আঁচলাই শ্মশানঘাটের দুরবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হিন্দু সম্প্রদায়ের মানুষের যেন মরেও শান্তি নেই। কেউ মরে গেলে লাশ সত্কারের জন্য শ্মশানঘাটে নিয়ে যেতে হয় এক প্রকার যুদ্ধ করে। আর বর্ষা মৌসুমে কেউ মারা গেলে দুর্ভোগ শতগুণ বেড়ে যায়। কখনো কোমর পানি পার হয়ে লাশ বহন করে নিয়ে যেতে হয়। শ্মশানঘাটে কোনো শেড না থাকায় রোদ-বৃষ্টিতে শ্মশানযাত্রীদের দুর্ভোগের সীমা থাকে না।’ বগুড়ার শিবগঞ্জ উপজেলার আঁচলাই শ্মশানঘাটের দুরবস্থা নিয়ে ক্ষোভের সঙ্গে কথাগুলো বলেন কালিপদ কর্মকার (৫০)।তিনি জানান, বর্তমানে শ্মশানে যাওয়ার জন্য মূল সড়ক থেকে নামতে হয়। এ সড়ক এত উঁচুতে উঠতে-নামতে মানুষের নাভিশ্বাস ওঠে যায়। তা ছাড়া দিন দিন শ্মশানঘাটটিকে যেন নদী গিলে খাচ্ছে। বর্ষা মৌসুমে বেশি সময় শ্মশানঘাটটি পানির নিচে ডুবে থাকে। হুমকির সম্মুখীন হয়ে পড়েছে এটি। প্রিয়জনের শেষকৃত্য করতে গিয়ে এত বিড়ম্বনা মনে প্রচণ্ড চাপ ফেলে।জানা গেছে, শিবগঞ্জ-মোকামতলা পাকা সড়কের আঁচলাই সেতু থেকে ১০০ গজ দক্ষিণে শহরের শেষ সীমানায় করতোয়া নদীর তীরে এ শ্মশানঘাটের অবস্থান। নদীর এপার-ওপার মিলে হিন্দু সম্প্রদায়ের প্রায় ১০ হাজার মানুষের বসবাস। তাঁদের লাশ সত্কার করা হয় এখানে।আঁচলাই গ্রামের গণেশ নারায়ণ (৩৮) জানান, এ শ্মশানে শুকনো মৌসুমে অতি কষ্টে যাতায়াত করা যায়। কিন্তু বর্ষায় দুর্ভোগের সীমা থাকে না। বন্যার পর জলাবদ্ধতার কারণে কলাগাছের ভেলায় চড়ে লোকজনকে শ্মশানে আসতে হয়। শহরের ওষুধ ব্যবসায়ী অসীম কুমার মোহন্ত বলেন, সমস্যা অনেক, তবে প্রধান সমস্যা একটি শ্মশান যাত্রীছাউনি না থাকা। ছাউনি না থাকায় সত্কারে আসা মানুষজনকে অনেক সমস্যায় পড়তে হয়। আশপাশে কোনো বাড়ি না থাকায় বৃষ্টি হলে মানুষকে ভিজতে হয়।শ্মাশানঘাট কমিটির সভাপতি ঝণ্টু মোহন্ত বলেন, পাকা সড়ক থেকে শ্মশানে নামতে অনেক নিচুতে আসতে হয়। এতে সত্কার করতে আসা মানুষকে দুর্ভোগে পড়তে হয়। তাই জরুরি ভাবে ওই শ্মশানে যাওয়ার জন্য একটি বিকল্প সড়ক নির্মাণ দরকার। সাধারণ সম্পাদক খুদু মোহন্ত জানান, এক সময়ের ঐতিহ্যবাহী শ্মশানঘাট এটি। অথচ এ দিকে কেউ নজর না দেওয়ায় দিন দিন এটি যেন বিলীন হতে চলেছে। এ দিকে কেউ কখনো ফিরেও তাকান না। শ্মাশানঘাটে মাটিভরাট, প্রয়োজনীয় শেড নির্মাণ, ভাঙনরোধে ব্যবস্থা গ্রহণ ও সংস্কারের জন্য তিনি দাবি জানান।এ ব্যাপারে ওই এলাকার কাউন্সিলর আব্দুল গোফ্ফার বলেন, ‘শ্মশানঘাটটির অবস্থা খুব করুণ। তবে সরকারিভাবে এ শ্মশানের উন্নয়নে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আমি চেষ্টা করে দেখব কিছু করা যায় কি না।’পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র রুহুল আমিন সরকার বলেন, এ ব্যাপারে তাঁর কাছে কেউ কখনো আবেদন করেনি। আবেদন করলে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে বলে তিনি জানান।