রাজশাহীর চারঘাট পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের তিনজন এবং বিএনপির দুজন নেতা প্রার্থী হয়েছেন। আবার মুণ্ডমালা পৌরসভায় মেয়র পদের প্রার্থীদের মধ্যে তিনজন বিএনপির এবং দুজন আওয়ামী লীগের নেতা। জেলার ১১টি পৌরসভার মধ্যে মাত্র তিনটিতে একক প্রার্থী দিতে পেরেছে দেশের প্রধান দুই রাজনৈতিক দল। ১১টি পৌরসভায় মেয়র পদে এখন আওয়ামী লীগের মোট ২৫ জন এবং বিএনপির ২১ জন নেতা প্রতিদ্বন্দ্বিতা করছেন।রাজশাহী জেলায় আওয়ামী লীগ ও বিএনপি—উভয় দলেই দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণ কোন্দল চলছে। এর প্রভাব পড়েছে বিভিন্ন উপজেলাতেও। আর পৌর নির্বাচনে একেক প্রার্থীকে সমর্থন দিচ্ছেন একেক নেতা।২০০৫ সালে আওয়ামী লীগের জেলা সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন যথাক্রমে তাজুল ইসলাম মো. ফারুক ও ওমর ফারুক চৌধুরী। কিন্তু গত পাঁচ বছরেও তাঁরা পূর্ণাঙ্গ কমিটি করেননি। আবার রাজশাহী মহানগর কমিটির সাবেক সভাপতি মাসুদুল হককে দল থেকে বহিষ্কার করা হয়েছিল ২০০৮ সালের আগস্ট মাসে। পরের মাসে তিনি মারা যান। এর পর থেকে সভাপতির পদ শূন্য আছে। জেলা কমিটির সভাপতি ও মহানগর কমিটির সাধারণ সম্পাদক সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের মধ্যেও আছে দ্বন্দ্ব। বিএনপিতেও আছে একই রকম বিরোধ। জেলা কমিটির সভাপতি নাদিম মোস্তফা ও মহানগর কমিটির সভাপতি মিজানুর রহমান মিনুর মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্য। এর প্রভাবে গোটা রাজশাহী জেলাতেই দুই মেরুতে বিভক্ত হয়ে পড়েছে বিএনপি, যার প্রভাব পড়েছে পৌর নির্বাচনে।আওয়ামী লীগে কেউ কাউকে মানছেন না: গোদাগাড়ী পৌরসভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি মেয়র পদে মনোনয়ন দিয়েছে মনিরুল ইসলামকে। তবে স্থানীয় সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরী মনোনয়ন দিয়েছিলেন অয়েজউদ্দিন বিশ্বাসকে।ওমর ফারুক চৌধুরী প্রথম আলোকে বলেন, গোদাগাড়ীতে স্থানীয় আওয়ামী লীগ অয়েজউদ্দিন বিশ্বাসকে প্রার্থী হিসেবে ঠিক করেছিল। তবে কেন্দ্র থেকে অন্য ঘোষণা দেওয়া হয়েছে। এটাই হলো সমস্যা।বছর দুয়েক আগে আওয়ামী লীগে যোগ দেওয়া রবিউল আলমও একই পৌরসভায় মেয়র পদের প্রার্থী হয়েছেন।চারঘাটে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থন নিয়েছে আনোয়ার হোসেনকে। কিন্তু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রায়হানুল হক তাঁর স্ত্রী নার্গিস আক্তারকে প্রার্থী করেছেন। রায়হানুল হক প্রথম আলোকে বলেন, তাঁর স্ত্রী কোনো দলের প্রার্থী নন, জনগণ তাঁকে এখানে প্রার্থী করেছে।থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আক্তারুজ্জামানও এই পৌরসভায় মেয়র পদে প্রার্থী।কাটাখালী পৌরসভায় স্থানীয় সাংসদ মেরাজ উদ্দিন মোল্যাহ্র সমর্থন নিয়ে মেয়র পদের প্রার্থী হয়েছিলেন সাবেক যুবলীগের নেতা আব্বাস আলী। পরে কেন্দ্র থেকে মনোনয়ন দেওয়া হয় আবদুর রবকে। কিন্তু আব্বাস আলী নির্বাচন থেকে সরে দাঁড়াননি। এখানে মনির উদ্দিন নামের আরও একজন আওয়ামী লীগের নেতা নির্বাচন করছেন।আব্বাস আলী প্রথম আলোকে বলেন, স্থানীয় সাংসদের সমর্থন ও আশীর্বাদ নিয়ে তিনি নির্বাচনে দাঁড়িয়েছিলেন। এখন জনগণ তাঁকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে দিচ্ছে না।রাজশাহীর ১১টি পৌরসভার মধ্যে শুধু আড়ানী, কেশরহাট ও ভবানীগঞ্জে একক প্রার্থী দিতে পেরেছে আওয়ামী লীগ। বাকি আটটি পৌরসভার মধ্যে তিনটিতে আওয়ামী লীগের প্রার্থী আছেন তিনজন করে। আওয়ামী লীগের সূত্র জানায়, গত মঙ্গলবার পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী রাজশাহী সফরকালে কাটাখালী পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের ডেকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অনুরোধ করেন। কিন্তু তাঁরা নির্বাচন করতে অনড়।