আই কে গুজরালের অন্ত্যেষ্টি সম্পন্ন
ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দর কুমার গুজরালকে আজ শনিবার রাজধানী নয়াদিল্লিতে রাষ্ট্রীয় মর্যাদায় দাহ করা হয়েছে।যমুনার তীরে স্মৃতি স্থলে প্রার্থনা এবং একুশবার তোপধ্বনির মধ্যে গুজরালের শব দাহ করা হয়েছে বলে এনডিটিভির খবরে নিশ্চিত করা হয়েছে।শেষকৃত্যানুষ্ঠানে উপস্থিত ছিলেন গুজরালের দুই ছেলে এবং নাতি। গুজরালের ছেলে নরেশ গুজরাল একজন পার্লামেন্ট সদস্য এবং আকালি দলের প্রভাবশালী নেতা। শবদাহ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, প্রধানমন্ত্রী মনমোহন সিং, উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারি, কংগ্রেস পার্টির প্রধান সোনিয়া গান্ধি, প্রতিরক্ষা মন্ত্রী এ কে অ্যান্টনি, স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধ এবং ভারতীয় জনতা দলের নেতা এল কে আদভানি এবং অরুণ জেটলি।গুজরালের ৫ নম্বর জনপদের বাসা থেকে তাঁর শব জাতীয় পতাকায় মুড়ে একটি টানা গাড়িতে করে স্মৃতি স্থলে নিয়ে যাওয়া হয়। সে সময় সামরিক বাহিনীর সদস্যরা এবং গুজরালের পরিবারের লোকজন শবের সাথে ছিলেন।গুজরাল দিল্লির গুরগাঁওয়ে গত শুক্রবার মারা যান। আসছে ৪ ডিসেম্বরে তাঁর বয়স হওয়ার কথা ছিল ৯৩ বছর। গত প্রায় এক বছর ধরে তাঁর ডায়ালাইসিস চলছিল। গত ১৯ নভেম্বর ফুসফুসে সংক্রমণ ধরা পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। নব্বইয়ের দশকে ভারতের রাজনৈতিক পরিস্থিতি যখন ভীষণ গোলযোগপূর্ণ, তখন গুজরালের নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতায় বসে। তাঁর বিভিন্ন উদ্যোগের কারণে দেশটি সংকট থেকে বেরিয়ে আসে। তাঁর রাজনৈতিক কৌশল ‘গুজরাল ড্রকটিন’ বা ‘গুজরালের কৌশল’ হিসেবে পরিচিত। তিনি তাঁর কৌশলে প্রতিবেশী দেশগুলোর সাথে সদ্ভাব তৈরি ওপরে জোর দেন। এছাড়া তিনি পাকিস্তানের সাথে সংলাপ শুরুর উদ্যোগ নেন।প্রধানমন্ত্রী হওয়ার আগে তিনি দু দফায় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।