আওয়ামী লীগের সমর্থন পাওয়ার পর চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে নাগরিক কমিটির প্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরীর কর্মকাণ্ডে চাঙাভাব ফিরে এসেছে। এত দিন তাঁর কথাবার্তায় দ্বিধাদ্বন্দ্ব থাকলেও এখন তা কেটে গেছে। এখন তিনি নগর আওয়ামী লীগের কোন্দল নিরসনের ব্যাপারেও বেশ আত্মবিশ্বাসী বলে তাঁর ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে। গত শনিবার রাতে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় মহিউদ্দিনকে মেয়র পদে সমর্থন দেওয়া হয়।গতকাল রোববার সকালে চশমা হিলের বাসভবনে মহিউদ্দিন সাংবাদিকদের বলেন, ‘মনোনয়ন নিয়ে অনেক জল্পনা-কল্পনা ও গুঞ্জন ছিল। কার্যনির্বাহী সংসদের বৈঠকের পর সবকিছুর অবসান হয়েছে। আশা করি, এখন আর দলে কোনো সন্দেহ-অবিশ্বাস থাকবে না।’নিজের ঘনিষ্ঠ ও দলীয় একজন ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থীকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দিয়ে পদত্যাগ করার প্রসঙ্গে মহিউদ্দিন বলেন, ‘আমি মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের কাছে নির্দেশনা চেয়ে পত্র দিয়েছি। তাঁরা যেভাবে পদত্যাগ করতে বলেছেন, আমি সেভাবে করেছি।’জানা গেছে, মহিউদ্দিন গতকাল সারা দিন চশমা হিলের বাসায় ছিলেন। সন্ধ্যার পর তিনি দুটি অনুষ্ঠানে যোগ দেন।চট্টগ্রাম মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম চৌধুরী বলেন, ‘দল মহিউদ্দিনকে মনোনয়ন দিয়েছে, তাই আমাদের তাঁকে মেনে নিতে হবে।’ তবে তিনি বলেন, ‘মহিউদ্দিন বিগত জাতীয় নির্বাচনে নৌকার প্রার্থীর সরাসরি বিরোধিতা করেছেন। এভাবে তিনি নিজেই নগর থেকে তৃণমূল পর্যন্ত কোন্দল সৃষ্টি করেছেন। তাই এ কোন্দল নিরসনে কেন্দ্রের হস্তক্ষেপ দরকার।’মহিউদ্দিনের ঘনিষ্ঠ ও মহানগর কমিটির যুগ্ম সম্পাদক ইব্রাহিম হোসেন চৌধুরী বলেন, দল তাঁকে মনোনয়ন দিয়েছে, তাই সবার একসঙ্গে কাজ করা উচিত। মহিউদ্দিন শিগগিরই সবার সঙ্গে বসবেন।মহিউদ্দিনের বিরোধী হিসেবে পরিচিত নগর আওয়ামী লীগের সহসভাপতি ও সাংসদ নুরুল ইসলাম বিএসসি বলেন, ‘দল মহিউদ্দিনকে সমর্থন দিয়েছে। আমি আশা করি, তিনি জয়ী হয়ে দলের মর্যাদা অক্ষুণ্ন রাখবেন।’এদিকে মহিউদ্দিন গতকাল দুপুরে বঙ্গবন্ধু পরিষদের প্রতিষ্ঠাতা ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মাজেদুল হকের জানাজায় অংশ নেন। সন্ধ্যায় তিনি মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অসুস্থ সেকান্দর হায়াত খানকে দেখতে তাঁর চান্দগাঁওয়ের বাসায় যান। রাতে নন্দনকাননে নাগরিক কমিটির কার্যালয়ে দলীয় লোকজনের সঙ্গে বৈঠক করেন। এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আতাউর রহমান খান কায়সার, নগর কমিটির সাধারণ সম্পাদক কাজী এনামুল হক, নাগরিক কমিটির সদস্যসচিব এমদাদুল হকসহ অন্যরা উপস্থিত ছিলেন। এর আগে চান্দগাঁওয়ে মহিউদ্দিন নাগরিক কমিটির নেতাদের সঙ্গে আলাদা বৈঠক করেন।