আ.লীগের সময়ই বিনিয়োগ আর রপ্তানি আয় বাড়ে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলেই দেশে বিনিয়োগ আর রপ্তানি আয় বাড়ে, বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়।আজ বুধবার জাতীয় সংসদে সরকারি দলের সাংসদ নুরুল মজিদ হুমায়ুনের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে সাংসদদের বিভিন্ন প্রশ্নের সরাসরি জবাব দেন। প্রধান বিরোধী দল বিএনপি আজও সংসদে যোগ দেয়নি।প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্ষমতায় এসে রপ্তানি আয় বাড়াতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। গত বছরের তুলনায় এবার রপ্তানি আয় ৪১ শতাংশ বেড়েছে। সরকার ইউরোপভুক্ত দেশগুলোতে রপ্তানি বাড়ানোর জন্য চুক্তি হয়েছে। শুধু অস্ত্র ছাড়া আর সবকিছু এখন ইউরোপে রপ্তানি করা যায়। রপ্তানিকারকদের সতর্কভাবে রপ্তানিপণ্য পাঠানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের ভাবমূর্তি, যাতে নষ্ট না হয়, সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে।কামাল আহমেদ মজুমদারের অন্য এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানেই যাতে কম্পিউটার শিক্ষা চালু করা যায়, সে জন্য সরকার কাজ শুরু করেছে। এ জন্য সব শিক্ষাপ্রতিষ্ঠানেই সরকার কম্পিউটার দেওয়ার উদ্যোগ নিয়েছে। যেখানে বিদ্যুত্ যায়নি, সেখানে সোলারের মাধ্যমে কম্পিউটার শিক্ষা দেওয়া হবে।প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশেই ল্যাপটপ তৈরি করা হচ্ছে। ১২ থেকে ২০ হাজার টাকার মধ্যে ল্যাপটপ মানুষের হাতে দেওয়া যাবে। এরই মধ্যে দেশে তৈরি এসব ল্যাপটপের মডেল সরকারকে দেখানো হয়েছে। মানুষ যাতে সহজে ল্যাপটপ কিনতে পারে, সে জন্য সরকার পদক্ষেপ নিয়েছে।শামসল হক চৌধুরীর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, গভীর সমুদ্রবন্দর স্থাপনের প্রাথমিক কাজ এরই মধ্যে শুরু হয়েছে। এ জন্য কবে নাগাদ টেন্ডারপ্রক্রিয়া শুরু হবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে সরকার দ্রুততম সময়েই এ টেন্ডার প্রক্রিয়া শুরুর চেষ্টা করছে।সরকারি দলের তানভীর শাকিলের অন্য এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘খুব শিগগিরই দেশবাসী থ্রিজি প্রযুক্তির সেবা পাবে। এ ব্যাপারে সরকার অনেক দূর অগ্রসর হয়েছে।’যানজট নিরসনে ঢাকার সঙ্গে শাটল ট্রেন: সরকারি দলের ফরিদুন্নাহার লাইলীর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, যানজট নিরসনে রাজধানী ঢাকাকেন্দ্রিক পাঁচটি রুটে অত্যাধুনিক কমিউটার ট্রেন (শাটল ট্রেন) চালুর পরিকল্পনা করেছে সরকার।এ জন্য নতুন আনা ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (ডিইএমইউ) দ্বারা ঢাকা-নারায়ণগঞ্জ, ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-জয়দেবপুর রুটে আধুনিক কমিউটার ট্রেন চালু হবে।অন্য এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী রাজধানীকে যানজট মুক্ত করতে সরকারের নেওয়া ৪৮টি পদক্ষেপ সম্পর্কে সংসদকে অবহিত করেন। এর মধ্যে আরও রয়েছে বিশ্বব্যাংকের অর্থায়নে ঢাকা যানবাহন সমন্বয় বোর্ডের (ডিটিসিবি) তত্ত্বাবধানে ঢাকা মহানগরের জন্য ২০ বছর মেয়াদি পরিবহন পরিকল্পনা প্রণয়ন, পাঁচটি ফ্লাইওভার ও ২৬ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রভৃতি।অন্য এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, দেশের অর্থনীতির গতি ত্বরান্বিত করতে গভীর সমুদ্রবন্দর প্রতিষ্ঠাসহ সব বন্দরগুলোর সার্বিক উন্নয়নে কাজ চলছে। এরই মধ্যে এ প্রক্রিয়ার মাধ্যমে দেশের নয়টি সম্ভাব্য স্থানের মধ্যে সোনাদিয়া দ্বীপকে গভীর সমুদ্রবন্দরের জন্য নির্বাচন করা হয়েছে। দেশের ১৭টি স্থল শুল্ক স্টেশনকে স্থলবন্দর ঘোষণা করা হয়েছে। কামাল আহমেদ মজুমদারের প্রশ্নের জবাবে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে সরকারের নেওয়া ২০টি পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সরকার ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের এবং ৩০ বছরের মধ্যে উন্নত দেশে উন্নীতকরণের কাজ করছে।অন্য এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘নারী অধিকার নিশ্চিত করতে সরকার বিশেষ পরিকল্পনা নিয়েছে। এ লক্ষ্যে জাতীয় নারী উন্নয়ন নীতি-২০১১ প্রণয়ন করা হয়েছে। নারী ও কন্যাশিশু নির্যাতন প্রতিরোধের লক্ষ্যে সারা দেশে ৪৪টি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল স্থাপিত হয়েছে।’