আইএমএফ প্রধানের পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌন নির্যাতনের অভিযোগে নিউইয়র্কে গ্রেপ্তার হওয়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান দমিনিক স্ত্রস কান পদত্যাগ করেছেন। সংস্থাটির এক বিবৃতিতে গতকাল বুধবার এ কথা জানানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।তবে কান পদত্যাগপত্রে তাঁর বিরুদ্ধে আনা যৌন নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন। এক নারী হোটেলকর্মীকে যৌন নির্যাতনের অভিযোগে গত শনিবার আইএমএফের প্রধানকে গ্রেপ্তার করে নিউইয়র্ক পুলিশ। গত সোমবার নিউইয়র্কের আদালত কানের জামিন আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠান। বর্তমানে কান নিউইয়র্কের রেকার্স দ্বীপের কারাগারে আটক আছেন। তাঁকে কড়া নিরাপত্তায় পর্যবেক্ষণ করা হচ্ছে।কানের আইনজীবী বেঞ্জামিন ব্রাফম্যান বলেছেন, তাঁরা নতুন করে কানের জামিন আবেদন করবেন। আজ বৃহস্পতিবার সকালে নিউইয়র্কের সুপ্রিম কোর্টে এ বিষয়ে শুনানি হওয়ার কথা। কানের আইনজীবীরা জানিয়েছেন, তাঁরা ১০ লাখ ডলারের বিনিময়ে কানের জামিন প্রার্থনা করবেন। এ ছাড়া জামিনে থাকা অবস্থায় কানকে ইলেকট্রনিক ট্যাগ দেওয়া, পাসপোর্ট হস্তান্তর ও কড়া নজরদারির প্রস্তাব দেবেন।