আইএমএফ-প্রধান পদত্যাগ করলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌন নির্যাতনের অভিযোগের মুখে গতকাল বৃহস্পতিবার পদত্যাগ করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান দমিনিক স্ত্রস কান। তবে তিনি দাবি করেছেন, তিনি নির্দোষ এবং তা প্রমাণ করবেন।বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠানের চাপের মুখে পদত্যাগ করেন কান। এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমি অত্যন্ত দুঃখের সঙ্গে পদত্যাগ করেছি। আমি এই প্রতিষ্ঠানকে (আইএমএফ) রক্ষা করতে চাই, যেখানে আমি নিবেদিতভাবে এবং সম্মানের সঙ্গে কাজ করেছি। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হচ্ছে, তা আমি অস্বীকার করছি। আমি যে নির্দোষ, তা প্রমাণ করতে আমার সর্বশক্তি প্রয়োগ করব।’ এ সময় কান তাঁর স্ত্রী মার্কিন বংশোদ্ভূত সাংবাদিক অ্যানি সিনক্লেয়ারের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘আমি আমার সবকিছুর থেকে তাঁকে বেশি ভালোবাসি।’নিউইয়র্কের একটি হোটেলের এক নারী কর্মীকে যৌন নির্যাতনের অভিযোগে ১৪ মে জন এফ কেনেডি বিমানবন্দর থেকে কানকে গ্রেপ্তার করে পুলিশ। পরে জামিনের আবেদন নাকচ করে তাঁকে নিউইয়র্কের রাইকার্স দ্বীপের একটি কারাগারে পাঠিয়ে দেন আদালত।কানের জামিনের জন্য মার্কিন আদালতে নতুন করে আবেদন করেছেন তাঁর আইনজীবীরা। গতকাল বৃহস্পতিবার এ বিষয়ে শুনানি হওয়ার কথা ছিল। জামিন আবেদনে আইনজীবীরা বলেছেন, কানের যুক্তরাষ্ট্র ছেড়ে যাওয়ার কোনো ঝুঁকি নেই। কেননা, এখানে তাঁর সম্পত্তি ও পারিবারিক সম্পর্ক আছে। ওয়াশিংটন ডিসিতে কানের ৪০ লাখ ডলার মূল্যের একটি বাড়ি আছে। তাঁর এক মেয়ে থাকেন নিউইয়র্কে, আর স্ত্রী সিনক্লেয়ার বর্তমানে মার্কিন রাজনীতিবীদদের জীবনী নিয়ে একটি বই লিখছেন। তার পরও তিনি জামিনের জন্য ১০ লাখ ডলার জমা দিতে রাজি আছেন। আর জামিন পাওয়ার পর মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি ম্যানহাটনের একটি বাড়িতেই থাকবেন।কানের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন হোটেলের যে নারী কর্মী, তিনি আদালতে বিচারকের সামনে হাজির হয়ে ঘটনার বর্ণনা দিয়েছেন। তিনি বলেছেন, গত শনিবার কান হোটেলে নিজের কক্ষে তাঁকে ধর্ষণ করার চেষ্টা করেন। তবে এ বিষয়ে আর কিছু বিস্তারিত জানাতে চাননি ওই নারী কর্মীর আইনজীবী। তিনি জানান, আদালতে বিচারের সময় ফরেনসিক তথ্য-প্রমাণ হাজির করা হবে।মার্কিন গণমাধ্যম জানিয়েছে, ওই হোটেলের কক্ষ থেকে ধর্ষণ চেষ্টার বিভিন্ন আলামত সংগ্রহ করেছে পুলিশ। এখন সেগুলো গবেষণাগারে পরীক্ষা করা হচ্ছে।ফ্রান্সে ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট নিকোলা সারকোজির অন্যতম প্রতিদ্বন্দ্বী ভাবা হচ্ছে কানকে। তাঁর সমর্থকেরা মনে করেন, তিনি ষড়যন্ত্রের শিকার। জরিপে দেখা গেছে, ফ্রান্সের ৫৭ শতাংশ মানুষ মনে করে, কানের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। কানের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রকে চাপ দেওয়ার জন্য প্রেসিডেন্ট সারকোজির প্রতি গতকাল আহ্বান জানিয়েছে স্ত্রস কানের সোস্যালিস্ট পার্টি।আইএমএফের বিবৃতি: গতকাল এক বিবৃতিতে আইএমএফ বলেছে, ‘প্রতিষ্ঠানের নতুন ব্যবস্থাপনা পরিচালক নির্বাচনের অগ্রগতি সম্পর্কে শিগগির নির্বাহী পরিষদের সঙ্গে যোগাযোগ করা হবে। এ সময় পর্যন্ত ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন জন লিপস্কি।’জার্মানি ইতিমধ্যে কানের পদত্যাগকে স্বাগত জানিয়ে বলেছে, এর ফলে আইএমএফে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে।এদিকে কানের পদত্যাগের পর আইএমএফের পরবর্তী প্রধান ইউরোপীয় কোনো দেশ, নাকি উন্নয়নশীল কোনো দেশ থেকে নির্বাচন করা হবে, তা নিয়ে বিতর্ক আরও জমে উঠেছে। জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল ও ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট হোসে ম্যানুয়েল বারোসো বলেছেন, আইএমএফের পরবর্তী প্রধান ইউরোপীয় কোনো দেশ থেকেই হওয়া প্রয়োজন। তবে উন্নয়নশীল বিভিন্ন দেশ দাবি করেছে, এবার তাদের দেশ থেকে আইএমএফের প্রধান নির্বাচিত হওয়া উচিত। এএফপি, রয়টার্স।