আ.লীগের বিরুদ্ধে আল্লাহদ্রোহের মামলা হবে: আমিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী আইন বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান ফজলুল হক আমিনী বলেছেন, ভবিষ্যতে যে সরকার ক্ষমতায় আসবে, তাদের কাজ হবে আওয়ামী লীগের নেতাদের আদালতে নেওয়া এবং জেলে দেওয়া। আল্লাহর আদর্শ বাদ দিয়ে রবীন্দ্রনাথের আদর্শ বাস্তবায়নের অপরাধে আওয়ামী লীগের বিরুদ্ধে ‘রাষ্ট্রদ্রোহ’ ও ‘আল্লাহদ্রোহ’ মামলা হবে।আজ বৃহস্পতিবার রাজধানীর লালবাগের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আমিনী এসব কথা বলেন।নারীনীতি ও শিক্ষানীতিকে কোরআন ও ইসলামবিরোধী উল্লেখ করে তা বাতিলের দাবিতে দেশব্যাপী আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আইন বাস্তবায়ন কমিটি। একই সঙ্গে তারা সংবিধানে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ শব্দগুচ্ছ পুনঃস্থাপনের দাবি জানিয়েছে।কর্মসূচিতে বলা হয়, আগামী ১৩ অক্টোবরে ঢাকায়, ৮ ডিসেম্বর সিলেট, ১০ ডিসেম্বর চট্টগ্রাম, ১৪ ডিসেম্বর খুলনা, ১৫ ডিসেম্বর বরিশাল, ২১ ডিসেম্বর রাজশাহী ও ২২ ডিসেম্বরে রংপুরে ওলামাদের সমাবেশ অনুষ্ঠিত হবে। সবশেষে ২৪ ডিসেম্বর ঢাকায় ওলামাদের জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। বলা হয়েছে, এ সময়ের মধ্যে সরকার যদি সংবিধান থেকে ‘ধর্মনিরপেক্ষতা’, ‘সমাজতন্ত্র’-এর ধারা বাতিলসহ অন্যান্য দাবি মেনে না নেয়, তবে পরবর্তী সময়ে হরতালসহ অন্যান্য কর্মসূচি ঘোষণা করা হবে।সংবাদ সম্মেলনে আমিনী ছাড়াও ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, মোহাম্মদ ওয়াক্কাস প্রমুখ উপস্থিত ছিলেন।