আ.লীগের সমাবেশে গ্রেনেড হামলার জবাব খালেদাকে দিতে হবে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০০৪ সালে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশে গ্রেনেড হামলার সঙ্গে বিএনপির একজন মন্ত্রী জড়িত। আর এই হামলার কথা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জানেন না, তা হতে পারে না। তাঁকে এ হামলার জবাব দিতেই হবে। আজ শনিবার গণভবনে স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা ও রাজনৈতিক কর্মশালার উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘২০০১ সালের নির্বাচনের পর বিএনপি-জামায়াত জোট সরকার ১৪ জন সাংবাদিকসহ ২১ হাজার রাজনৈতিক কর্মীকে হত্যা করেছিল। তাদের হাত থেকে নারী-পুরুষ, শিশু, ব্যবসায়ী, পেশাজীবী—কেউই রেহাই পায়নি। অথচ বিগত নির্বাচনে বিশাল বিজয়ের পর আমরা কোনো রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করিনি। এমনকি বিজয় মিছিলও করতে দিইনি।’প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জনগণের দীর্ঘদিনের দাবি পূরণ করতেই সরকার যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগ নিয়েছে। জিয়াউর রহমান যুদ্ধাপরাধীদের রাজনীতিতে পুনর্বাসন করেছিলেন। আর খালেদা জিয়া তাঁদের নিয়ে সরকার গঠন করেছিলেন। তাই তাঁরা যুদ্ধাপরাধীদের বিচার কোনোভাবেই মেনে নিতে পারছেন না। তাই বিরোধী দল যুদ্ধাপরাধীদের পাশে দাঁড়িয়েছে। মুখে যত মুক্তিযুদ্ধের কথা বলুক না কেন, তাদের আসল চেহারা বেরিয়ে এসেছে।প্রধানমন্ত্রী বলেন, আন্দোলন, হরতাল গণতান্ত্রিক অধিকার। কিন্তু হরতালের নামে মানুষ পুড়িয়ে হত্যা করা কারও কাম্য হতে পারে না। তিনি এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থেকে সংসদে এসে জনগণের পক্ষে কথা বলার জন্য বিরোধী দল বিএনপির প্রতি আহ্বান জানান। হরতাল চলাকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স ভাঙচুর এবং অর্থোপেডিক বিভাগের অপারেশন থিয়েটারে ঢুকে তালা লাগিয়ে দেওয়ার ঘটনার সমালোচনা করেন তিনি।স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোল্ল¬া আবু কাওছারের সভাপতিত্বে বর্ধিত সভায় আরও বক্তৃতা করেন স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ। ঢাকা মহানগরসহ বিভিন্ন জেলার প্রতিনিধিরা অনুষ্ঠানে যোগ দেন।শেখ হাসিনা বলেন, ‘বিরোধী দলের হাতে হরতাল দেওয়ার মতো ইস্যু নেই। তারা চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনকে ইস্যু করতে চেয়েছিল। কিন্তু সেই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। আমরা তো বিরোধী দলের জয়কে ছিনিয়ে নিতে চাইনি। অথচ বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনের ফলাফলকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। নির্বাচনের ফলাফল তারা পাল্টে দিতে চেয়েছিল। আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন আন্দোলন-সংগ্রাম করেছি। জনগণের ভোটাধিকার রক্ষায় আওয়ামী লীগ বদ্ধপরিকর।’ বাসস