আঁধারকে ভালোবাসুন, সুস্থ থাকুন
শহরের জীবন! রাত নামলেই যেখানে কৃত্রিম আলোর বন্যা। আলো আর আলো। ফুটবল-ক্রিকেটের মাঠ থেকে শুরু করে শহরের আনাচকানাচে আলোর মিছিল। এখানে রাত-দিনের পার্থক্য ধরা কঠিন। মানুষ এখন প্রকৃতির আলো-আঁধারির সৌন্দর্য ভুলে প্রযুক্তি আর কৃত্রিম আলোয় ভাসিয়ে দিয়েছে শহুরে জীবনকে। কিন্তু যুক্তরাষ্ট্রের চিকিৎসকেরা বলছেন, প্রকৃতির নিয়মে যে আঁধার নামে, ওই আঁধার মানুষের জীবনের জন্য অতি গুরুত্বপূর্ণ। তাই শহুরে জীবনে শুধুই কৃত্রিম এ আলোর পথযাত্রী হলে চলবে না, অন্ধকারকেও ভালোবাসতে শিখতে হবে, রাতের আঁধারের অস্তিত্বে নিজেকে মেশাতে হবে।শহুরে জীবনে বৈদ্যুতিক বাতির আধিক্যের সঙ্গে যুক্ত হয়েছে টেলিভিশন, কম্পিউটার, ট্যাবলেট, মোবাইল ফোনসহ অসংখ্য প্রযুক্তিপণ্য থেকে নির্গত কৃত্রিম আলো। মানুষ প্রতিনিয়তই এ আলোর মধ্যে নিজেকে সঁপে দিচ্ছে। চিকিৎসকেরা আশঙ্কা করছেন, অন্ধকারের অনুপস্থিতি আর আলোর আধিক্য মানুষের দেহঘড়ির ওপর নেতিবাচক প্রভাব ইতিমধ্যেই ফেলতে শুরু করেছে।মার্কিন চিকিৎসকদের সংগঠন ‘আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন’ (এএমএ) এ বছরের জুন মাসে প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, আলো-আঁধারির স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হওয়ার কারণে মানুষের শরীরে প্রভাব পড়ছে। মানুষের ঘুমের সমস্যা তৈরি হচ্ছে, এখন মানুষ নিয়ম মেনে ঘুমায় না, সঠিক সময়ে সঠিক কাজ করে না। গবেষকদের মতে, মানুষের দেহঘড়ি সচল রাখতে ঘুম অতি প্রয়োজনীয়। এ ছাড়া মানুষের স্মৃতি গুছিয়ে রাখাসহ জৈবিক প্রক্রিয়া রাতের আঁধার পেলে তবে সক্রিয় হয়ে ওঠে। কিন্তু শহুরে জীবনের আলোর আধিক্য মানুষের শরীরবৃত্তীয় কাজে বাধা সৃষ্টি করছে। এর ফলে সৃষ্টি হচ্ছে মরণব্যাধি। স্থূলতা, ডায়াবেটিস থেকে শুরু করে ক্যানসারেরও কারণ হয়ে দাঁড়াচ্ছে কৃত্রিম আলোর অতি ব্যবহার।প্রকৃতির নিয়মেই দিন গড়িয়ে সন্ধ্যা হয়। এরপর নামে রাত। মানুষের কাজকর্ম গুছিয়ে রাতের আঁধারে বিশ্রাম নেওয়ার পালা। কিন্তু এখন সন্ধ্যা হতে না হতেই শহরের প্রতিটি বাড়ি, রাস্তাঘাট আর আনাচকানাচে জ্বলে ওঠে অসংখ্য বাতি। নীরব-নিস্তব্ধ কোনো দূরের এলাকা থেকে চোখে পড়ে না-ঘুমানো শহরের ব্যস্ত কোলাহলমুখর মানুষের কর্মচাঞ্চল্য। সভ্যতার অগ্রগতির সঙ্গে মানুষ জয় করেছে অন্ধকারও। বিদ্যুতের আবিষ্কারের ফলে মানুষ হার মানিয়েছে রাতের আঁধারকে। এখন রাত হলেও আঁধারে ঘুমায় না শহরের মানুষ। আলোর ফোয়ারা তাদের চোখ থেকে ঘুমের রেশ টেনে ধরে। এখন সূর্য অস্তাচলে গেলেও পৃথিবীর শত শত শহরে অন্ধকার নামে না। মানুষ এখন কৃত্রিম আলোর মধ্যেই তার ২৪ ঘণ্টা সময় পার করছে। এর প্রভাব পড়ছে পুরো সমাজব্যবস্থার ওপর, বাদ পড়ছে না সদ্যভূমিষ্ঠ শিশুও।