নাটোরের বড়াইগ্রাম উপজেলার চেয়ারম্যান ও বিএনপির নেতা সানাউল্লাহ নূর হত্যাকাণ্ডে বিএনপি থেকে আওয়ামী লীগে আসা ‘হাইব্রিড’ সদস্যরা জড়িত। এমন মন্তব্য করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও প্রবীণ আইনজীবী সাজেদুর রহমান খান।গতকাল মঙ্গলবার জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সাজেদুর এ মন্তব্য করে বলেন, ‘হাইব্রিড’ সদস্যরা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এবং ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছেন।গতকাল বেলা সোয়া ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসক সুলতান আবদুল হামিদের সভাপতিত্বে সভা শুরু হয়। বেশির ভাগ বক্তা সানাউল্লাহ হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে আলোচনা করেন। তাঁরা হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে খুনিদের গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্ত করতে পুলিশের প্রতি অনুরোধ করেন। আলোচকেরা ঘটনার সময় স্থানীয় পুলিশের অসতর্কতা ও অবহেলা নিয়েও প্রশ্ন তোলেন।সভায় অতিরিক্ত পুলিশ সুপার নাসিরুল ইসলাম বলেন, ‘সানাউল্লাহ নূরের হত্যা মামলাটি আমরা অগ্রাধিকার ভিত্তিতে দেখছি। আসামিদের এখনো ধরতে পারিনি সত্য। তবে ধরার ব্যাপারে আন্তরিকতার অভাব নেই। তারা গা ঢাকা দিয়েছে। আর ঘটনার সময় পুলিশের অবহেলা ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি সাজেদুর রহমান খান বলেন, ‘ক্ষমতায় এসে দুই বছর আমরা নাটোরের বিএনপি-জামায়াতের একজন নেতা-কর্মীর গায়ে আঁচড়ও দিইনি। হঠাৎ করে ঘটে যাওয়া বনপাড়ার এ ঘটনায় আমাদের মাথা হেঁট হয়ে গেছে। আমরা বিস্মিত।’সাজেদুর বলেন, ‘আমি মনে করি, এ ঘটনার সঙ্গে বিএনপি থেকে আওয়ামী লীগে আসা হাইব্রিড সদস্যরা জড়িত। তাঁরা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এবং ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। এটাকে শুধু রাজনৈতিক হত্যাকাণ্ড বলা যাবে না। পুলিশ দায়ী ব্যক্তিদের গ্রেপ্তার করে উপযুক্ত ব্যবস্থা নিলে আমাদের কিছু বলার থাকবে না। তবে নির্দোষ কোনো ব্যক্তি যেন হয়রানির শিকার না হয়, তা পুলিশকে নিশ্চিত করতে হবে।’ আওয়ামী লীগের এই ‘হাইব্রিড’ সদস্য কারা এবং হত্যাকাণ্ডে কারা জড়িত, তা অবশ্য তিনি বলেননি।জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাটোর প্রেসক্লাবের সভাপতি হানিফ আলী শেখ বলেন, হত্যাকাণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্ত করা হোক। তবে নিরপরাধ কোনো ব্যক্তি যেন হয়রানির শিকার না হন।সভায় গুরুদাসপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক মোহাম্মদ আলী বলেন, ‘সানাউল্লাহ এই সভার একজন সদস্য ছিলেন। ভালো সংগঠক হওয়ায় তিনি খুব অল্প সময়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন। কিন্তু তাঁকে প্রকাশ্যে নির্মমভাবে হত্যা করার ঘটনায় আমরা মর্মাহত। খুনিদের পরিচয় যাই হোক, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।’ ঘটনায় সাংবাদিকদের আহত হওয়ার ঘটনায়ও তিনি উদ্বেগ প্রকাশ করেন।