জাতীয় সংসদের টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগ থেকে আজীবন বহিষ্কৃত আমানুর রহমান খান। ‘আনারস’ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৯৭ হাজার ৮০৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী ‘নৌকা’ প্রতীক নিয়ে শহিদুল ইসলাম পেয়েছেন ৪৪ হাজার ৫৩১ ভোট।এ ছাড়া জাতীয় পার্টির প্রার্থী সৈয়দ আবু ইউসুফ আবদুল্লাহ ‘লাঙ্গল’ প্রতীক নিয়ে পেয়েছেন ১১ হাজার ৬৮৪ ভোট।উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে স্থাপিত নিয়ন্ত্রণকক্ষে সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান আজ রোববার সন্ধ্যায় বেসরকারি এ ফল ঘোষণা করেন।আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে উপনির্বাচনে অংশ নেওয়ায় গত শুক্রবার আমানুর রহমান খানকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়। আজ সকাল আটটা থেকে উপনির্বাচনে ৯৬টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বিকেল চারটা পর্যন্ত শান্তিপূর্ণভাবে তা সম্পন্ন হয়। বিভিন্ন কেন্দ্রে পুরুষের তুলনায় নারী ভোটারের উপস্থিতি বেশি দেখা গেছে।আওয়ামী লীগের প্রার্থী শহিদুল ইসলাম রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। এ সময় তিনি সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, দিঘলকান্দি ও দিগর ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্র থেকে তাঁর এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। স্বতন্ত্র প্রার্থী আমানুর রহমান খান মুকুল একাডেমি উচ্চবিদ্যালয়ে ভোট দেন। তিনি সাংবাদিকদের বলেন, রতনপুরে শহিদুল ইসলামের কেন্দ্রে তাঁর এজেন্টকে মারধর করা হয়েছে।উপনির্বাচন উপলক্ষে পুলিশ, র্যাব, বিজিবি, আর্মড পুলিশ ও আনসার সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় চার হাজার সদস্য দায়িত্ব পালন করেন।প্রতিটি ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ২৭ জন করে সদস্য ছিলেন। তবে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও বেশি সদস্য মোতায়েন করা হয়।নির্বাচন চলাকালীন বিভিন্ন অনিয়ম মোকাবিলায় ৪০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং চারজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন। টাঙ্গাইল-৩ নির্বাচনী এলাকার আওয়ামী লীগ দলীয় সাংসদ মতিউর রহমান এ বছরের ১৩ সেপ্টেম্বর ভারতের একটি হাসপাতালে মারা যান। এরপর এ আসনটি শূন্য ঘোষণা করে জাতীয় সংসদ সচিবালয়।আইন অনুযায়ী নির্ধারিত সময়সীমার মধ্যে শূন্য এ আসনের উপনির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আজ ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করে গত ৮ অক্টোবর তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।ঘাটাইল উপজেলা নিয়ে গঠিত টাঙ্গাইল-৩ আসনের অধীনে ১১টি ইউনিয়ন, একটি পৌরসভা ও একটি ক্যান্টনমেন্ট বোর্ড রয়েছে। এ আসনের মোট ভোটার দুই লাখ ৭১ হাজার ৩২৯। এর মধ্যে পুরুষ ও নারী ভোটার যথাক্রমে এক লাখ ৩১ হাজার ৭৮৬ এবং এক লাখ ৩৯ হাজার ৫৪৩। এ আসনের মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৯৬টি এবং মোট ভোটকক্ষের সংখ্যা ৮৮৫টি।