সিটি করপোরেশন নির্বাচন ২০১০: চট্টগ্রাম
আ.লীগের শঙ্কা ‘অপতত্পরতা’, বিএনপির ভয় প্রশাসনকে
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন নিয়ে শঙ্কার কথা বলেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপির নেতারা। এর মধ্যে আওয়ামী লীগের শঙ্কা বিএনপির ‘অপতত্পরতা’ নিয়ে। আর বিএনপির ভয় প্রশাসন ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে।আওয়ামী লীগ নেতাদের অভিযোগ, এই নির্বাচন থেকে রাজনৈতিক ফায়দা লুটতে বিএনপি নানা অপপ্রচার ও কূটকৌশল অবলম্বন করছে। ভোট গ্রহণের দিন পর্যন্ত বিএনপি নানা অপতত্পরতা চালিয়ে নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করতে পারে বলে ক্ষমতাসীন দলের নেতারা আশঙ্কা প্রকাশ করেছেন।চট্টগ্রামে সফররত আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত প্রথম আলোকে বলেন, বিএনপি এই নির্বাচনকে আন্দোলনের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে। খালেদা জিয়া চট্টগ্রাম থেকে সরকারবিরোধী আন্দোলনে নামার কথা বলেছেন। তাই অন্য নেতারাও একই পথে হাঁটছেন। তিনি বলেন, ‘আমরা আশঙ্কা করছি, বিএনপি ইস্যু সৃষ্টি করতে অপকৌশলের আশ্রয় নেবে।’অপরদিকে বিএনপির নেতাদের অভিযোগ, সরকারি দল হিসেবে আওয়ামী লীগ ইতিমধ্যে নির্বাচন কমিশন ও প্রশাসনের ওপর হস্তক্ষেপ শুরু করেছে। তারা প্রশাসনকে ব্যবহার করে নির্বাচনের রায় মহিউদ্দিন চৌধুরীর পক্ষে নেওয়ার পাঁয়তারা করছে।চট্টগ্রামে বিএনপির প্রভাবশালী নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন, ‘আমরা কমিশন ও প্রশাসনের কর্মকাণ্ডে শঙ্কা বোধ করছি। তারা ইতিমধ্যে সন্দেহ তৈরি করার মতো অনেক কিছু করেছে। তারা যেভাবে পক্ষপাতমূলক আচরণ শুরু করেছে, তাতে নিরপেক্ষ নির্বাচন হবে বলে তো মনে হয় না।’অবশ্য নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলছেন, নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, প্রশাসনিক কারচুপি বা কোনো প্রার্থীকে বিশেষ কোনো সুবিধা দেওয়া-সংক্রান্ত কোনো আশঙ্কার কারণ নেই।চট্টগ্রাম পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘বিরোধিতা করা আমাদের দেশের কালচার। তবে এটুকু বলতে পারি, আমরা নিরপেক্ষভাবে কাজ করে যাচ্ছি।’আইন অনুযায়ী, এই নির্বাচনে আনুষ্ঠানিকভাবে দলীয় প্রার্থী দেওয়ার সুযোগ নেই। তবে প্রধান দুটি দলই দুজন প্রার্থীকে সমর্থন দিয়েছে। নিজ নিজ প্রার্থীর পক্ষে দল দুটির স্থানীয় নেতাদের পাশাপাশি কেন্দ্রীয় নেতারাও সক্রিয়। তাই ১৭ জুনের এই নির্বাচন অঘোষিতভাবে দলীয় নির্বাচনে পরিণত হয়েছে।আনুষ্ঠানিকভাবে নাগরিক কমিটির প্রার্থী হিসেবে ঘোষিত হলেও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে সমর্থন দিয়েছে আওয়ামী লীগ ও তাঁর মিত্র দলগুলো। আর আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের মনোনীত প্রার্থী মোহাম্মদ মন্জুর আলমকে সমর্থন দিয়েছে বিএনপি-জামায়াত।নির্বাচনী পরিবেশ সম্পর্কে জানতে চাইলে মহিউদ্দিন চৌধুরী শুক্রবার প্রথম আলোকে বলেন, বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে ক্রমাগত অপপ্রচার চালাচ্ছে। তাঁর মতে, সুষ্ঠু নির্বাচনের জন্য এটা একটা সমস্যা।