মেজর (অব.) মো. জসিমউদ্দিন ও নুরুননবী চৌধুরীকে ভোলা-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দিতে বলা হয়েছে। মনোনয়নপত্র যাচাইবাছাইয়ের পরই এ আসনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হবে। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আজ রোববার অনুষ্ঠেয় আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।বৈঠকে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, আবদুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, কাজী জাফরউল্লাহ, সৈয়দ আশরাফুল ইসলাম, ওবায়দুল কাদের ও আলাউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৪ এপ্রিল। মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ২৯ মার্চ পর্যন্ত। ৩১ মার্চ পর্যন্ত মনোনয়নপত্র বাছাই করা হবে এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ৮ এপ্রিল।তথ্য গোপনের অভিযোগে আওয়ামী লীগের সাংসদ মো. জসিমউদ্দিনের সংসদ সদস্যপদ শূন্য ঘোষণা করেন আদালত। এরই পরিপ্রেক্ষিতে এ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।