেই। আমরা ঐকবদ্ধভাবে কাজ করছি।’বিএনপির প্রার্থীর শঙ্কা: আওয়ামী লীগের অভ্যন্তরীণ এই দ্বন্দ্বের কারণে এখানে বিএনপিসমর্থিত মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা কিছুটা সুবিধাজনক অবস্থানে আছে বলে স্থানীয় রাজনৈতিক সূত্রগুলো মনে করে।এদিকে বিএনপির প্রার্থী সাহাবুদ্দিনের যত শঙ্কা নির্বাচন সুষ্ঠু হবে কি না, তা নিয়ে। তিনি প্রথম আলোকে বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে মেহেন্দিগঞ্জে কোনো নির্বাচনই সুষ্ঠু হয়নি। প্রতিবারই কেন্দ্র দখল হয়েছে। এবারও তেমন প্রস্তুতির খবর পাওয়া যাচ্ছে। তারই অংশ হিসেবে যেখানে ভোটার বেশি, সেখানে ভোট গ্রহণের বুথ দেওয়া হয়েছে কম।সাহাবুদ্দিন দাবি করেন, পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে তাঁর ভোট বেশি। ৭ নম্বর ওয়ার্ডে ১৯৬৩ জন ভোটার, কিন্তু বুথ দেওয়া হয়েছে মাত্র চারটি। অথচ আওয়ামী লীগের প্রার্থীর প্রভাবাধীন ৪ নম্বর ওয়ার্ডে ভোটার এক হাজার ৬৮২, বুথ দেওয়া হয়েছে পাঁচটি। ক্ষমতাসীন দলের প্রার্থীর পক্ষে কেন্দ্র দখলের উদ্দেশ্যে এমনটি করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তিনি এ ব্যাপারে রিটানিং কর্মকর্তাকেও লিখিতভাবে জানিয়েছেন। জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা রিটার্নিং কর্মকর্তা বদরুল হক প্রথম আলোকে বলেন, নির্বাচন কমিশন থেকে গেজেট হয়ে গেছে। এখন বুথ বাড়ানো-কমানোর বিষয়ে আর পরিবর্তনের সুযোগ নেই। তবে যেখানে ভোটার বেশি, সেখানে গোপন কক্ষ বাড়িয়ে দেওয়া হবে। রিটার্নিং কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ আছে। সুষ্ঠু নির্বাচনের জন্য সব প্রস্তুতি আছে। নির্বাচনের দিন সব ভোটকেন্দ্রে পুলিশ ছাড়াও র্যাব ও কোস্ট গার্ডের টহল দল থাকবে।