বক্তারা জেলার মাদক, চোরাচালান, চাঁদাবাজি ও জঙ্গি তৎপরতা নিয়েও আলোচনা করেন। সভায় আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সিতারা বেগম, বাগাতিপাড়া উপজেলা চেয়ারম্যান নওশের আলী, সিংড়া উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান।সভার শুরুতে বড়াইগ্রাম উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদ উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নূর হত্যাকাণ্ডে শোকপ্রস্তাব উপস্থাপন করলে সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়।আসামিরা গ্রেপ্তার হয়নি: সানাউল্লাহ হত্যাকাণ্ডের চার দিন পেরিয়ে গেলেও ২৬ আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আসামিরা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মী। ৮ অক্টোবর দুপুরে হত্যাকাণ্ড ঘটে। পুলিশ শুধু ছাত্রলীগের কর্মী রাসেল ওরফে রাপ্পুকে গ্রেপ্তার করে। এ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা নাটোর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল হান্নান গত রোববার সাংবাদিকদের জানান, রাসেলকে জিজ্ঞাসাবাদের জন্য বড়াইগ্রাম আমলি আদালতে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। কিন্তু গতকাল বড়াইগ্রাম আমলি আদালতে খোঁজ নিয়ে জানা গেছে, পুলিশ রিমান্ডের আবেদনই করেনি। এ ব্যাপারে এসআই হান্নান গতকাল প্রথম আলোকে বলেন, রিমান্ডের আবেদন করে রাসেলকে জিজ্ঞাসাবাদ করা হবে।নিরাপত্তাহীনতা: সানাউল্লাহ হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার না করায় এবং তদন্তের ধীরগতিতে তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন। সানাউল্লাহর স্ত্রী মহুয়া নূর সোমবার রাত আটটার দিকে বনপাড়ায় উপজেলা চেয়ারম্যানের সরকারি বাসভবনে সাংবাদিকদের বলেন, ‘হত্যাকাণ্ডের চার দিনেও পুলিশ একজন ছাড়া কাউকেই গ্রেপ্তার করেনি। আসামিরা ঘটনার পর থেকে বনপাড়া বাজারে প্রকাশ্যে ঘোরাফেরা করছেন।আসামি রাসেলের গ্রেপ্তার প্রসঙ্গে মহুয়া নূর বলেন, পুলিশ তাঁকে গ্রেপ্তার করে তাৎক্ষণিক আদালতে পাঠায়। কিন্তু জিজ্ঞাসাবাদও করা হয়নি, রিমান্ডেও নেওয়া হয়নি। এ অবস্থায় তদন্ত নিয়েও সন্দেহ হচ্ছে। তিনি বলেন, ‘আসামিরা প্রভাবশালী লোকদের আশ্রয়-প্রশ্রয়ে উচ্চ আদালত থেকে জামিন নেওয়ার চেষ্টা করছেন। এখন একজন নারী হয়ে সন্ত্রাসীদের সঙ্গে আমি কীভাবে লড়ব? আমার সন্তানেরা ও আমি চরম নিরাপত্তহীনতায় ভুগছি। আমার মেয়েদের স্কুল-কলেজে যাওয়া বন্ধ। আমাদের দেখার কেউ নেই। আসামিরা গ্রেপ্তার না হলে আমরা বাসা থেকে বের হতে পারব না।’ঘটনার চার দিনেও এজাহারভুক্ত ২৬ আসামির গ্রেপ্তার না হওয়া প্রসঙ্গে এসআই আবদুল হান্নান বলেন, ‘অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে সব রকম চেষ্টা করছি। প্রত্যেকের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। জেলার ভেতরে ও বাইরে অভিযান অব্যাহত রয়েছে। আসামিদের অবস্থান জানামাত্র গ্রেপ্তার করা হবে। এরই মধ্যে টিভি ফুটেজ ও পত্রিকার ছবি পরীক্ষা করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের ছবির সঙ্গে সেসব ছবি মিলিয়ে দেখা হচ্ছে। তদন্ত এগিয়ে চলছে।’