বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংসদে দেওয়া রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ভাষণ বিএনপি প্রত্যাখ্যান করেছে। ফখরুল বলেন, তিনি ‘আওয়ামী লীগের শেখানো বুলি তোতা পাখির মতো পড়েছেন।’আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে কৃষক দলের আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন।মির্জা ফখরুল বলেন, গতকাল সংসদে দেওয়া রাষ্ট্রপতির ভাষণ বিএনপি প্রত্যাখ্যান করেছে। এর সঙ্গে বাস্তবতার মিল নেই। তিনি বলেন, রাষ্ট্রপতি একটি নিরপেক্ষ পদ। তাঁর দল থাকতে পারে না। যে মুহূর্তে তিনি রাষ্ট্রপতি হলেন, সেই মুহূর্ত থেকে তিনি আর আওয়ামী লীগ নন। কিন্তু রাষ্ট্রপতির বক্তব্যে তা প্রতিফলিত হয়নি।বিএনপির নেতা ফখরুল আরও বলেন, রাষ্ট্রপতির দেওয়া ভাষণে সরকারের বিভিন্ন উন্নয়নের কথা বলা হয়েছে। কিন্তু বাস্তবচিত্র ভিন্ন। তিনি বলেন, সরকার প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ। দেশ সংকটে রয়েছে। মানুষ ভালো নেই।নির্বাচন কমিশনের অনুসন্ধান কমিটি প্রসঙ্গে ফখরুল বলেন, বিএনপি আগে তত্ত্বাবধায়ক সরকার চায়। তিনি বলেন, সরকারের ব্যর্থতার কারণে মুদ্রাস্ফীতি বাড়ছে। বাংলাদেশ ব্যাকের গভর্নরই বলেছেন, দেশের অর্থনীতির চিত্র ভালো নেই।আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুন নবী খান প্রমুখ উপস্থিত ছিলেন।