আওয়ামী লীগের সমর্থিত নাগরিক কমিটির মহাসচিব এমদাদুল ইসলাম অভিযোগ করেন, বিএনপি গায়ে পড়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করছে। তারা নির্বাচনী প্রচার চালানোর সময় মহিউদ্দিন চৌধুরীর পোস্টার ছিঁড়েছে। তারা আওয়ামী লীগকে উত্ত্যক্ত করে ফায়দা লুটতে চায়।যোগাযোগ করা হলে বিএনপি-সমর্থিত প্রার্থী মোহাম্মদ মন্জুর আলম এ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি।তবে মন্জুরের প্রধান নির্বাচনী এজেন্ট নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রশাসন ও নির্বাচন কমিশন যা করছে, তা সুষ্ঠু নির্বাচনের পরিপন্থী।আমীর খসরুর অভিযোগ, বিভিন্ন বিষয়ে নির্বাচন কমিশনের কাছে বারবার অভিযোগ করেও তাঁরা কোনো প্রতিকার পাননি। উল্টো ঠুনকো অজুহাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে। এতে প্রমাণিত হয়, নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে না। তিনি বলেন, স্থানীয় প্রশাসনে আওয়ামী লীগের কট্টর সমর্থক যেসব কর্মকর্তা রয়েছেন, তাঁদের বদলি করা হয়নি। এসব ভালো সংকেত নয়।চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে এখন মেয়র পদে মোট প্রার্থী আটজন। তাঁদের মধ্যে মূলত মহিউদ্দিন চৌধুরী ও মন্জুর আলমই আলোচনায় আছেন।বাকিদের মধ্যে জাতীয় পার্টির সোলায়মান আলম শেঠ মহিউদ্দিন চৌধুরীকে সমর্থন দিয়ে সরে দাঁড়িয়েছেন। বাকি পাঁচজন প্রার্থী মো. ইব্রাহিম, সৈয়দ সাজ্জাদ জোহা, মোফাজ্জল হোসেন ভুঁইয়া, জানে আলম ও মো. রফিকুল আলমের কোনো তত্পরতা চোখে পড়ে না। এর আগে বিএনপির অনুরোধে জামায়াতের প্রার্থী আফসার উদ্দিন চৌধুরী মনোনয়ন প্রত্যাহার করে নেন।এ ছাড়া ৪১টি ওয়ার্ড কাউন্সিলর পদে মোট প্রার্থী হয়েছেন ২৫৩ জন এবং ১৪টি সংরক্ষিত নারী আসনে প্রার্থী হলেন ৫৯ জন।নির্বাচন কমিশনের প্রস্তুতি: নির্বাচন কমিশন সূত্র জানায়, ৬৭৩টি কেন্দ্রের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ইতিমধ্যে চট্টগ্রামে পৌঁছেছে। গতকাল থেকে ব্যালট পেপার ছাড়া অন্যান্য সরঞ্জাম সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তার মধ্যে বিতরণ শুরু হয়েছে। আজ শনিবারের মধ্যে ব্যালট পেপারও পৌঁছানোর কথা।নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, এ নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচন নিয়ে কেউ যেন অযথা সুযোগ নিতে না পারে, সে জন্য পর্যাপ্ত প্রস্তুতিও রয়েছে। তিনি বলেন, প্রার্থীদের অনেক দাবি মেনে নিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে।প্রতি ৭৭ ভোটারের জন্য একজন নিরাপত্তাকর্মী: সিটি করপোরেশনে মোট ভোটার ১৬ লাখ ৯৪ হাজার ৯৫ জন। এর মধ্যে পুরুষ আট লাখ ৭৭ হাজার ৭৯০ এবং নারী আট লাখ ১৭ হাজার ১৬৫ জন। ভোটকেন্দ্রে আসা-যাওয়ার পথে ভোটারদের নিরাপত্তা দিতে ২২ হাজারেরও বেশি নিরাপত্তাকর্মী কাজ করবেন। অর্থাৎ প্রতি ৭৭ ভোটারের জন্য একজন করে নিরাপত্তাকর্মী ভোটের দিন দায়িত্ব পালন করবেন।পুলিশ ৬৭৩টি কেন্দ্রের মধ্যে ৪৪২টিকে গুরুত্বপূর্ণ ও ২২০টি সাধারণ কেন্দ্র হিসেবে বিবেচনা করে নিরাপত্তার ছক তৈরি করছে।পুলিশের উপকমিশনার (উত্তর) বনজ কুমার মজুমদার জানান, কেন্দ্রের নিরাপত্তার পাশাপাশি পুলিশ ভোটারদের যাওয়া-আসার পথগুলোতে লক্ষ রাখবে, যেন কেউ ভয়ভীতি দেখাতে না পারে।