বন্যা-পরবর্তী পুনর্বাসন ও ত্রাণ তৎপরতার জন্য আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) কাছ থেকে ১১০০ কোটি মার্কিন ডলারের ঋণ সহযোগিতা চেয়েছে পাকিস্তান। আইএমএফের পাকিস্তান পরিচালক মাসুদ আহমেদের বরাত দিয়ে বিবিসি অনলাইন জানিয়েছে, গতকাল পাকিস্তানের কর্মকর্তারা আইএমএফের কর্মকর্তাদের সঙ্গে ঋণ সহযোগিতার বিষয়ে এক বৈঠকে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। এদিকে আইএমএফ প্রক্রিয়াগত জটিলতা এড়িয়ে পাকিস্তানের এই কঠিন সময়ে দ্রুত অর্থ ছাড় করার ব্যাপারে পাকিস্তানি কর্মকর্তাদের আশ্বাস দিয়েছেন।এর আগে পাকিস্তানের বন্যার ফলশ্রুতিতে সেখানে মানবিক বিপর্যয়ের আশঙ্কা করে বিবৃতি দিয়েছে জাতিসংঘ।জাতিসংঘ আরও জানিয়েছে, পাকিস্তানে ত্রাণ তত্পরতার জন্য প্রয়োজনীয় অর্থের প্রায় ৭০ ভাগের সংস্থান জাতিসংঘ করলেও দেশটির বন্যাদুর্গত অনেক মানুষ এখনো ত্রাণ সহায়তা পায়নি।বিভিন্ন মাধ্যমে পাকিস্তান সরকার ত্রাণ ও পুনর্বাসন কাজের জন্য আরও ২ কোটি ৯০ লাখ ডলার তহবিল সংগ্রহ করেছে। তবে আন্তর্জাতিক সাহায্য আসার হার খুব ধীর গতির হওয়ার কারণে সার্বিক ত্রাণ কার্যক্রমে এর প্রভাব পড়েছে।এদিকে পাকিস্তানের সিন্ধু প্রদেশের প্রাদেশিক কর্মকর্তারা জানিয়েছেন, সিন্ধুতে বন্যাদুর্গত হওয়ার কারণে শতকরা ৮০ ভাগ মানুষই নিজেদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে গিয়েছে।বন্যার আগ থেকেই পাকিস্তানের অর্থনীতি নানাবিধ চ্যালেঞ্জের সম্মুখীন হওয়ায় অনেক আগে থেকেই ঋণ সহযোগিতার ব্যাপারে পাকিস্তান সরকারের আইএমএফের সঙ্গে আলোচনা চলে আসছিল। বন্যা দেশটির অর্থনীতিকে আরও কঠিন সময়ে ঠেলে দেওয়ায় পাকিস্তানের সামনে এই মুহূর্তে আইএমএফের কাছ থেকে ঋণ সুবিধা নেওয়ার আর কোনো বিকল্প রইল না। বন্যার কারণে ইতিমধ্যেই দেশটির প্রায় এক লাখ ৭০ হাজার হেক্টর জমির আবাদি ফসল নষ্ট হয়েছে। আগামী বুধবার পাকিস্তানের অর্থমন্ত্রী আবদুল হাফিজ শেখ আইএমএফের কর্মকর্তাদের সঙ্গে ঋণ সহযোগিতা বিষয়ে আলোচনায় বসতে যাচ্ছেন।এর আগে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বলেছেন, বন্যার কারণে পাকিস্তানের অর্থনীতি দারুণ সংকটের সম্মুখীন। তিনি আরও বলেন, বর্তমান অর্থনৈতিক সংকট থেকে বেরিয়ে আসতে পাকিস্তানের তিন থেকে চার বছর সময় লেগে যেতে পারে। প্রেসিডেন্ট জারদারি জানিয়েছেন, বন্যা-পরবর্তী পুনর্বাসন ও অর্থনৈতিক অচলবস্থা কাটাতে পাকিস্তানের প্রায় এক হাজার ৫০০ কোটি মার্কিন ডলারের তহবিল প্রয়োজন।