বিশ্বের দীর্ঘতম আলপনা আঁকা শুরু হবে আজ রাত ১০টা ৪৫ মিনিট থেকে। জাতীয় সংসদের সামনে মানিক মিয়া এভিনিউতে। সম্পন্ন হয়েছে এর সব প্রস্তুতি। মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান এয়ারটেল ও প্রথম আলোর যৌথ উদ্যোগে আয়োজিত ‘আঁকব আমরা দেখবে বিশ্ব’ নামের এই বিপুল অঙ্কন-কর্মযজ্ঞ সবার জন্য উন্মুক্ত।বছরের শেষ দিনে নতুন বছরকে স্বাগত জানিয়ে বাঙালি সংস্কৃতির ঐতিহ্যবাহী অঙ্কনরীতিতে আঁকা হবে এই আলপনা। অঙ্কনপর্বের সূচনা হবে নববর্ষকে আবাহন জানানোর সেই চিরপরিচিত গান ‘এসো হে বৈশাখ এসো এসো’ পরিবেশনার মধ্য দিয়ে। জাতীয় সংসদ ভবনের সামনে শিল্পী লাইসা আহমেদ লিসা গেয়ে শোনাবেন গানটি। এরপর সংক্ষিপ্ত আলোচনা। এতে প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ। আয়োজন সম্পর্কে বলবেন এয়ারটেলের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস টবিট ও প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। এর পরই শুরু হয়ে যাবে রং-তুলি নিয়ে অঙ্কনে মেতে ওঠার পালা।সড়কের মাঝখানের বিভক্তিসংলগ্ন অংশের উভয় পাশে আলপনা আঁকা হবে। এর দৈর্ঘ্য হবে সাড়ে তিন লাখ বর্গফুট। অঙ্কনের মূল তত্ত্বাবধানে থাকবেন শিল্পী কাইয়ুম চৌধুরী, রফিকুন নবী, নিসার হোসেন, শিশির ভট্টাচার্য্য ও মনিরুজ্জামান। এই পাঁচজনের নেতৃত্বে অঙ্কনে সিদ্ধহস্ত ২৫ জন শিল্পীর একটি করে দল থাকবে। এই পাঁচ দলের তত্ত্বাবধানে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভ (ইউডা), শান্ত-মারিয়ম ইউনিভার্সিটিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের চারুকলার ২৫০ জন শিক্ষার্থী ও নবীন-প্রবীণ শিল্পী। তাঁরা সড়কের এক একটি অংশে অঙ্কন করবেন। তাঁদের সঙ্গে অঙ্কনে পারদর্শী যে কেউ অংশ নিতে পারবেন। ভোর ছয়টা অবধি চলবে বিশ্বের এই দীর্ঘতম আঁকা। নতুন বছরের প্রথম দিনের সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শেষ হবে আঁকার কাজ। ভোরের আলো যখন এসে স্পর্শ করবে পথের বুকের রাঙা আলপনাকে, তখন সেখানে দাঁড়িয়ে সবাই মিলে ছবি তোলার মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘটবে এই অভূতপূর্ব কর্মযজ্ঞের।এই আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে আছে এশিয়াটিক ৩৬০ মার্কেটিং কমিউনিকেশন। সহায়তা করবে প্রথম আলো বন্ধুসভা। প্রথম আলো ডটকম, ই-প্রথম আলো, প্রথম আলো ব্লগ ও বন্ধুসভার ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার করা হবে আলপনা আঁকার এই কর্মযজ্ঞ।