আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে সরকার ও মন্ত্রীদের সমালোচনা করলেন দলীয় সাংসদেরা। একইভাবে মহাজোটের সংসদীয় দলের বৈঠকেও প্রধান শরিক আওয়ামী লীগের সমালোচনা করেন জাতীয় পার্টিসহ অন্য দলের সাংসদেরা।গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রথমে আওয়ামী লীগ ও পরে মহাজোটের সংসদীয় দলের দুটি বৈঠক হয়। আওয়ামী লীগের বৈঠকে দলীয় সাংসদদের কেউ কেউ সরকার ও মন্ত্রিসভাকে দুর্বল বলে মন্তব্য করেন। একই সঙ্গে তাঁরা দলীয় কর্মকাণ্ডের স্থবিরতা এবং উন্নয়ন কর্মকাণ্ডের ধীরগতির অভিযোগ করেন।শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এরপর পাঁচ সাংসদ বক্তব্য দেন। তাঁদের বক্তৃতার পরপরই দুপুরের খাবারের বিরতি দেওয়া হয়। বিরতির পর আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ১৪ দলের সাংসদদের বৈঠক হয়। ক্ষমতায় আসার পর মহাজোটের সংসদীয় দলের এটাই প্রথম বৈঠক। উভয় বৈঠকে সভাপতিত্ব করেন শেখ হাসিনা।সূত্র জানায়, প্রথম বৈঠকে শেরপুরের সাংসদ আতিউর রহমান ছিলেন সমালোচনামুখর। তিনি বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগের সাংসদ কম থাকলেও সরকার ছিল শক্তিশালী। কিন্তু এবার সাংসদ বেশি হলেও সরকার দুর্বল। তিনি বলেন, মন্ত্রীদের সঙ্গে দেখা করা যায় না। তাঁরা পাত্তা দেন না। মন্ত্রীরা মনে করেন, শুধু তাঁরা পাস করলেই আগামী দিনে সরকার গঠন করা সম্ভব হবে।আতিউর রহমান আরও বলেন, দল স্থবির হয়ে পড়েছে। সাংগঠনিক কর্মকাণ্ড নেই। জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘তুমি দলের কোনো পদে আছো?’ তিনি বলেন, শেরপুর জেলা সভাপতি। প্রধানমন্ত্রী বলেন, ‘তুমি নিজেই রাজনীতি নিয়ন্ত্রণ করতে পারছ না, দলীয় কর্মকাণ্ড পরিচালনা করছ না, আবার এখানে এসব বলছ।’সূত্র জানায়, মন্ত্রীদের সমালোচনা করে পঞ্চগড়-১ আসনের সাংসদ মজহারুল হক প্রধান বলেন, ‘মন্ত্রীদের কাছে এলাকার কাজ নিয়ে গেলে লাভ হয় না। তাঁদের সঙ্গে দেখা করতে চাইলে অনুমতি লাগে। মন্ত্রীদের একান্ত সচিবেরা (পিএস) তাঁদের চেয়ে বেশি ক্ষমতাশালী। মনে হয়, আমরা সাংসদ না হয়ে ওনাদের একান্ত সচিব হলে ভালো হতো।’নেত্রকোনার সাংসদ আশরাফ আলী খান প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘আমরা কী পেলাম আর কী পেলাম না, এটা ব্যাপার না। আমরা আপনার কথা শুনতে পেলাম, তাতেই খুশি।’এ ছাড়া সাংসদদের কেউ কেউ সরকারের সমালোচনা করে বলেন, সরকারের দৃশ্যমান উন্নয়ন নেই। শিক্ষা মন্ত্রণালয়ের ফ্যাসিলিটিজ বিভাগের উন্নয়নমূলক কাজ হচ্ছে না। ঠিকাদারদের অর্থ ছাড় দেওয়া হচ্ছে না বলে স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন কর্মকাণ্ড ধীরগতিতে হচ্ছে। কোথাও কোথাও প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতিও রক্ষা করা যাচ্ছে না। সরকারের দুই বছর পার হওয়ার পর ইউনিয়ন পরিষদ নির্বাচন দেওয়ার সমালোচনা করেন একজন সাংসদ। এ ছাড়া বৈঠকে জেলা ও থানায় বর্ধিত সভা ও সভা-সমাবেশের মাধ্যমে দলীয় নেতা-কর্মীদের সক্রিয় করার ওপর গুরুত্বারোপ করা হয়।