আ.লীগের ‘অবহেলায়’ জাপার ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘উপনির্বাচনে জাতীয় পার্টি মহাজোটগতভাবে সবকিছু করতে চায়। কিন্তু আওয়ামী লীগ না চাইলে তো আর তা হবে না। পৌরসভা নির্বাচনেও আওয়ামী লীগের অনীহার কারণে শেষ পর্যন্ত সম্ভবত মহাজোটের প্রার্থী করা সম্ভব হচ্ছে না।’ গতকাল এভাবেই হতাশা প্রকাশ করলেন মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ। পৌরসভা নির্বাচন ও সংসদের দুই আসনের উপনির্বাচন নিয়ে ক্ষমতাসীন মহাজোটে টানাপোড়েন দেখা দিয়েছে। পৌর নির্বাচনে অর্ধশতাধিক পৌরসভায় জাতীয় পার্টির (জাপা) প্রার্থীরা আওয়ামী লীগের প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে। এ ছাড়া আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিও সংসদের ব্রাহ্মণবাড়িয়া-৩ ও হবিগঞ্জ-১ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়ন দিয়েছে।ক্ষমতায় আসার পর থেকে এ পর্যন্ত নির্বাচন নিয়ে শরিক জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগের এ আচরণকে ‘অবহেলা’ হিসেবে দেখছেন দলটির বেশির ভাগ নেতা-কর্মী। জাতীয় পার্টি এ ‘অবহেলাকে’ সহজভাবে মেনে নিতে পারছে না। মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ এককভাবে জাতীয় সংসদের উপনির্বাচনের কথা বলেছেন। তিনি এ ব্যাপারে গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ‘উপনির্বাচন মহাজোটগতভাবে হওয়ার সম্ভাবনা কম। কারণ আওয়ামী লীগ তো এতে দলীয় প্রার্থী ঘোষণা করে দিয়েছে। মহাজোটগতভাবে নির্বাচন করলে নিশ্চয়ই জাতীয় পার্টির সঙ্গে কথা বলত। তারা প্রার্থী ঘোষণার পর জাতীয় পার্টিও দলীয় প্রার্থী মনোনয়ন দিয়েছে।’‘অবহেলায়’ ক্ষোভ: জাতীয় পার্টির বেশির ভাগ নেতা-কর্মী মনে করেন, তাঁরা মহাজোটের বড় শরিক আওয়ামী লীগের অবহেলার শিকার। জাতীয় পার্টি দলীয়ভাবেও এ ‘অবহেলাকে’ সহজভাবে মেনে নিতে পারছে না। দলটির অনেক নেতার মতে, একজন জাপা সাংসদকে মন্ত্রী করে নামে মহাজোটের সরকার গঠন হলেও দলীয়ভাবে তাঁরা লাভবান হননি।জাপা নেতাদের ক্ষোভের কারণ, পৌর নির্বাচনের তফসিল ঘোষণার পর তাঁরা মহাজোটের প্রার্থী দেওয়ার তাগিদ দিয়ে চিঠি দিলেও আওয়ামী লীগ প্রথমে বিষয়টি আমলেই নেয়নি। সারা দেশে ১৩৬টি পৌরসভায় মেয়র পদে প্রার্থী মনোনয়ন দেওয়ার পরই কেবল আওয়ামী লীগ গত সপ্তাহে জাপার সঙ্গে কথা বলে। সর্বশেষ গতকাল রোববার আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ পৌরসভা নির্বাচনে প্রার্থী নিয়ে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদারের সঙ্গে বৈঠক করেন। জাতীয় পার্টির একজন নেতা গতকাল প্রথম আলোকে বলেন, এখন শেষ মুহূর্তে তাঁদের প্রার্থী প্রত্যাহার করে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কাজ করতে বলা হচ্ছে। কিন্তু রংপুর ও রাজশাহী বিভাগে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল গতকাল রোববার। খুলনা ও বরিশাল বিভাগে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ সোমবার। সে কারণে জোটগতভাবে সিদ্ধান্ত হলেও শেষ পর্যন্ত চাইলেও অনেকের মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকবে না।এ ব্যাপারে রুহুল আমিন হাওলাদার প্রথম আলোকে বলেন, ‘জাতীয় পার্টি একা চাইলে তো জোটগতভাবে নির্বাচন হবে না। বড় শরিক আওয়ামী লীগকেও চাইতে হবে।’ তিনি বলেন, পৌরসভা নির্বাচন নিয়ে আওয়ামী লীগ যখন আলোচনায় বসল, ততক্ষণে মনোনয়নপত্র প্রত্যাহারের সময় পেরিয়ে যাচ্ছে। এখন চাইলেও অনেক স্থানে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে না।উপনির্বাচনে মহাজোটের চার প্রার্থী: আওয়ামী লীগ গত শনিবার মুশফিকুর রহমানকে জাতীয় সংসদের হবিগঞ্জ-১ ও রবিউল আলম মুক্তাদির চৌধুরীকে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী হিসেবে চূড়ান্ত করে। এরপর গতকাল রোববার জাপা এ দুটি আসনে রেজাউল ইসলাম ভূঁঞা ও মুনিম চৌধুরীকে মনোনয়ন দেয়।