আ.লীগের বিপক্ষে গেলেই রাজাকার হয়ে যায়: আজহার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁদেরকে সম্মান করতে হবে। আওয়ামী লীগই মুক্তিযুদ্ধের চেতনা নষ্ট করেছে। কেউ আওয়ামী লীগের বিপক্ষে গেলেই রাজাকার হয়ে যায়। তিনি স্বাধীনতার চার দশক পর যুদ্ধাপরাধের বিচার শুরু করারও সমালোচনা করেন। জামায়াত আজ শুক্রবার সকালে রাজধানীর পুরানা পল্টনে তাদের মহানগর কার্যালয়ে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের সাহায্য প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। ওই অনুষ্ঠানে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ কথা বলেন।দলের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমেদ অভিযোগ করেন, আওয়ামী লীগ দেশের সংবিধানকে নিজেদের স্বার্থে খণ্ড-বিখণ্ড করেছে। দলটি ১৯৭২ থেকে ’৭৫ সাল পর্যন্ত চারবার সংবিধান পরিবর্তন করে। নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতেই তারা এ কাজ করেছিল বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, একই উদ্দেশ্যে তারা এখনো তা-ই করার চেষ্টা করছে।ঢাকা মহানগর জামায়াতের আমির রফিকুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে ২১ জন অসচ্ছল মুক্তিযোদ্ধাকে সাহায্য দেওয়া হয়।