সূত্র জানায়, বৈঠকে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ দলীয় ফোরামে সব অভিযোগ নিয়ে আলোচনা করার পক্ষে মত দেন। তাঁর মতে, সমস্যা নিয়ে মন্ত্রী ও সাংসদদের দলীয় ফোরামের বাইরে ঢালাও কথা না বলাই ভালো।মহাজোটের সংসদীয় দলের সভা: সূত্র জানায়, মহাজোটের প্রয়োজনীয়তা এবং ঐক্যবদ্ধ থাকার ব্যাপারে কারও দ্বিমত না থাকলেও প্রধান শরিক আওয়ামী লীগের সমালোচনা করেন অন্য দলের সাংসদেরা। বৈঠকে জাতীয় পার্টির দুজন এবং জাসদের (ইনু) একজন বক্তব্য দেন।জাতীয় পার্টির মজিবুর রহমান বলেন, ‘সরকারের দুই বছর হলো, আমরা কিছুই পেলাম না। সরকারে আমাদের অংশীদারিত্ব বাড়ান।’ একই দলের টি আই এম ফজলে রাব্বী বলেন, আওয়ামী লীগকে শেষ করছে আওয়ামী লীগ। যুবলীগ ও ছাত্রলীগকে নিয়ন্ত্রণ করতে হবে। তিনি বলেন, ‘মানুষ বলে, আমরা সরকারে আছি। কিন্তু আমরা কিছু দিতে পারছি না। এটা আমাদের জন্য বিব্রতকর।’জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেন, মহাজোট আছে, মহাজোট থাকবে। দু-একটি জায়গায় জাতীয় পার্টির সাংসদেরা বঞ্চিত হচ্ছেন। জাতীয় পার্টির সাংসদ আছেন, এমন এলাকায় সংরক্ষিত আসনে আওয়ামী লীগের নারী সাংসদদের দায়িত্ব না দেওয়ার জন্য তিনি প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান।এরশাদ প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘মাঝেমধ্যে আপনি আমাদের চায়ের দাওয়াত দেবেন। তাহলে জনগণ বুঝবে, এরশাদ আপনার সঙ্গে আছে। এটা সরকারের জন্যও ভালো, জনগণের জন্যও ভালো।’ এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘চা নয়, আপনাদের খাওয়ার জন্য আমন্ত্রণ করেছি। তিনি নিয়মিতই এ ধরনের বৈঠক করার চেষ্টা করবেন বলে জানান। জাসদের মঈন উদ্দীন খান বাদল বলেন, ‘অবস্থা ভালো নয়। সবাইকে সতর্ক থাকতে হবে। আমরা এক নৌকাতেই আছি। নৌকা উল্টালে সবাই ডুবব।’আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বিরোধীদলীয় নেত্রীর বক্তব্যের সমালোচনা করে বলেন, তিনি বলছেন, এই সরকার ও এই সংসদ অবৈধ। ওনার এ কথার কোনো ভিত্তি নেই।শরিকদের সমালোচনার জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশে উন্নয়ন কর্মকাণ্ড চলছে। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সমস্যা সমাধানের চেষ্টা করছি।’ তিনি বলেন, ‘নৌকা ডুববে না। ঠিকই থাকবে। আমি আশাবাদী মানুষ। হতাশায় ভুগি না।’ উদাহরণ হিসেবে তিনি বলেন, ‘একবার হারলেই ক্রিকেট দলকে ঢিল ছোড়া হয়। আমি এ রকম দর্শক না। আমি ওপরে ওঠার লোক। আমি উঠব। অবশ্যই এ দেশ উন্নত ও সমৃদ্ধিশালী হবে।’