আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার
‘আইএফআইসি ব্যাংক—সৃজনশীল সাহিত্যর সহযাত্রী’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আইএফআইসি ব্যাংক লিমিটেড বাংলা ভাষা ও সাহিত্যের সমসাময়িক জীবিত লেখকদের সৃজন-প্রতিভাকে স্বীকৃতি দিতে ‘আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার’ প্রবর্তন করেছে। গত শনিবার হোটেল পূর্বাণীতে এক সংবাদ সম্মেলন এই পুরস্কারের ঘোষণা দেন আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্যদের চেয়ারম্যান সালমান এফ রহমান। তিনি পুরস্কারের বিভিন্ন দিক তুলে ধরেন ও বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় ব্যাংকের নির্বাহী কমিটির মোহাম্মদ লুৎফর রহমান, পরিচালনা পর্যদের সদস্য মোহাম্মদ আলী খান, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ উপস্থিত ছিলেন। পুরস্কারের বিভিন্ন দিক তুলে ধরে সংবাদ সম্মেলনে জানানো হয় যে উপন্যাস, ছোটগল্প, প্রবন্ধ-সাহিত্য, কবিতা, ভ্রমণকাহিনি, আত্মজীবনী, অনুবাদ-সাহিত্য—এই সাতটি শাখায় একটি নির্দিষ্ট বছরে প্রকাশিত বইয়ের জন্য এই পুরস্কার দেওয়া হবে। সব শাখা মিলে সেরা দুটি বইয়ের জন্য প্রতিবছর দুজন সাহিত্যিক এই পুরস্কার পাবেন। প্রতিটি পুরস্কারের মূল্যমান হবে পাঁচ লাখ টাকা।এ বছর থেকে ‘আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার ২০১১’ দেওয়া শুরু হবে এবং প্রতিবছর তা অব্যাহত থাকবে। সাহিত্য পুরস্কার ২০১১-এর জন্য বিগত ১ জানুয়ারি ২০১১ থেকে ৩১ ডিসেম্বর ২০১১ সময়ের মধ্যে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংস্করণের বই বিবেচিত হবে। আগ্রহী লেখক, প্রকাশক, পাঠক একাধিক শাখার জন্য বই জমা দিতে পারবেন। শাখাপ্রতি পাঁচ কপি বই ব্যবস্থাপনা পরিচালক, আইএফআইসি ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয়, বিডিবিএল ভবন (২০ তলা), ৮ রাজউক এভিনিউ, ঢাকা-১০০০ বরাবর ৩১ জানুয়ারির মধ্যে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।