আঁরা চাঁটগাইয়া নওজোয়ান’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ও ভাই আঁরা চাঁটগাইয়া নওজোয়ান’ —চট্টগ্রামের এমন ধরনের আঞ্চলিক গান এবং ‘আমি যদি চট্টগ্রামের মেয়র হতাম’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতার মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার চট্টগ্রামে শুরু হয়েছে তারুণ্য উৎসব। দুই দিনব্যাপী এই উৎসবের প্রথম দিনে গতকাল শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে তরুণদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ইংরেজি দৈনিক ডেইলি স্টার-এর অদম্য চট্টগ্রাম উৎসবের অনুষ্ঠানমালার অংশ হিসেবে দুই দিনব্যাপী এই তারুণ্য উৎসবের উদ্বোধন করা হয়। আজ তারুণ্য উৎসবের শেষ দিন। উৎসবের উদ্বোধন করতে গিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মাহবুবুল হক বলেন, ‘আমাদের লাল-সবুজ পতাকার পেছনে ছিল তারুণ্যের দীপ্তি। মুক্তিযুদ্ধসহ সব আন্দোলন-সংগ্রামে তরুণেরা সম্পৃক্ত ছিল।’ তিনি আরও বলেন, আজকের তরুণেরা মুক্তিযুদ্ধ না দেখলেও তাদের সামনে বড় কাজ রয়ে গেছে। গণতন্ত্রকে সর্বজনীন করার ক্ষেত্রে তাদের ভূমিকা রাখতে হবে।’ ডেইলি স্টার-এর ব্যুরোপ্রধান রইসুল হক বাহারের সভাপতিত্বে উদ্বোধনী পর্বে আরও বক্তব্য দেন অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান, প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ, দৃষ্টির পরিচালক মাসুদ বকুল, ডেইলি স্টার-এর বিপণন ব্যবস্থাপক শাহরিয়ার শহীদ প্রমুখ। বক্তারা বলেন, তরুণদের যুদ্ধ করতে হবে কুসংস্কারের বিরুদ্ধে, যুদ্ধ করতে হবে অজ্ঞতার বিরুদ্ধে, যুদ্ধ করতে হবে ন্যায়বিচারের জন্য। উদ্বোধনী পর্বের পর তরুণদের জয়গান নিয়ে মঞ্চে আসেন প্রথম আলো বন্ধুসভা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার শিল্পীরা। ‘শেকড়ের সন্ধানে’ শীর্ষক তাঁদের পরিবেশনায় ওঠে আসে চট্টগ্রাম ও তারুণ্যবিষয়ক নানা অনুষঙ্গ। এ ছাড়া সংগীত পরিবেশন করেন অঙ্গনের শিল্পীরা। তবে সবকিছুকে ছাপিয়ে যায় তরুণদের বিতর্ক অনুষ্ঠান। বিতর্কের বিষয়গুলো তরুণদের মধ্যে বেশ সাড়া ফেলে। ‘আমি যদি মেয়র হতাম’ শীর্ষক আঞ্চলিক বিতর্ক প্রতিযোগিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থী প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদের সামনে তাঁদের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এরপর ‘চাঁটগাইয়া পোয়া মেডিত ফইল্লে লোয়া’ ও ‘চাঁটগাবাসী যত না রোমান্টিক তার চেয়েও বেশি ভোজনরসিক’ শীর্ষক সংসদীয় বিতর্ক অনুষ্ঠিত হয়।