আ.লীগের প্রার্থী নূরনবী বেসরকারিভাবে নির্বাচিত
ভোলা-৩ আসনের উপনির্বাচনে বেসরকারি ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী নূরনবী চৌধুরী নিশ্চিত জয়ের পথে এগিয়ে আছেন। ৭৭টি কেন্দ্রে নূরনবী চৌধুরী ভোট পেয়েছেন ৯৩ হাজার ৮৭৩টি, আর বিএনপির প্রার্থী হাফিজউদ্দিন আহমেদ পেয়েছেন ৪২ হাজার ৫২৮টি ভোট। বার্তা সংস্থা বাসস ও ইউএনবি জানায়, নূরনবী চৌধুরী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।নির্বাচনী এলাকার ৮৬টি ভোটকেন্দ্রের মোট ভোটার সংখ্যা ছিল দুই লাখ ৩৪ হাজার ৯২৬। তবে গতকাল নয়টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়।২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জসিমউদ্দিন ৯৬ হাজার ৩৪ ভোট পেয়ে নির্বাচিত হন। আর ওই নির্বাচনে বিএনপির প্রার্থী হাফিজউদ্দিন আহমেদ পেয়েছিলেন ৮৩ হাজার ১২৩ ভোট।স্থগিত নয়টি কেন্দ্রের ভোটার প্রায় ৩২ হাজার।নির্বাচন কমিশনের এক কর্মকর্তা বলেন, স্থগিত নয়টি কেন্দ্রের মোট ভোটারের চেয়ে আওয়ামী লীগের প্রার্থী বেশি ভোট পেয়েছেন। তাই স্থগিত কেন্দ্রে আর ভোট গ্রহণের প্রয়োজন হবে না।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক প্রস্তুতি ও টহলের মধ্যেও বিভিন্ন ভোটকেন্দ্রের বাইরে ও আশপাশে ভোটারদের বাধা দেওয়া, হামলা এবং কেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের বের করে দেওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনার পর নির্বাচন কমিশন নয়টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করে।