আইএমএফের ঋণের শর্ত নেতিবাচক প্রভাব ফেলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বর্ধিত ঋণসুবিধা (ইসিএফ) কর্মসূচির আওতায় বাংলাদেশ সরকার ১০০ কোটি ডলার ঋণ গ্রহণের জন্য আলোচনা করছে। তবে এই ঋণ পেতে হলে কতগুলো শর্ত পরিপালন করতে হবে।কিন্তু এসব শর্ত পরিপালনের ফলে মূল্যস্ফীতি, লেনদেনের ভারসাম্য, বিনিয়োগ, সঞ্চয়, সর্বোপরি অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছে বেসরকারি গবেষণা সংস্থা উন্নয়ন অন্বেষণ।সংস্থাটির মাসিক অর্থনৈতিক পর্যালোচনা প্রতিবেদনে এই আশঙ্কা প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে, আইএমএফের ঋণের জন্য আরোপিত শর্তগুলোর মধ্যে সংকোচনমূলক মুদ্রানীতি, বাণিজ্য উন্মুক্তকরণ, বৈদেশিক মুদ্রার বিনিময় হার নিয়ন্ত্রণে সরকারি হস্তক্ষেপের অনুপস্থিতি, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের বেসরকারিকরণ, আয়কর, মূল সংযোজন করের বর্ধিত হার প্রভৃতি রয়েছে।এতে বলা হয়েছে, এই মধ্যে আইএমএফের শর্ত মেনে ঋণের সুদের হারের সর্বোচ্চ সীমা তুলে দেওয়ায় সুদের হার বাড়তে থাকবে। গবেষণায় দেখা গেছে, সুদের হার বৃদ্ধির কারণে বাংলাদেশের বিনিয়োগ উল্লেখ্যযোগ্য হারে কমে যেতে পারে।গবেষণা প্রতিষ্ঠানটির মতে, বাংলাদেশ আমদানিনির্ভর দেশ হওয়ায় অধিক হারে বাণিজ্য উন্মুক্তকরণ দেশের সার্বিক আমদানি ব্যয় রপ্তানি আয়ের চেয়ে অনেক বেশি হবে, ফলে বৃদ্ধি পাবে বাণিজ্যঘাটতি। গবেষণায় দেখা গেছে, ২০০৩ সাল থেকে আইএমএফের পরামর্শমতে, বাণিজ্য অধিক হারে উন্মুক্তকরণের ফলে বাংলাদেশের বাণিজ্যঘাটতি বৃদ্ধি পাচ্ছে।উন্নয়ন অন্বেষণের মতে, বাণিজ্য অধিক হারে উন্মুক্তকরণের ফলে বিদেশি পণ্য খুব সহজেই দেশীয় বাজারে প্রবেশ করবে ফলে দেশীয় পণ্য ভারতীয় বা চীনের অধিক ভর্তুকিকৃত পণ্যের সঙ্গে প্রতিযোগিতার ফলে বাজার হারাতে পারে, যা দেশীয় শিল্পকারখানার জন্য হুমকিস্বরূপ।আবার বাজারভিত্তিক বিনিময়ের হার নির্ধারণ পদ্ধতি দেশীয় মুদ্রার দরের অবমূল্যায়ন ঘটাবে, যা বাংলাদেশের সার্বিক মূল্যস্ফীতি, বাণিজ্য ভারসাম্য ও লেনদেনের ভারসাম্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।