যুক্তরাষ্ট্রের কানেকটিকাট বিশ্ববিদ্যালয়ের ক্যানসার-গবেষক রিচার্ড স্টিভেন্স জানিয়েছেন, ‘আলো-দূষণের বিষয়টি অন্যতম প্রধান স্বাস্থ্যসমস্যা হিসেবে চিহ্নিত করেছে এএমএ। পাশাপাশি এটা পরিবেশদূষণের সঙ্গে সংশ্লিষ্ট, যা আমাদের সমাজে স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলছে। আমরা বিষয়টি নিয়ে গভীরভাবে ভাবছি। সবাইকে বিষয়টি গুরুত্ব দেওয়া উচিত।’স্টিভেন্স জানিয়েছেন, শরীরের ওপর কৃত্রিম আলোর ব্যবহারে প্রভাব পড়ার বিষয়টি ইতিমধ্যে প্রাণীর ওপর পরীক্ষা করে দেখা হয়েছে। গবেষণায় দেখা গেছে, সারাক্ষণ কৃত্রিম আলোয় থাকলে আঁধারের অভাবে শরীরবৃত্তীয় কাজে বাধার সৃষ্টি হয়। শরীরের জন্য অতি গুরুত্বপূর্ণ মেলাটোনিন নামের হরমোন উত্পন্ন হতে বাধা দেয় কৃত্রিম আলোর অতি ব্যবহার।শহরের কৃত্রিমতায় পরিবেশদূষণের মধ্যে এখন যোগ হয়েছে ‘আলোদূষণ। পানিদূষণ, শব্দদূষণের মতোই আধুনিক নগরজীবনে এখন রাতের আঁধার নামে না, নামে দূষিত কৃত্রিম আলোর এক মরণফাঁদ। ‘লাইট পলিউশন: অ্যাডভার্স হেলথ এফেক্টস অব নাইট-টাইম লাইটিং’ নামে এএমএর প্রতিবেদনে বলা হয়েছে, রাতে উজ্জ্বল কৃত্রিম আলোয় বেশিক্ষণ থাকলে ঘুমোতে অসুবিধা তো হয়ই, পাশাপাশি মানসিক চাপ, হতাশা ও দুশ্চিন্তার কারণ হতে পারে। হতে পারে স্থূলতা, হূদরোগ, ডায়াবেটিস। হতে পারে মরণব্যাধি ক্যানসারও। কীভাবে ক্যানসার হয়মার্কিন চিকিৎসকেরা জানিয়েছেন, দিন-রাতের ছন্দের নিয়মে কাজ করে মানুষের দেহঘড়ি (বায়োলজিক্যাল ক্লক)। মানব-মস্তিষ্কের বিশেষ একটি গ্রন্থি থেকে মেলাটোনিন নামের হরমোন নিঃসৃত হয়। মেলাটোনিন দেহঘড়ির রসদ হিসেবে কাজ করে। চিকিত্সকেরা বলেছেন, ওই হরমোন ঘুমের সহায়ক, হূদরোগ, ডায়াবেটিস রোধ করতে সাহায্য করে। স্তন ও প্রস্টেট ক্যানসার রুখতেও হরমোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁদের মতে, শরীরকে ৮ থেকে ১০ ঘণ্টা অন্ধকারে রাখলে মানবশরীরে স্বাভাবিক পরিমাণ মেলাটোনিন তৈরি হয়। কিন্তু উজ্জ্বল আলোয় থাকলে ওই হরমোন তৈরির প্রক্রিয়া ব্যাহত হয়। শুধু বয়স্কদের ক্ষেত্রেই নয়, শিশু ও তরুণদের মধ্যেও এর প্রভাব পড়ে। গবেষকেরা বিষয়টি নিয়ে আরও গবেষণা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।