আ.লীগের সম্মেলন কাল, খালেদাকে দাওয়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের ১৯তম জাতীয় সম্মেলন ঘিরে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অতি অল্প সময়ে সম্মেলন ঘিরে বিশাল প্রস্তুতি নিয়েছে দলটি। কাউন্সিল হবে নৌকার আদলে তৈরি ১০০ ফুট দৈর্ঘ্য ও ৩০ ফুট প্রস্থের মঞ্চে। খবর বাসসের। কাল শনিবার বেলা ১১টার দিকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা তিনটায়।সম্মেলনের প্রস্তুতির অগ্রগতির বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস বলেন, সারা দেশ থেকে কাউন্সিলরদের তালিকা এসেছে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির কার্যালয়ে। ডেলিগেট কার্ড, পোস্টার, লিফলেট, ব্যানার, স্বেচ্ছাসেবক ইউনিফর্মসহ সম্মেলনের জন্য প্রয়োজনীয় সব উপকরণ তৈরির কাজও শেষ। প্রধানমন্ত্রীর বক্তব্য ও সম্মেলনের ঘোষণাপত্রও প্রস্তুত হয়েছে।আজ সকালে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে দেখা যায়, সম্মেলনের জন্য সোহরাওয়ার্দী উদ্যানে বানানো হচ্ছে বিশাল মঞ্চ। কাউন্সিল হবে নৌকার আদলে তৈরি ১০০ ফুট দৈর্ঘ্য ও ৩০ ফুট প্রস্থের মঞ্চে। নৌকায় উঠে আগামী দিনের হাল ধরবে নতুন নেতৃত্ব—এ ধারণা থেকেই এমন মঞ্চ তৈরি করা হয়েছে। দলীয় প্রতীক নৌকার ওপর স্থাপিত মঞ্চের পেছনে থাকবে জাতীয় সংসদ ভবনের ছবি। সামনে থেকে দেখলে মনে হয় যেন নৌকার ওপরেই রয়েছে বাংলাদেশের জাতীয় সংসদ।এবারের জাতীয় কাউন্সিলে আওয়ামী লীগের স্লোগান হচ্ছে ‘শান্তি, গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে দিনবদলের প্রত্যয়ে এগিয়ে চলছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ’।জাতীয় সম্মেলন সামনে রেখে ঢাকা মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ডিজিটাল ডিসপ্লে, মুক্তিযুদ্ধের গান ও তোরণ নির্মাণ করা হয়েছে। আমন্ত্রণপত্র, ব্যানার, পোস্টার, লিফলেট বিতরণের কাজও শেষ করেছে কাউন্সিলের প্রচার ও প্রকাশনা উপপরিষদ।সম্মেলন সফল করে তুলতে আওয়ামী লীগের ১০টি উপকমিটি গঠন করা হয়েছে। অভ্যর্থনা, খাদ্য, প্রচার, দপ্তর, গঠনতন্ত্র সংশোধন, সাংস্কৃতিক, শৃঙ্খলা, স্বাস্থ্য, অর্থ ও সাজসজ্জা এসব কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতারা দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন সুন্দর সম্মেলন উপহার দেওয়ার জন্য।আওয়ামী লীগের দপ্তর সূত্রে জানা যায়, সম্মেলনে দুই হাজার ৫০০ জন স্বেচ্ছাসেবক ১১০টি গ্রুপে ভাগ হয়ে দায়িত্ব পালন করবেন। গাড়িসহ প্রবেশপথ থাকবে তিন নেতার মাজারসংলগ্ন গেট। গাড়ি থেকে নেমে হেঁটে প্রবেশের প্রধান পথ টিএসসির গেট। এ ছাড়া রমনা কালীমন্দির গেট, চারুকলা ইনস্টিটিউট গেট, শিশুপার্কসংলগ্ন গেট দিয়েও প্রবেশের সুযোগ থাকবে। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটসংলগ্ন গেট সংরক্ষিত থাকবে বিশিষ্টজনদের জন্য।সম্মেলনে ডেলিগেট ও কাউন্সিলরের সংখ্যার বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক বলেন, গঠনতন্ত্রের ৬-এর খ উপধারা অনুযায়ী, প্রতি ২৫ হাজার জনসংখ্যায় একজন কাউন্সিলর নির্বাচিত হবেন। এবারের সম্মেলনে ৭৩টি সাংগঠনিক জেলার কাউন্সিলর ছয় হাজার ৩০০ জন। এঁদের অধিকাংশই ইতিমধ্যে ঢাকায় এসে পৌঁছেছেন।এদিকে উদ্বোধনী অধিবেশনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ,জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদসহ বিভিন্ন দেশের কূটনীতিক, রাষ্ট্রদূত, খ্যাতনামা বুদ্ধিজীবী এবং সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়েছে।