আইএমএফ প্রধান ক্লিস্তিন লাগার্দের সামনে অনেক চ্যালেঞ্জ
ফ্রান্সের অর্থমন্ত্রী ক্লিস্তিন লাগার্দ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন ব্যবস্থাপনা পরিচালক হয়েছেন। গতকাল মঙ্গলবার ওয়াশিংটনে সংস্থাটির নতুন প্রধান হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়।বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আগামী ৫ জুলাই পাঁচ বছরের জন্য তিনি প্রতিষ্ঠানটির দায়িত্ব নেবেন। আইএমএফের ইতিহাসে তিনিই হলেন প্রথম নারীপ্রধান।ক্লিস্তিন লাগার্দ একজন ভালো মধ্যস্থতাকারী হিসেবে পরিচিত। অর্থমন্ত্রী হয়ে তিনি ফ্রান্সের অর্থনীতিকে একটা সুদৃঢ় অবস্থানে এনেছেন। তবে ফ্রান্সে তাঁর বিরুদ্ধে একটি অমীমাংসিত মামলা আছে। আগামী ৮ জুলাই মামলাটির রায় হবে। লাগার্দ একে বিশেষ গুরুত্ব দিচ্ছেন না।বিশ্লেষকেরা মনে করছেন, আইএমএফের নতুন প্রধান ক্লিস্তিন লাগার্দকে বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। এর মধ্যে রয়েছে, সংস্থাটির ভাবমূর্তি উদ্ধার ও গ্রিসের বর্তমান সংকট মোকাবিলা।আইএমএফের প্রধান হিসেবে নাম ঘোষণার পরপরই গতকাল তিনি গ্রিসকে দ্রুত ব্যয়সংকোচন নীতি অনুমোদন করার চাপ দিয়েছেন। তিনি জানিয়েছেন, ভবিষ্যতে দেশটির ঋণপ্রাপ্তি এর ওপরই নির্ভর করছে। লাগার্দ বলেন, ‘গ্রিসের প্রতি আমার যদি কোনো বার্তা থাকে তা হলো, জাতীয় স্বার্থে দেশটির বিরোধী দলের উচিত সংকোচন নীতিতে ক্ষমতাসীনদের সমর্থন করা।’ গ্রিসে সরকারের ব্যয়সংকোচন পরিকল্পনার প্রতিবাদে গতকাল মঙ্গলবার ৪৮ ঘণ্টার সাধারণ ধর্মঘট শুরু হয়েছে। এরই মধ্যে প্রস্তাবিত ব্যয়সংকোচন প্যাকেজের ওপর পার্লামেন্টে ভোটাভুটির প্রস্তুতি নেওয়া হয়েছে।গ্রিসের প্রধানমন্ত্রী জর্জ পাপানদ্রু গত সোমবার বলেন, দুই হাজার ৮০০ কোটি ইউরোর ব্যয়সংকোচন প্যাকেজ পাস হলেই কেবল গ্রিস আবারও নিজের পায়ে দাঁড়াতে পারবে।সরকার যদি ভোটাভুটিতে হেরে যায়, তাহলে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এক হাজার ২০০ কোটি ইউরোর ঋণ স্থগিত করে দিতে পারে।