আইইবির নির্বাচনে ভোট গ্রহণ শুরু
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) নির্বাচনে আজ সোমবার ভোট গ্রহণ শুরু হয়েছে। ঢাকাসহ সারা দেশে ১৬টি কেন্দ্র ও ৩৫টি উপকেন্দ্রে সকাল নয়টায় ভোট গ্রহণ শুরু হয়। বিকেল পাঁচটা পর্যন্ত তা চলবে।নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আইইবির সাবেক ভাইস প্রেসিডেন্ট ও সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক শিক্ষক মো. শামীম জেড বসুনিয়া। বর্তমানে আইইবির সদস্যসংখ্যা ৪০ হাজার। কিন্তু ভোটার প্রায় ১৯ হাজার। দুই বছর পর পর এই প্রতিষ্ঠানের নির্বাহী ও কাউন্সিল সদস্য কমিটির নির্বাচন হয়।সাধারণ সম্পাদক পদে আওয়ামী প্যানেল থেকে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. নূরুজ্জামান ও বিরোধী প্যানেল থেকে প্রকৌশলী মিয়া মোহাম্মদ কাইয়ুম প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংশোধনী: দৈনিক প্রথম আলোর আজকের ছাপা সংস্করণে রাজধানী পাতায় (পৃষ্ঠা ৭) ‘আজ আইইবির নির্বাচন’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সেখানে বলা হয়েছে, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক শিক্ষক মো. শামীম জেড বসুনিয়া। এটি ঠিক নয়। অনাকাঙ্ক্ষিত এ ভুলের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।— বার্তা সম্পাদক