গবেষক রিচার্ড স্টিভেন্স জানিয়েছেন, মানসিক চাপ, হতাশা, ডায়াবেটিসের মতো ক্যানসারও আধুনিক জীবনযাত্রার ধরন-ধারণের সঙ্গে জড়িত। খাদ্যাভ্যাস, মানসিক চাপ, যৌন জীবন, দ্রুত জীবনযাত্রার পাশাপাশি এখন কৃত্রিম আলোর উজ্জ্বলতাও বিভিন্ন রোগের কারণ বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্বস্বাস্থ্য সংস্থা (হু) এবং আন্তর্জাতিক ক্যানসার গবেষণা সংস্থা (ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যানসার) কয়েক বছর আগে পৃথক এক সমীক্ষায় জানিয়েছিল, দিনের আলো ও রাতের অন্ধকারের মধ্যে ভারসাম্য সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মক্ষেত্রে রাতের ঘুম নষ্ট করে কাজ করলে দেহঘড়ির স্বাভাবিক ছন্দ ব্যাহত হয়, তা থেকে মানবদেহে ক্যানসার ছড়ানোর আশঙ্কা থাকে। ম্যাসাচুসেটসের হূদরোগ বিশেষজ্ঞ মারিও মোট্টা জানিয়েছেন, রাতের আঁধারের সঙ্গে ক্যানসারের সংশ্লিষ্টতার বিষয়টি নিয়ে আরও গবেষণা করতে হবে। প্রাণিদেহে কৃত্রিম আলোর অতিমাত্রায় ব্যবহার পরীক্ষা করে ক্যানসারের সঙ্গে সংশ্লিষ্টতার দেখা মিলেছে।গবেষকেরা এ প্রসঙ্গে আরও জানিয়েছেন, মানুষের চোখের রেটিনায় বিশেষ কিছু ‘সেন্সর’ অর্থাত্ সংবেদনশীল কোষ রয়েছে। মেলাটোনিন তৈরিতে সেগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ। রাতের কৃত্রিম ‘আলোয়’ বা ইলেকট্রনিক পণ্য থেকে বের হওয়া নীল আলো চোখের ওই কোষগুলো উত্তেজিত করে তোলে। এর ফলে মেলাটোনিন উত্পন্ন হয় না। রাত জেগে টেলিভিশন, কম্পিউটার, আইপ্যাড, মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন গবেষকেরা। গবেষক মোট্টা জানিয়েছেন, প্রকৃতি থেকে সরে গিয়ে নিজস্ব কৃত্রিম পরিবেশে থাকছে মানুষ। দেখা যাচ্ছে, যাঁরা চার দেয়ালের মধ্যে আটকা থাকছেন, দিন-রাতের তফাত তাঁরা টের পাচ্ছেন না। ফলে তাঁদের মানসিক চাপ বাড়ছে।মোট্টা আরও জানিয়েছেন, কৃত্রিম আলোর কুপ্রভাব দেখা যাচ্ছে শিশু ও তরুণদের মধ্যেও। রাত জেগে অতিমাত্রায় টেলিভিশন দেখা কম্পিউটারের মতো ইলেকট্রনিক যন্ত্রের ব্যবহার শারীরিক ক্ষতির পাশাপাশি মানসিক ক্ষতি করছে।গবেষক মোট্টা অভিভাবকদের পরামর্শ দিয়েছেন, বাড়িতে অতিরিক্ত আলো জ্বালাবেন না। নিজেরা সঠিক সময়ে, নিয়ম মেনে প্রতিদিন বাতি নিভিয়ে ঘুমাতে যান এবং শিশুদের মধ্যেও এই অভ্যাস তৈরি করুন। ঘুমানোর সময় শিশুদের ঘরের আলো নিভিয়ে দিন। যদি আলো রাখতেই হয়, তবে হালকা লাল আলো ঘুমানোর সময় জ্বালিয়ে রাখুন।’আঁধারকে ভালোবাসুন, সুস্থ থাকুন।তথ্যসূত্র: আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন, মেইল অনলাইন, হাফিংটন পোস্ট।