জেলা আওয়ামী লীগের সভাপতি তাজুল ইসলাম মো. ফারুক বলেন, ‘একটি নির্দিষ্ট পদ্ধতিতে মনোনয়ন দেওয়া উচিত ছিল। কিন্তু অনেক ক্ষেত্রে সাংসদেরা নিজেরাই মনোনয়ন দিয়ে দিয়েছেন। আবার ঢাকা থেকেও মনোনয়ন দিয়ে দেওয়া হয়েছে। আমি জেলা কমিটির সভাপতি, অথচ আমার কোনো মতামত নেওয়া হয়নি। এ কারণে আমি কাউকে সমর্থন দিইনি। নির্বাচন থেকে আমি নিজেকে সরিয়ে রেখেছি।’জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরী বলেন, ‘আমরা দলের সিদ্ধান্তের বাইরের প্রার্থীদের বুঝিয়ে-শুনিয়ে নির্বাচন থেকে সরিয়ে রাখতে চেষ্টা করছি।’মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুজ্জামান লিটন বলেন, ‘রাজশাহীতে পাঁচ বছর ধরে পূর্ণাঙ্গ জেলা কমিটি নেই। এ কারণে তৃণমূল পর্যায়ে দলের শৃঙ্খলা নেই। এর প্রভাব পড়েছে নির্বাচনে। কেন্দ্রের নির্দেশ অমান্য করে যাঁরা প্রার্থী হয়েছেন, তাঁদের ডেকে কথা বলার চেষ্টা করছি। আশা করি, আগামী সাত দিনে অনেক উন্নতি হবে।’এদিকে মুণ্ডুমালা পৌরসভায় দলের সিদ্ধান্তের বিরুদ্ধে স্ত্রীকে মেয়র পদের প্রার্থী করায় রায়হানুল হক ও অন্য দুই প্রার্থীকে দল থেকে বহিষ্কার করতে জেলা আওয়ামী লীগের কাছে সুপারিশ করেছে চারঘাট থানা আওয়ামী লীগ। বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কারের সুপারিশ করেছে দুর্গাপুর থানা আওয়ামী লীগও। তবে এখনো এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি জেলা কমিটি।বিএনপিতে জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্ব: মুণ্ডুমালায় বিএনপি সমর্থন দিয়েছে মোজাম্মেল হককে। কিন্তু জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শিশ মোহাম্মদ ও মুণ্ডুমালা পৌর বিএনপির সহসভাপতি আফসারুজ্জামান প্রামাণিক এই সিদ্ধান্ত না মেনে প্রার্থী হয়েছেন।চারঘাট, আড়ানী, দুর্গাপুর, কেশরহাট, তানোর ও কাকনহাট পৌরসভাতেও মেয়র পদে বিএনপির দুজন করে আর তাহেরপুরে তিনজন প্রার্থী আছেন। একক প্রার্থী আছে কেবল কাটাখালী, ভবানীগঞ্জ ও গোদাগাড়ীতে।একই পৌরসভায় একাধিক প্রার্থী হওয়ার জন্য বিএনপির জেলা ও মহানগর শাখার নেতাদের অভ্যন্তরীণ কোন্দলকে দায়ী করেছেন দলটির নেতা-কর্মীরা। জেলা বিএনপির একজন নেতা অভিযোগ করেছেন, দলের সমর্থিত প্রার্থীর বিপরীতে প্রার্থী দেওয়ার পেছনে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মিজানুর রহমান মিনুর ইন্ধন আছে।প্রথম আলোর সঙ্গে আলাপকালে মিজানুর রহমান মিনুর প্রতি ইঙ্গিত করে জেলা বিএনপির সভাপতি নাদিম মোস্তফা বলেন, ‘আমার শ্রদ্ধেয় বড় ভাই জেলা বিএনপিকে বিভক্ত করতে হস্তক্ষেপ করার চেষ্টা করছেন। কিন্তু আমি মহানগরের কোনো বিষয়ে নাক গলাই না। উনি আমার অভিভাবক। আমি চাই, তিনিও জেলাতে হস্তক্ষেপ করবেন না।’অভিযোগ অস্বীকার করে মিজানুর রহমান মিনু বলেন, ‘বিএনপি অনেক বড় দল। এখানে সম্ভাবনাময় অনেক প্রার্থী আছে। ফলে দলের সিদ্ধান্তের বাইরে অতি উৎসাহে তাঁরা দাঁড়িয়ে গেছেন। আমরা তাঁদের বোঝানোর চেষ্টা করব। কথা না শুনলে প্রয়োজনে বহিষ্কার করা হবে।’ নাদিম মোস্তফার অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘অনেক কথাই শোনা যায়। বড়দের এসব সহ্য করতে হয়। সহ্য করে এসেছি বলেই তো ১৭ বছর রাজশাহী সিটি করপোরেশনের মেয়র থাকতে পেরেছি।’নাদিম মোস্তফা জানান, দুর্গাপুর পৌরসভায় তাঁরা সাইদুর রহমানকে মেয়র পদের প্রার্থী করেছেন। কিন্তু মিনুপন্থী নেতা আবু সাঈদ সেখানে আকবর আলীর পক্ষে এবং চারঘাট পৌরসভায় বিএনপির ইউনূস আলী তালুকদারের বদলে জাকিরুল ইসলামের পক্ষে প্রচার চালিয়েছেন।আবু সাঈদ এ বিষয়ে বলেন, ‘আমি আকবর আলী নয়, জাকিরুল ইসলামের পক্ষে নির্বাচন করছি। বিএনপির কেন্দ্রীয় কমিটি থেকে তাঁকেই মনোনয়ন দেওয়া হয়েছে। অন্যদিকে ইউনূস আলীকে দাঁড় করিয়েছেন নাদিম মোস্তফা। ভোটেই প্রমাণ হবে, কার পক্ষে সমর্থন বেশি।’