আংশিকভাবে পালিত হচ্ছে নৌ-ধর্মঘট
নৌযান শ্রমিক ফেডারেশন গতকাল শুক্রবার রাত ১২টা এক মিনিট থেকে সারা দেশে নৌ-ধর্মঘটের ডাক দিলেও তা আজ শনিবার আংশিকভাবে পালিত হচ্ছে। গতকাল রাতে ও আজ সকালে পটুয়াখালী ও চাঁদপুর থেকে লঞ্চ আসা-যাওয়া করেছে।এদিকে আজ শনিবার দুপুর পর্যন্ত সারা দেশ থেকে মোট ৪২টি লঞ্চ ঢাকায় পৌঁছেছে। ঢাকা থেকে মুন্সিগঞ্জ, চাঁদপুর, শরীয়তপুর, মাদারীপুরসহ মোট ১৩টি রুটে লঞ্চ ছেড়ে গেছে।নৌ-ধর্মঘট নিরসনের লক্ষ্যে আজ শনিবার বিকেল চারটার দিকে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব আবদুল মান্নান হাওলাদারের লঞ্চমালিক সমিতির নেতাদের সঙ্গে আলোচনায় বসার কথা।নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান জানিয়েছেন, কেউ যদি ইচ্ছে করে, তবে তাঁরা লঞ্চ চালাতে পারেন। এ ক্ষেত্রে কেউ বাধা দিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার পরিচালক (বন্দর ও পরিবহন) মো. মাহবুবুল আলম জানান, ধর্মঘট উপেক্ষা করে কিছু লঞ্চ চলাচল করছে।নৌপরিবহনমন্ত্রী অভিযোগ করেন, গতকাল দুপুর ১২টার দিকে নৌযান শ্রমিক ফেডারেশনের কর্মীরা ধর্মঘটের সমর্থনে জাহাজি শ্রমিক লীগের সদরঘাট কার্যালয়ে ভাঙচুর চালান। এ সময় তাঁরা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করেন।তবে জাহাজি শ্রমিক লীগের প্রচার সম্পাদক জাকির হোসেন অভিযোগ করেছেন, নৌযান শ্রমিক ফেডারেশনের কর্মীরা তাঁদের ৫০ হাজার ৫০০ টাকা, টেলিভিশনসহ অনেক জিনিস লুটপাট করে নিয়ে গেছেন।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন খান জানান, এ ব্যাপারে জাহাজি শ্রমিক লীগের পক্ষ থেকে ২৫ জনের নাম উল্লেখ করে ১২৫ জনের নামে একটি মামলা করা হয়েছে। তিনি বলেন, নৌযান শ্রমিক ফেডারেশনের সহসভাপতি দীন মোহাম্মদ, মাস্টার মোফাজ্জলসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য ব্যক্তিরা গা ঢাকা দিয়েছেন।নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলমসহ কয়েকজনের মোবাইল ফোনসেট বন্ধ থাকায় চেষ্টা করেও তাঁদের সঙ্গে যোগাযোগ করা যায়নি।ফেডারেশন সূত্রে জানা যায়, সরকারের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী গত ৩০ এপ্রিলের মধ্যে বেতন-কাঠামো পুনর্নির্ধারণসহ তাদের দাবি মেনে নেওয়ার কথা ছিল। কিন্তু তাদের দাবি না মানায় শ্রমিকেরা গতকাল সকালে সদরঘাট ২ নম্বর লঞ্চঘাটে একটি মিছিল বের করে।এ সময় পুলিশ ও সন্ত্রাসীরা গিয়ে ফেডারেশনের কর্মীদের লাঠিপেটা করে। এতে গুরুতর আহত হন বেলাল, সেলিম, আবুল হাশেম, আকবরসহ কয়েকজন লঞ্চ মাস্টার। তাঁদের মধ্যে আকবরকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান প্রথম আলোকে বলেন, শ্রমিকদের বেতন ৫০-৯০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এখন শ্রমিকদের এ ধর্মঘট অনৈতিক।নৌযানের সঙ্গে যুক্ত সব শ্রমিক-কর্মচারীর বেতন-ভাতা বৃদ্ধি, নতুন বেতন-কাঠামো ঘোষণা, নৌপথে ডাকাতি বন্ধসহ নৌ-নিরাপত্তা বৃদ্ধি করা, মাস্টার-চালকদের সনদের মেয়াদীকরণ, মেরিন আইনের সঠিক বাস্তবায়ন, নদীর দখল ও দূষণ বন্ধ করাসহ ২২ দফা দাবিতে গত ১৫ থেকে ১৮ মার্চ ধর্মঘট পালন করা হয়।